Tag Archives: কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, এলাকাজুড়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রামমালা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বড় ভাই সুমন সরকার।

নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি ওষুধ কোম্পানিতে (রায়োচ সার্জিক্যাল) বিক্রয় কর্মকর্তা হিসেবে নতুন চাকরিতে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার ভাই সুমনের মোটরসাইকেলে চড়ে রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ইমন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র একদিন আগে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলায় দ্রুতগামী কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত হয়েছেন।

এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ক্যান্টনম্যান্ট থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী দেবিদ্বার যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪৭২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মো. সাইফুল ইসলাম (২৪) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার এসআই মো. মেহেদী হাসান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটারসাইকেলটি থানায় নিয়ে যান। নিহত সাইফুল জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।