জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লা -২ (হোমনা-তিতাস ) সংসদীয় আসন পুনর্বহাল করায় কয়েক শতাধিক গাড়ী বহর নিয়ে শোডাউন করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।
শনিবার সকাল সাড়ে ১০টায় গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে গাড়ী বহর নিয়ে হোমনা উপজেলায় রওনা করেন। গাড়ী বহরের আগে শতাধিক মোটরসাইকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের দেখা গেলেও তিতাস ও হোমনা উপজেলা বিএনপির কোন নেতাকে শোডাউনে দেখা যায়নি।
শোভাযাত্রাটি গৌরীপুর -হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনা সদরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।
এদিকে শোডাউন নিয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম বলেন, গাড়ী এবং মোটরসাইকেল নিয়ে করা শোডাউনের সাথে তিতাস উপজেলা বিএনপির কোন সম্পৃক্ততা নেই। আর এপিএস মতিন সাহেবের বিএনপিতে কোন সদস্য পদ নেই। উনার নেতৃত্বে করা আজকের শোডাউনে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের লোকজন, জাতীয় পার্টির এবং বিএনপির পদবঞ্চিত বহিস্কৃত লোকজন অংশগ্রহণ করেছেন।
ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ২৪ সালে আমি- ডামি নির্বাচনে আমাদের তিতাস উপজেলাকে দাউদকান্দির সাথে অন্তর্ভুক্ত করে। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন আসন পুনঃবিন্যাস করে হোমনার সাথে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে কুমিল্লা -২ নির্বাচনী আসন ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে দলীয় লোকজনের সাথে তিতাস হোমনার সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন।
শোডাউনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন অংশগ্রহণ করা প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পুর্ন মিথ্যা অভিযোগ, আমি আগেই বলেছি আমরা শুকরিয়া আদায় করতে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে দলীয় লোকজনের সাথে তিতাস হোমনার সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন। আমি তিতাস-হোমনার পক্ষে থেকে আজ আনন্দ মিছিল করেছি, যারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো তারা কান্না মিছিল করতে পারে !