Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন নামের ১ বছর বয়সী এক শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছেন মা রুকসানা আক্তার (২৪)। রুকসানা মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের বারইয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন।

ঘাতক রোকসানা একই গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে। ২ বছর পূর্বে বরিশালের ইব্রাহীমের সাথে তার বিয়ে হয়।

রুকসানার পিতা আমান উল্লাহ আমান বলেন, আমার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে। বিয়ে দেয়ার পর সে স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। এর আগেও বিভিন্ন দূর্ঘটনা ঘটিয়েছে সে। মানসিক চিকিৎসার জন্য বেশ কয়েকবার ডাক্তার এবং হাসপাতালে নিয়েও লাভ হয়নি। আজ তার নিজের ছেলেকে পুকুরে ফেলে মেরে ফেলেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানাকে আটক করা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতায় ফরহাদ হোসেন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন দশবাহা গ্রামের কবির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফরহাদ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ ভুঁইয়া খোকনকে সমর্থন করে নৌকা প্রতীক সম্বলিত টি-শার্ট গায়ে দিয়েছিলেন। এই ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল (আনারস) ও তার সমর্থকরা ফরহাদসহ আরও বেশ কয়েকজনকে হুমকি দেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তফা কামালের সমর্থকরা ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সোমবার আমি নির্বাচন-পরবর্তী ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বের হই। রাত ৯টার দিকে জানতে পারি একটি ছেলেকে কে বা কারা মেরেছে। তবে ঘটনার সঙ্গে আমি বা আমার কোনো নেতাকর্মী জড়িত নেই।

নৌকার প্রার্থী সৈয়দ আহমেদ ভুঁইয়া খোকন বলেন, মোস্তফা কামালের লোকজন ফরহাদকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি আমরা থানা পুলিশ ও এমপিকে জানিয়েছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, শুনেছি রেললাইনের পাশে তাকে আহত অবস্থায় পাওয়া গেছে। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি কেউ তাকে কুপিয়ে আহত করেছে তা তদন্ত রিপোর্টে জানা যাবে। এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে।