Tag Archives: অবসর

অবসরে পাঠানো হলো ধোনির প্রিয় সাত নম্বর জার্সি

ডেস্ক রিপোর্ট:

প্রিয় সাত নম্বর জার্সি গায়ে চাপিয়েই ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাফল্যের বিচারে দেশটির সর্বকালের সেরা অধিনায়কও তিনি। সেই ধোনিকেই এবার বিশেষ সম্মান দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ধোনিকে সম্মান জানাতে তার জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। অর্থাৎ আর কোনো ভারতীয় ক্রিকেটার এই নম্বরের জার্সি পরতে পারবেন না। শচীন টেন্ডুলকারের ১০ নম্বরের পর এবার ধোনির জার্সিরও অবসর।

ভারতীয় বোর্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ধোনির জার্সি নম্বর আর কেউ পরতে পারবে না। বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবে না তারা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।’

ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। তারপর থেকে যদিও কোনো ভারতীয় ক্রিকেটারই ৭ নম্বর জার্সি পরেননি। শচীনের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে। তবে শার্দুল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেটি এত সমালোচনা হয় যে, বোর্ড তাড়াতাড়ি ওই জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। ধোনির জার্সির ক্ষেত্রেও এবার একই সিদ্ধান্ত নিলো বিসিসিআই।

জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও চূড়ান্ত সফল ধোনি। পাঁচবার দলকে ট্রফি এনে দিয়েছেন।

অবসরের ইঙ্গিত মাহমুদউল্লাহ রিয়াদের

অবসরের ইঙ্গিত মাহমুদউল্লাহ রিয়াদের

ডেস্ক রিপোর্ট:

আইসিসি ইভেন্ট মানেই যেন মাহমুদউল্লাহ রিয়াদের চোখ ধাঁধানো পারফর্ম্যান্স। ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৩ বিশ্বকাপ। বয়স বাড়লেও বৈশ্বিক মঞ্চে রিয়াদের ব্যাটে ধার কমেনি মোটেই। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও পেয়েছিলেন সেঞ্চুরি। বড় ব্যবধানে হারতে থাকা বাংলাদেশ সেদিন মান বাঁচিয়েছিল রিয়াদের ব্যাটে ভর করে।

এবার সেই আইসিসি ইভেন্টের মঞ্চ থেকেই যেন অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন দ্য সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াদ জানিয়েছেন, এটিই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। ২০২৭ বিশ্বকাপের সময় রিয়াদের বয়স হবে ৪১। সেসময় তার না খেলাটাই স্বাভাবিক। তবে এরপরেও কেমন হবে লাল-সবুজ জার্সিতে তার যাত্রা সেই আভাসও পাওয়া গেল এদিন।

আইসিসির ভিডিওতে রিয়াদ বলেন, ‘দেশের হয়ে অনেকদিন ধরেই খেলছি আমি। ২০০৭ সালে আমার অভিষেক হয় বাংলাদেশের জার্সিতে। এরপর অনেক সময় হয়ে গেলো আমি খেলছি, আইসিসি ইভেন্টে চারটি সেঞ্চুরি করতে পারায় আসলে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি।’

এরপরই নিজের শেষ বিশ্বকাপের কথাও বলেন দ্য সাইলেন্ট কিলার, ‘সত্যি কথা বলতে এটাই আমার শেষ বিশ্বকাপ। এরপর বাংলাদেশের হয়ে আমি আর কতদিন খেলতে পারবো তা নির্ভর করছে আমার শরীর এবং পারফর্ম্যান্সের উপর। তবে খুব তাড়াতাড়ি হোক বা আরও কিছু সময় পরেই হোক, আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হবে।’

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের আস্থার নাম পঞ্চপাণ্ডব। যার একজন রিয়াদ। এই পাণ্ডবের মধ্যে মাশরাফি আগেই চলে গিয়েছেন। রিয়াদও যাবেন। এরপর কি হবে তা নিয়ে শঙ্কা অনেকেরই। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আশাবাদী তরুণদের নিয়ে, ‘ক্রিকেট সামনে এগিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটও সামনে এগিয়ে যাবে, আমাদের ড্রেসিংরুমে মুস্তাফিজ, তাসকিন, মিরাজরাই হবে সিনিয়র ক্রিকেটার, ভবিষ্যতে ওরাই হবে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি।’