Tag Archives: জেলা প্রশাসক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন মিত্র, সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু প্রমুখ।

কুমিল্লায় তারুণ্যের উচ্ছ্বাসে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন

 

হাবিবুর রহমান মুন্না:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লার স্কুল পর্যায়ে বালকদের কাবাডি ও ভলিবল এবং বালক বালিকাদের ব্যাডমিন্টন ( দ্বৈত)ও দাবা (একক)  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালক গ্রুপের কাবাডি খেলায় কুমিল্লা জিলা স্কুল ৪১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ও কুমিল্লা কালেক্টরেট  স্কুল এন্ড কলেজ ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। এদিকে ভলিবল খেলায় কুমিল্লা ইউসুফ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিমপুর উচ্চ বিদ্যালয়।

অপরদিকে,ব্যাডমিন্টন বালকদের (দ্বৈত) খেলায় হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সিয়াম শিকদার ও শান্ত ইসলাম জুটিকে হারিয়ে কুমিল্লা জিলা স্কুলের কাইফ ও সাজ্জাত জুটি চ্যাম্পিয়ন হয় ও ব্যাডমিন্টন বালিকাদের (দ্বৈত) খেলায় শৈলরানি স্কুলের নিশাত ও আমেনা জুটিকে হারিয়ে নবাব ফয়জুনেচ্ছা স্কুলের মারজানা ও আদিবা জুটি চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও, দাবা (একক) খেলায় বালকদের কুমিল্লা কালেক্টরেট  স্কুল এন্ড কলেজের কাজী ফাতিন নূরকে হারিয়ে ময়নামতি স্কুল এন্ড কলেজের ফাহাদ বিন আবু আহসান চ্যাম্পিয়ন হয়। অপরদিকে  বালিকাদের খেলায় নবাব ফয়জুন্নেছা স্কুলের জুনাইনাহ ইকবালকে হারিয়ে নবাব ফয়জুন্নেছা স্কুলের ফাতিন নাওয়ার অথৈ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসন মো.আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর, জেলা ফুটবল কোচ তুহিন প্রমূখ।

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

মাদরাসা শিক্ষায় আধুনিক করতে চাই : চাঁদপুর জেলা প্রশাসক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মাদ্রাসাগুলোতে কম্পিউটার ল্যাব প্রয়োজন হলে আবেদন করলে আমরা সুপারিশ করে আইসিটি মন্ত্রণালয়ে পাঠাবো। আমরা গুনগত শিক্ষা নিশ্চিত করতে চাই। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ঠিক তো সব ঠিক। তাই প্রধানকে যথাসময়ে প্রতিষ্ঠানে যেতে হবে। একজন শিক্ষক কোথায় থাকে, তা দেখার বিষয় না। সে শিক্ষক, প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। কোন শিক্ষক অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদরাসা শিক্ষা আধুনিক করতে চাই আমরা। আইন অনুযায়ী যদি কেউ প্রতিষ্ঠানে না আসে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। কোন বিধি অনুযায়ী সকল ক্রাইটেরিয়া পূরন করলে তাকে স্থায়ী করে নিতে পারেন। কোন শিক্ষককে তখনই পদোন্নতি দেওয়া হবে, যখন একজন আদর্শ শিক্ষক হবে, তার পারফরমেন্স ভালো হবে। প্রধানদের ক্লাস মনিটরিং করতে হবে।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর শহর ও সদরের ৩টি কামিল এবং ৭টি ফাযিল মাদরাসার এডহক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শিক্ষকরা আগমন- প্রস্থান নিশ্চিত করবেন। এক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন প্রধানগণ। মাদরাসায় শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। ক্লাসগুলো নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা এনটিআরসিএর শূন্য পদের চাহিদা দিবেন। বিশ্ববিদ্যালয় যদি পদ সৃষ্টি করে থাকে এবং মন্ত্রণালয় অনুমোদন দিলে আপনারা নিয়োগ দিবেন। আপনারা যারা এডহক কমিটির সদস্য আছেন আপনারা কিন্তু প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের কোয়ালিটিপূর্ণ পড়াশুনা হারিয়ে যাচ্ছে। শিক্ষকরা কঠোর হলে ছাত্ররা পড়াশুনায় থাকতে বাধ্য হবে। আপনারা প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের হাজিরা নিবেন। শিক্ষক যদি ঠিক থাকে, তাহলে অভিভাবকরা খুশি হবে। সর্বোপরি পাঠদান নিশ্চিত করবেন।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, শাহতলী কামিল মাদরাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় মাদরাসার পক্ষ থেকে অংশ নিয়ে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, ওসমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দাসাদী ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকী, চাঁদপুর আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দিন, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বাগাদী আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ খান, গাজীপুর হরিপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবি মোস্তফা হামিদী, মান্দারী ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, চাঁদপুর আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাগাদী আহম্মাদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ.কে.এম নেয়ামত উল্লাহ, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক মাওলানা মাহফুজ উল্লাহ খান, গাজীপুর হরিপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাতা সদস্য মোজাম্মেল, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আবু জাফর, ওসমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য নাজমুল শাহাদাত, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য বিলাল হোসাইন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা।

জেলা প্রশাসক নিয়োগে ঘুস

জেলা প্রশাসক নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

জেলা প্রশাসক নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং বিতর্কিত যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে তারা এই দাবি তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে; তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তী সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কুকর্মকে কখনই মেনে নিতে পারি না।

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জানায়, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করছি।

প্রসঙ্গ, একটি জাতীয় পত্রিকায় আজ প্রকাশিত এক সংবাদ দাবি করা হয়, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর পরই আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

উপজেলা নির্বাচনে কোনো রাজনৈতিক ’ফ্লেভার’ নেই: ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয়। কারণ বর্তমান সরকার দলীয় রাজনৈতিক দল স্থানীয় সরাকর নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছে। কাজেই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক কোনো ‘ফ্লেভার’ নেই।

তারপরও যাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারেন, সেটার অপশনও রাখা হয়েছে, অর্থাৎ ভোট ফ্লেক্সিবল করা হয়েছে। ইচ্ছে করলে স্বাধীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন; রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। আবার চাইলে অনেকে রাজনৈতিক পরিচয়েও নির্বাচন করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে হরিরামপুর ও সিংগাইর উপজেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের অনেক সমর্থক-প্রার্থী আনঅফিশিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং এটা বলার সুযোগ নেই যে, নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না।’

ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং কোনোমতেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। অন্যায়ভাবে কেউ যাতে কোনো প্রার্থীকে প্রচারে ও ভোটদানে বাধা দিতে না পারে। সবাই যাতে সমানভাবে নির্বাচনে প্রচার-প্রচারণা করতে পারে এবং ভোটরা যাতে স্বাধীনভাবে তার ভোট দিতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে।’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কার কোন আত্মীয় অংশ নিল বা কে অংশ নিল না- সেটা আমাদের বিষয় নয়; সেটা রাজনৈতিক দলের রাজনৈতিক বিষয়, কিন্তু আমাদের নির্বাচনী আইনে যদি কোনো ব্যক্তি ওই এলাকার ভোটার হয় এবং তার বিরুদ্ধে যদি কোনো আইনী ঝামেলা না থাকে তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। আমাদের আইনে আত্মীয়তার সঙ্গে কোনো সর্ম্পক নেই।’

এ সময় জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার সুজন সরকার ও জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন

নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না : কুমিল্লা জেলা প্রশাসক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

নির্বাচনে প্রচারণা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পোলিং এজেন্টদের প্রশিক্ষন দিয়ে কেন্দ্রে পাঠানোও একজন প্রার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন যে কোন সমস্যা এবং সমাধান একমাত্র এজেন্টরাই করতে পারেন।

শনিবার(৩০ডিসেম্বর) বিকাল ৫টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি পোলিং এজেন্টদের প্রশিক্ষন শেষে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান একথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন আমরা কাউকে চিনি না, আর আমাদের কোন কর্মকর্তা বা কর্মচারী কোন রকমের অনিয়মে জড়িত হলে তার প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ আমাদের প্রতিপক্ষ না, আপনারা পোলিং এজেন্টরা আর আমাদের আরেক হাত হলো কর্মকর্তা ও কর্মচারীরা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান(বিপিএম) বলেন, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আমাদের চোখ উল্টে ফেলেছি। কারো সাথে সম্পর্ক থাকলে, সেটা নির্বাচনের পরদিন বসে চা খাবো। তাই ভোটের দিন পর্যন্ত আমরা কাওকে চিনিনা।

আমরা বিশ্বেকে দেখাতে চাই কিভাবে সুষ্টু ও সুন্দর নির্বাচন করা যায়। সেটাই দেখাবো আমরা। নির্বাচনের দিন কেউ যদি বিশৃঙ্খলা করতে চান তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা চাইনা আপনারা বিব্রতকর পরিস্থিতি সৃস্টি করেন। আমরা আজকের মতো নির্বাচনের দিনেও সবার হাসি মাখা মুখ দেখতে চাই।

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন, ততবার নির্বাচন করব: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

সুষ্ঠু ভোটের জন্য যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ যে কোনো ধরনের ঘটনা ঘটলে পুরো দায় সরকারের ওপর চলে যায়। নির্বাচনে আচরণ বিধি অবশ্যই মেনে চলতে হবে। ৭ জানুয়ারির নির্বাচন শুধু আমাদের চোখেই দেখছি না। এ নির্বাচন বিশ্ববাসী দেখছে। এ নির্বাচনের ওপর দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও আমাদের অস্তিত্ব নির্ভর করে। তাই এমন কিছু করবেন না যাতে কঠোরতার চরম পর্যায়ে যেতে হয়। প্রয়োজনে আমরা প্রার্থিতা বাতিল করবো। ভোট বন্ধ করে দেবো। পুনঃনির্বাচন করবো। যতবার প্রয়োজন ততবার নির্বাচন করবো, ভোট সুষ্ঠু হতে হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোথাও কোনো অসুস্থ কাজ করলে, অন্যায় হলে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। কাউকে খুশি বা অখুশি করতে নির্বাচন করতে চাই না। জনগণ ভোট দেবে। ভোটগ্রহণের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়েছি, তৈরি থাকবে।

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন খান (নৌকা), এম এ গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল), লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), বোরহান উদ্দিন আহমেদ মিঠু (লাঙল), লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), এম এ সাত্তার (ট্রাক প্রতীক), মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন (নৌকা) ও ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক প্রতীক) প্রমুখ।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।

প্রবল পানির চাপে খোলা হলো তিস্তা ব্যারাজের ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ শুরু করেছে। চরের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।

তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর ও গোকুণ্ডা এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা পাড়ে রেড এলার্ট শুনে তিস্তা চরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। অনেকে বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে মানুষকে সচেতন করতে বলেছি। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদে আটটি লোহার দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার রমজানের কারণে চার মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

শনিবার (৬ মে) সকালে আট দানবাক্স থেকে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়েছে। দান বাক্সগুলো খুলে ১৯টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সহাকরী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরীন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

জনশ্রুতি আছে, একসময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।

কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন।

বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এ ইতিহাস প্রায় আড়াইশ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।

বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা আছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।

এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।