১ ডিসেম্বর শুরু এসএসসির ফরম পূরণ, ফি বেড়েছে ১০০ টাকা
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই প্রক্রিয়া জরিমানা ছাড়াই ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবার প্রতিটি বিভাগে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ফি ২০২৪ সালের তুলনায় ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সম্ভাব্য তালিকা থেকে ১ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর।
যারা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে চায়, তারা ১০০ টাকা জরিমানা দিয়ে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এই ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর এবং বিলম্ব ফি জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত।
সব বিভাগে ফি বেড়েছে ১০০ টাকা
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, ফরম পূরণ ফি ১০০ টাকা বেড়েছে।
একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১২০ টাকা করা হয়েছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ২০ টাকা। বোর্ড জানিয়েছে, ফরম পূরণের এ ফি’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।