Tag Archives: স্বজনদের হাসপাতাল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশনের পর প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশনের পর প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ভাঙচুর

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়।

রোববার (৫ এপ্রিল) পুলিশ জানায়, নিহত রাকিবা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে নবীনগর উপজেলা সদরের ‘আহমেদ প্রাইভেট ক্লিনিক’-এ সিজারিয়ান অপারেশনের পর তার মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

রাকিবা আক্তার প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। তাদের বাড়ি উপজেলার লাউর ফতেহপুর গ্রামে। অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক ছেলে বর্তমানে সুস্থ রয়েছে এবং পরিবারের কাছেই আছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রসব ব্যথা শুরু হলে রাকিবাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসকের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে অপারেশনের কিছুক্ষণ পর রাত আনুমানিক আড়াইটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর চালায়। এ সময় চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা ক্লিনিক ছেড়ে চলে যান। রোববার সকালেও বিক্ষুব্ধ স্বজনরা আবার ভাঙচুর করে বলে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে অপারেশন করানোর কারণেই রাকিবার মৃত্যু হয়েছে।

রাকিবার মা রেহেনা আক্তার বলেন, অ্যাম্বুলেন্সে তোলার সময় মেয়ের কোনো শ্বাস-প্রশ্বাস না থাকায় তিনি বুঝতে পারেন, অপারেশনের পরই তার মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল এবং তার মেয়ে সুস্থ ছিল। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে ক্লিনিকের মালিক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ক্লিনিকের এক কর্মচারী শাহাদাত হোসেন জানান, ঘটনার পর রাতেই স্বজনরা হাসপাতালে হামলা চালায়। সকালে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলাকালেও আবার ভাঙচুরের ঘটনা ঘটে।

নবীনগর থানার ওসি রাজিব কান্তি নাথ বলেন, অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অবহেলা বা অদক্ষতার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর তারা পলাতক রয়েছে।