Tag Archives: লালমনিরহাট

প্রবল পানির চাপে খোলা হলো তিস্তা ব্যারাজের ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ শুরু করেছে। চরের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।

তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর ও গোকুণ্ডা এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা পাড়ে রেড এলার্ট শুনে তিস্তা চরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। অনেকে বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে মানুষকে সচেতন করতে বলেছি। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।

‘বিড়াল মাছ খেয়েছে বলে’ স্ত্রীকে মেরে হাসপাতালে

 

ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় বিড়াল খেয়েছে বলে স্ত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই স্ত্রী বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় আহত স্ত্রী সেলিনা বেগম (২৫) বাদী হয়ে স্বামী আব্দুস কুদ্দুস শাওনকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দবিয়ার রহমানের ছেলে। আহত সেলিনা বেগম একই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নুর ইসলামের মেয়ে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর আগে এক লাখ টাকা যৌতুক ধার্য করে সেলিনা বেগমের বিয়ে হয় আব্দুস কুদ্দুস শাওনের সঙ্গে। এরপর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে পুত্রসন্তান। চার বছর বয়সের পুত্রসন্তান ও স্বামীকে নিয়ে ভালোই চলছিল সংসার। এরই মাঝে হঠাৎ শাওন আবারো সেলিনাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন। সেলিনা এতে অপারগতা প্রকাশ করলে তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।

শুক্রবার দুপুরে সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন শাওন। এতেও রাজি না হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সেলিনার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার চুলের মুটি ধরে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে স্থানীয়রা সেলিনাকে আহত অবস্থায় বাড়ি বাইরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন দাবি করেন, যৌতুকের কারণে তাকে মারধর করা হয়নি। ঘরে থাকা মাছ বিড়াল খেয়েছে বলে তাকে মারধর করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত সেলিনা বেগম বলেন, ‘বিয়ের সময় বাবা এক লাখ টাকা যৌতুক দেন। এরপরও ও আমাকে কারণে-অকারণে প্রায় মারধর করে। এখন আবারো এক লাখ টাকা আনতে বলে। আমি দিতে রাজি না হলে আমাকে মারধর করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই গৃহবধূর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।