Tag Archives: কুমিল্লায় কাভার্ডভ্যান বোঝাই দশ লাখ টাকার সেগুন কাঠ আটক

কুমিল্লায় কাভার্ডভ্যানে লুকিয়ে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও কুমিল্লা জেলা পুলিশের জিরো টলারেন্সে নীতির অংশ হিসেবে আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। আজ চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকামুখী যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ জানায়, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে খাদে, চালক নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মোঃ মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন।

তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মোঃ ইলিয়াছ শেখ ও রেহানা বেগমের ছেলে।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের নোয়াবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মোঃ মেহেদী হাসান নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

কুমিল্লায় কাভার্ডভ্যান বোঝাই দশ লাখ টাকার সেগুন কাঠ আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় দশ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলারর জামতলা এলাকায় কাভার্ডভ্যানসহ কাঠ আটক করে কুমিল্লা বন বিভাগ।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামাজিক বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তোষাররফ হোসেনের নেতৃত্বে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। পরবর্তীতে অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটিকে আটক করতে পিছু ধাওয়া করা হয়। চালক এক পর্যায়ে উপজেলার জামতলায় গিয়ে সড়কের উপরে ভ্যান রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তল্লাশী করে কাভার্ডভ্যানের ভিতরে ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি জেলার সামাজিক বন বিভাগীয় কার্যালয়ে আনা হয়। এ ব্যাপারে থানায় বন বিভাগ একটি মামলা দায়ের করেছে।  অভিযানে উপস্থিত ছিলেন, ফরেস্টার মো. শাহজাহান সরকার, বন প্রহরী এম এ মান্নান, আবুল কালাম আজাদ ও মো, জুলফু মিয়া।