Tag Archives: হিরো আলম

বগুড়ায় আদালত প্রাঙ্গণে

বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরে উঠ-বস

বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরে উঠ-বস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে আসামি করা হয়।

মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠ-বস করিয়ে ক্ষমা চাওয়ান, পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন।

মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনও তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো।

তিনি আরও বলেন, যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, হিরো আলমের ওপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি।

প্রার্থিতা ফেরত পেতে প্রয়োজনে হাইকোর্টে যাব: হিরো আলম

ডেস্ক রিপোর্ট:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, প্রার্থিতা ফেরত পেতে প্রয়োজনে হাইকোর্টে যাব।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন।

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল করেছেন হিরো আলম।

সেখানে তিনি বলেন, আপিলে মনোনয়ন ফেরত না পেলে হাইকোর্টে যাব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন হিরো আলম। ফরম যথাযথভাবে পূরণ না করার কারণে কমিশন তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘এখানে প্রার্থিতা যদি ফিরে না পাই, আপনারা সবাই জানেন, সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে—আমরা হাইকোর্টে যাব। আমি জানি এখান থেকে পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমার যে ভুলটা, ছোটখাটো ভুল। এটা ইচ্ছা করলে তারা এখান থেকে দিতে পারে।’

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। নির্বাচন এবার সুষ্ঠু হবে কিনা তা জানি না। কারণ আমি যেখানে নির্বাচন করছি সেখানে সবগুলো দলই আছে এবার; আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরও যেসব দল—সবগুলো দলই অংশ নিচ্ছে।

হিরো আলম মনে করেন এবার সংঘাত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগে। ‘আপনারা জানেন, আমার তো প্রতিবারই আওয়ামী লীগের লোকের সঙ্গে মারামারি হয়। এবারও আওয়ামী লীগ ওখানে আছে। এবারও মারামারি হবে না কি আমি জানি না সঠিক। প্রতিবারই তারা আমার এজেন্টদের বের করে দেয়। ভোট সুষ্ঠু হলেও তারা ফলাফল সুষ্ঠু ঘোষণা করে না।’

হিরো আলম আরও বলেন, ‘আমি বলেছিলাম নির্বাচন আর করব না। এবার নির্বাচন করার কোনো ইচ্ছাই ছিল না। এলাকার লোক সবাই বলছে, না, নির্বাচন করেন। আপনি এত সংগ্রাম-লড়াই করে এতদূর এসেছেন, হাল কেন ছাড়বেন! জনগণের সমর্থনে, সবার সমর্থনে নির্বাচনে আসা। এখন ভোট কতটা সুষ্ঠু হবে আমি জানি না, নির্বাচনের দিন দেখার পালা। প্রতিবারই আমরা বলি সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু ভোটের দিন আমরা পরিবেশ উল্টো দেখি।’

এই নির্বাচনে আবারও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রতিবারই, আমি যে কয়বার নির্বাচন করেছি, সেই কয়বারই আমার সঙ্গে মারামারি হয়েছে। এবার যে হবে না…কারণ জনগণ তো আমাকে ভালোবাসে, ভোট দেয়। এখন ভোট যদি আমাকে দেয়, আর প্রার্থীদের যদি না দেয় ওরা তো জোর করে ছিনিয়ে নিতে চাইবে। এবারও হয়তো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু একটি নির্বাচন হবে সেই আশায় আবারও আমরা নির্বাচনে এসেছি। বাকিটা নির্বাচনের মাঠে আপনারা সবাই দেখবেন।’

প্রসঙ্গত, হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেছিলেন।

হাইকোর্টের আদেশে নির্বাচনে ফিরে আসেন হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে পরাজিত হন আলম।

এর পর ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। সেখানে ভোটের দিন মারধরের শিকার হন তিনি।

বলিউডের ড্রামা কুইনের সঙ্গে সিনেমায় হিরো আলম

ডেস্ক রিপোর্ট:

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো রাজনীতি, কখনো বির্তকিত মন্তব্য বা ভিন্নধর্মী ভিডিও তৈরি করে আলোচনায় থাকেন তিনি। এদিকে বলিউডেও তেমনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত।

বলিউডের এই ড্রামা কুইনের সঙ্গে দেখা গেল হিরো আলমকে। মঙ্গলবার এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। যেখানে তিনি দাবি করেছেন, রাখির সঙ্গে এক সিনেমায় কাজ করবেন। যেটি প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। যেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন এই বিতর্কিত অভিনেত্রী।

রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাখি চিৎকার করে বলছেন- দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যে পরিমাণ টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

প্রসঙ্গত, হিরো আলম ও রাখি সাওয়ান্ত দুজনেই বেশ বিতর্কিত। নিজেদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তারা। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গিয়ে আরও একবার আলোচনায় আনলেন নিজেদের নাম।