Tag Archives: হেডের ঝড়ে

হেডের ঝড়ে উড়ে গেল

হেডের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

হেডের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট:

ব্যাট হাতে যেদিন দাঁড়িয়ে যান ট্রাভিস হেড, সেদিন প্রতিপক্ষের রক্ষা নেই। নিজের দিনে যে কোনো বোলারকে কচুকাটা করতে পারেন এই অজি ওপেনার। এবার তার শিকার হয়েছে ইংল্যান্ডের বোলাররা। সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডকে প্রায় একাই উড়িয়ে দিয়েছেন হেড। তার বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৮ রানের জয় পেয়েছে।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমেই হেড ইংলিশ বোলারদের ওপর ঝড় তোলেন। ৮৬ রানের ওপেনিং জুটি ভাঙার আগে হেড মাত্র ২৩ বলে ৪ ছক্কা ও ৮ চারে ৫৯ রান করেন। তার প্রথম ১৯ বলেই ফিফটি তুলে নেন, যা ছিল তার ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। এর মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কারানকে পিটিয়ে একাই ৩০ রান নিয়েছিলেন।

হেডের বিধ্বংসী ইনিংসের পরও অস্ট্রেলিয়া পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় দলটি। ম্যাথিও শর্ট ৪১ রান করে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ৩ উইকেট নেন।

জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ১৯.২ ওভারে ১৫২ রানে। অজিরা ম্যাচ জেতে ২৮ রানে এবং সিরিজে ১-০ তে লিড নেয়। অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট ৩ উইকেট শিকার করেন। ব্যাট হাতে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন লিভিংস্টোন। সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

ম্যাচ শেষে হেড তার বিধ্বংসী ব্যাটিংয়ের কারণ জানিয়ে বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাকে স্বাধীনভাবে ব্যাট করতে বলেছেন। প্রতিটি বলেই মারার চেষ্টা করেছি এবং কেবল রান করার দিকে মনোযোগ দিয়েছি। স্কটল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, সেটার চেয়ে এটা ভিন্ন ছিল। বলের গতি কাজে লাগিয়ে ব্যাট করেছি।’