Tag Archives: লুটপাট

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, গাড়ি ও দোকানপাট ভাংচুর, লুটপাট, আহত-২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালিরবাজারে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে। জ্বালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন। আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কালিরবাজার হোসাইনিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার সন্ধায় উভয়গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে করে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়। একপর্যায়ে উভয়পক্ষ বাজারের ১০-১২টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় মহাসড়কের উভয়পাশে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের অন্তত ২ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। এসময় মহাসড়কের ৫-৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিরবাজার এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, রবিবার রাতে কালিকাবাজারের একটি ওয়াজ মাহফিলে পাঁচরা ও রামচন্দ্রপুর গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়। এর জেরে সোমবার সন্ধার পরে উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে একপর্যায়ে তারা আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে হামলাও ভাংচুর চালায়। হামলাকারীরা আমার দোকানে থাকা কয়েকলক্ষ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সোবহান জানান, মাগরিবের একটু আগে রামচন্দ্রপুর গ্রামের আমার দোকানসহ একাধিক দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, কালিরবাজার এলাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসময় কিছুক্ষনের জন্য বন্ধ থাকা মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কুমিল্লার লালমাইয়ে তানহা মেডিকেল হলে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, লুটপাট

রকিবুল হাসান রকিঃ

চাঁদা না দেয়ায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ মেসার্স তানহা মেডিকেল হলে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ডা. রবিউল আলমকে আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ সময় তানহা মেডিকেল হলে লুটপাট চালিয়ে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় লালমাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে ডিউটি শেষ করে ডা. মোঃ রবিউল আলম তার নিজ চেম্বার তানহা মেডিকেল হলে আসা মাত্র বাগমারা দক্ষিণ ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ফরিদ উদ্দিন এর ছেলে বখাটে ফরহাদ,দত্তপুর গ্রামের সফিুল্লার ছেলে বখাটে ইয়ামিন, ফয়েজ মিয়ার ছেলে হাবিব, মফিজের ছেলে সাইফুল, জহিরের ছেলে আরজুসহ ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী রবিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বে-আইনি জনতাবদ্ধে দোকান ঘরে অনধিকার প্রবেশ করে লুটপাট চালায়।

এ সময় ডা. রবিউল ও তার ভাই আদম সফিউল্লা সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকার করলে ডাক্তার রবিউলকে চেম্বার থেকে টেনে হেচড়ে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তারা দোকানের থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় ডা. রবিউলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না।

কুমিল্লা নাঙ্গলকোটে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে দিনদুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় আসবাবপত্র ভাঙচুর, পাঁচ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নেয় তারা।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কেশতলা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রবিউল হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী রবিউল হোসন বলেন, ‘শুক্রবার দুপুরে কেশতলা গ্রামের কামাল হোসেন, সুমন, শুক্কুর, শাহাদাতসহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে আমার মা মনোয়ারা বেগম ও স্ত্রী রানী আক্তারকে মারধর করে। সন্ত্রাসীরা ঘরের জানালা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা পাঁচ লাখ টাকাসহ ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’

কুমিল্লা দেবিদ্বারে ডাকাতের হাতে বৃদ্ধা খুন, লুটপাট

 

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লায় মুখে গামছা এবং হাত-পায়ে স্কচটেপ বেঁধে মোরশেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ পূর্বক হত্যা করেছে সংঘবদ্ধ ডাকাতদল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেন জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মোরশেদা বেগম ওই গ্রামের মৃত মান্নান সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদা বেগম প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে যান। বাসায় তিনি একাই ছিলেন। রাতের যে কোন সময় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির গেইট ও দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন বাড়ির দরজার গ্রিল কাটা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের ৪ ছেলে এবং ৩ মেয়ে রয়েছে। তার বড় মেয়ে নাজমা আক্তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোন বিভাগে কর্মরত আছেন।

ঘটনাস্থল থেকে মুঠো ফোনে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, রাতের যে কোন সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, ঘাতকদের ধরতে পুলিশের অভিযান শুরু করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।