Tag Archives: কুমিল্লা উত্তর জেলা যুবলীগ

শেখ হাসিনার জন্মদিনে যুবলীগ নেতা সারওয়ারের উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি কুমিল্লার তিতাসসহ বিভিন্ন এলাকায় এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সারওয়ার হোসেন বাবু জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ  সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে  বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগ: বিভিন্ন উপজেলায় মেয়াদহীন আহ্বায়ক কমিটি বিদ্যমান

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
রাজনৈতিক এলাকা হিসেবে কুমিল্লা উত্তর জেলা খুবই গুরুত্বপূর্ণ। এ এলাকা থেকে বহু মন্ত্রী দেশ শাসন করেছেন। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা , মেঘনা ও তিতাসসহ ৭ উপজেলা ও বাঙ্গরা নামক এক থানা নিয়ে কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলা বিবেচিত হয়ে আসছে। চলতি বছরের ২ অক্টোবর সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ শাখার আওতাধীন উপজেলা শাখাগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বছরের পর বছর ধরে। নতুন কমিটি গঠনে সক্রিয়তা কম দেখা গেলেও করোনাকালে অসহায় মানুষের পাশে ছিল উত্তর জেলা যুবলীগ।যুবলীগের সাংগাঠনিক কর্মকান্ড নিয়ে এই প্রতিবেদন।

২০০৪ সালের শেষের দিকে সোহেল মোস্তফা স্বপনকে সভাপতি ও বাহাউদ্দিন বাহারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয় । নিয়ম অনুযায়ী ২০০৭ সালের শেষের দিকে এ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কমিটি চলমান থাকে। ২০১৩ সালে যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপন মেঘনায় একটি কোম্পানিতে এক দুঘর্টনায় নিহত হওয়ার পর সভাপতির পদটি শূণ্য হয় । প্রায় সাড়ে ১০ বছর পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মোঃ বাহাউদ্দিন বাহারকে আহ্বায়ক ও মোঃ সারওয়ার হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাস মেয়াদী কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের তৎকালিন চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ গোলাম ফারুক রানা, মোঃ খায়রুল আলম সাধন, মোঃ আবুল কাশেম ওমানী, মোঃ জাকির নেওয়াজ সোহেল, মোঃ আবুল খায়ের, মোঃ জহিরুল ইসলাম কিশোর, মোঃ মহিউদ্দিন খন্দকার, মোঃ সালাউদ্দিন রিপন, মোঃ এনামুল হাছান খান, মোঃ সাইফুল আলম মুরাদ, মোঃ শাহ জালাল, মোঃ হুমায়ন কবির, মোঃ মনিরুজ্জামান টিপু, মোঃ নজরুল ইসলাম কাজল, মোঃ মিলন সরকার, মোঃ মাজেদুল ইসলাম রাসেল, মোঃ কাজী ফসিউল হাসান ও মোঃ ফারুক মিয়া। এই আহ্বায়ক কমিটি চলে ৬ বছর ১৬ দিন। এই ৬ বছরে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। অবশেষে ২ অক্টোবর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। তবে এই কমিটি করোনা মহামারির সময়ে অসহায় ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌছে দিয়েছেন। মুঠোফোনে কল পেলেই যুবলীগ কর্মীরা খাবার পৌছে দিয়েছে অসহায়দের ঘরে। সেই সাথে অক্সিজেন সেবা দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা। এছাড়া মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচী পালন করেছেন যুবলীগ। যুবলীগের আহ্বায়ক মোঃ বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু এ মানবিক কর্মকান্ডের রূপকার। করোনাকালে বিশেষ করে সারওয়ার হোসেন বাবুর মানবিক অবদান ছিল অনস্বীকার্য।

সাড়ে ৪ বছর ধরে চলছে চান্দিনা উপজেলা যুবলীগের ৩ মাসের আহ্বায়ক কমিটি:
২০১৭ সালের ২৯ মার্চ জহিরুল ইসলাম মুন্সিকে আহ্ব্য়াক এবং গিয়াস উদ্দিন ও ইমাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন যুবলীগের তৎকালিন কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ। ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা থাকলেও সাড়ে ৪ বছরে কোন সম্মেলন হয়নি । আহ্বায়ক কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি।

চান্দিনা পৌর যুবলীগ:
চলতি বছরের জুলাইয়ে চান্দিনা পৌর যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে মো: জাকির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক পদে রাকীব মাহমুদকে রাখা হয়েছে। এর আগে পূর্বের কমিটির মেয়াদ ছিল সাড়ে ৩ বছর।

মুরাদনগর যুবলীগ- ৩ মাসের আহ্বায়ক কমিটি সাড়ে ৩ বছরেও পূর্ণাঙ্গ হয়নি:
২০১৮ সালের ১৯ মার্চ মুরাদনগর উপজেলা যুবলীগের ৩ মাস মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি । ৩ মাসের সেই আহ্বায়ক কমিটি সাড়ে ৩ বছরেও পূর্ণাঙ্গ হয়নি। এছাড়া এ কমিটর আহ্বায়ক খায়রুল আলম সাধনের মরদেহ পাওয়া যায় মহাসড়কের পাশে । ফলে যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন এখন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

২০ বছর ধরে দুইজনের হাতেই দেবিদ্বার উপজেলা যুবলীগ :
২০ বছর ধরে চলছে দেবিদ্বার উপজেলা যুবলীগের কমিটি । ২০০০ সালের পর হাজী আবুল কাশেম ওমানীকে সভাপতি ও মোঃ বাবুল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ১৫ বছর চলার পর গত ৫ বছর আগে আগের কমিটির সভাপতি হাজী আবুল কাশেম ওমানীকে আহ্বায়ক ও পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজুকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি করা হয়। এটা ৫ বছর শেষ করে ৬ বছরে পা দিয়েছে।

দেবিদ্বার পৌর যুবলীগের বয়স ২ বছর:
২০১৯ সালের অক্টোবর মাসে ৪১ সদস্য বিশিষ্ট পৌরসভা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ কামরুল খালেদ সুমন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ওয়াহেদ সরকারকে রাখা হয়। এ কমিটিও ২ বছর ধরে চলছে।

দাউদকান্দি উপজেলা যুবলীগ:
২০১৯ সালের ৭ এপ্রিল মো: আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মো: হেলাল মাহমুদ ও মো: মেহেদী হাসান সুমনকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদী দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগ।এই ৩ মাসের কমিটি আড়াই বছর ধরে চলছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের কমিটিগুলো নিয়েও বির্তক রয়েছে। এদিকে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মেম্বারকে ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে দায়িত্ব দেয়া হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত কমিটিতে যুবদলের সাবেক এ নেতাকে আহ্বায়ক করে ২২ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়। দাউদকান্দি উপজেলা যুবলীগের দুই যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ ও মেহেদি হাসান সুমন উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাজারুল সরকারকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করেন। একদিন পরেই আহ্বায়ক আনোয়ার হোসেন ও উল্লিখিত দুই যুগ্ম আহ্বায়ক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক মেম্বারকে আহ্বায়ক করে ২২ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন। এ কমিটি ঘোষণার পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। জানা যায়, যুবদল থেকে পদত্যাগ করার পর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে বিজয়ী করতে ভূমিকা রাখায় তাকে মারুকা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক করা হয়।

২ জনের হাতে হোমনা উপজেলা যুবলীগ:

অস্থিরতা বিরাজ করছে হোমনা উপজেলা যুবলীগে। প্রায় সময়ই কোন্দলে জর্জরিত থাকে এ কমিটি। হোমনা উপজেলা যুবলীগের কমিটি ২০১২ সালে করা হয়েছিল। এটি ছিল ৩ বছর মেয়াদের। এই কমিটি ৫ বছর চলার পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর হোমনা উপজেলা যুবলীগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেয় কুমিল্লা উত্তর জেলা যুবলীগ। এতে খন্দকার নজরুল ইসলামকে আহ্বায়ক ও মো. মনিরুজ্জামান টিপু, মো. মাহবুবুর রহমান, মো. মোবারক হোসেন ও মো. মাজেদুল হক রাসেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলালের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী গতকাল লঞ্চঘাট এলাকার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের করে। একই সময় বেলা ১১টার দিকে যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে আহ্বায়ক কমিটির সদস্যরা পৃথক একটি মিছিল বের করে। ২০২০ সালের ২২ ডিসেম্বর হোমনা হাইস্কুল মাঠে সম্মেলনের মাধ্যমে খন্দকার নজরুল ইসলামকে সভাপতি এবং কায়সার আহম্মেদ ব্যাপারীকে সাধারণ সম্পাদক হোমনা উপজেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিলো। চলতি বছরের ২৩ মে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল। চলতি বছরের (২০২১) ২৫ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখে কমিটির অন্য সব সদস্যকে বিলুপ্ত করে জেলা কমিটি।

মেঘনা উপজেলা যুবলীগ চলছে ৫ বছর ধরে:
মেঘনা উপজেলা কুমিল্লা-১ সংসদীয় আসনের আওতাভুক্ত। এখানে আ’লীগের মধ্যে একাধিক গ্রুপ সক্রিয়। ফলে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠনে বেশ বিপত্তি দেখা যায়। ২০১২ সালের ২ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মোঃ মজিবুর রহমান মজিবকে আহ্বায়ক করা হয়। মোঃ লিটন আব্বাসী ও মোঃ মিলন সরকারকে যুগ্ন আহ্বায়ক করা হয়। এরপর ৫ বছর পূর্বে একটি আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে শামীমকে আহ্বায়ক ও দেলোয়ার ও আমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এই আহ্বায়ক কমিটি ৫ বছরে ধরে চলছে।

তিতাস উপজেলা যুবলীগ চলছে ৫ বছর ধরে:

২০১৭ সালে সাইফুল আলম মুরাদকে আহ্বায়ক করে তিতাস উপজেলা যুবলীগ গঠন করা হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন লালন ও মকবুল। এই আহ্বায়ক কমিটিও ৫ বছর ধরে চলছে।

দীর্ঘমেয়াদী আহ্বায়ক কমিটির বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু জানান, বেশিরভাগ কমিটিগুলোই কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এছাড়া বিগত ২ বছর ধরে করোনা মহামারির কারণে সাংগাঠনিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবে এই করোনা মহামারিতে আমরা “হ্যালো যুবলীগ’’ গঠন করে প্রায় ১০ হাজার অসহায় ও কর্মহীন মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছি। এছাড়া করোনা সুরক্ষাসামগ্রী নিয়মিত সরবরাহ করেছি। দিয়েছি অক্সিজেন সেবা। সব মিলিয়ে করোনা সংকটময় সময়ে মানুষের পাশেই ছিলাম আমরা।

 

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয় ।

শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লেখিত জেলা শাখা সমূহের কমিটি বিলুপ্ত করা হয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে শেখ রেহানার জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও তিতাস উপজেলা যুবলীগ।

সোমবার রাতে কেক কাটেন যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো: মোকবুল মাহমুদ প্রধান, সদস্য মো: কামাল পারভেজ, হালিম সৈকত , কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মো: মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন হয়।

বুধবার (১১ আগষ্ট) দিনভর তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মশক নিধন স্প্রে করা হয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, সদস্য কামাল পারভেজ, সদস্য হালিম সৈকত প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাই এবং কুমিল্লা-২ মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি আপার পরামর্শক্রমে কুমিল্লা উঃ জেলা কর্তৃক আয়োজিত তিতাস উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মশক নিধন কর্মসূচী বাস্তবায়ন করছি ।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশ মোতাবেক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে
বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪ টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচী পালন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দীন বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ ও যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগ নেতা ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, জিয়ারকান্দি ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল রানা, ভিটিকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, সহ সভাপতি নুর নবী সরকার, ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সাতানী ইউনিয়ন যুবলীগ নেতা মোশাররফ শাহ প্রমূখ।

কুমিল্লার পদুয়ার বাজারে মহানগর যুবলীগের পথসভায় মাইনুল হোসেন খান নিখিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভার আয়োজন করা হয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুরের মতলব থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে  প্রয়াত জননেতা চট্রলা বীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী’র  স্মরণ সভায় যাওয়ার পথে যাত্রা পথে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে সংক্ষিপ্ত পথ সভায় তিনি  প্রধান অতিথি হিসেবে তিনি  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাত হোসেন তসলিম, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক  মোঃ সামছুল আলম অনিক
সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিপ্লব মোস্তাফিজ,  সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কুমিল্লা উঃ জেলা যুবলীগের আহ্বায়ক বাহা উদ্দিন বাহার, যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম -আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদী।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড মুক্তা আক্তার, সহ-সম্পাদক  মনোয়ারুল ইসলাম মাসুদ, সহ-সম্পাদক, আজিজুর রহমান সরকার, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান
কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মেহেরুল হাসান সোহেল , কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য,
সৈয়দ আলাওল ইসলাম সৈকত , যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাকিল আহমেদ তানভীর,
আব্দুল বাতেন রিপন, চৈতী রাণী বিশ্বাস, রুজিনা আক্তার রিমা, এ এস এম ইমরুল হক, হুমায়ুন কবির, সহিদুল হক কবির , সোলেমান মিয়া জীবন , কাজী মাসুদ রানা, লোকমান হোসেন চৌধুরী, , দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম , সাধারণ সম্পাদক ভিপি মোঃ বাবুল, বাংগরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক আবু নাইয়ান খান , যুগ্ম -আহ্বায়ক আবদুল্লা নজরুল প্রমুখ।

যুবলীগের পতাকাতলে কোন মাদকসেবীর ঠাই হবে না- হোমনায় যুবলীগের সা.সম্পাদক নিখিল

জাকির হোসেন হাজারী:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে নবদিগন্তে। বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা বিশ্বে এখন কারো নেই। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে যুব সমাজ ও ছাত্র সমাজকে বাচিয়ে রাখতে হবে। কিন্তুু দুঃখের সাথে বলতে হয় আজকের যুব-সমাজরা বিপথগামী হয়ে যাচ্ছে। মরনব্যাধী ইয়াবার নেশায় আসক্তির কারণে তারা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী চাচ্ছেন যুবকদের সামনে নিয়ে আসার। যুবকরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। কিন্তু যুবকরা মরণব্যধী নেশায় আসক্ত, তাহলে কে নেবে ভবিষ্যত বাংলাদেশের দায়িত্ব। তাই যুবলীগের পতাকাতলে কোন মাদকসেবীর ঠাই হবে না।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা হাই স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিখিল আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বদা এদেশের অসহায়-মেহনতিদের সন্তানদের সু-শিক্ষা শিক্ষিত করতে চিন্তা করেন। তিনি যুবকদের প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
তিনি আরো বলেন, সম্মেলনে যারা নতুন নেতৃত্বে আসবে তারা বাংলার দুখী মানুষের নেত্রী, মানবতার নেত্রী শেখ হাসিনার আদর্শ “সততাই শক্তি, মানবতাই মুক্তি” লালন করতে হবে। হোমনা-তিতাসের ঘরে ঘরে যুবলীগের কর্মী তৈরী করতে হবে, স্বাধীনতার পক্ষের কর্মী তৈরী করতে হবে। যারা মানুষের কল্যানে কাজ করবে। বিপথগামী যুব-সমাজদের রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে।

হোমনা-তিতাস আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর প্রশংসা করে বলেন, হোমনা- তিতাসের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেলিমা আহমাদ মেরীর নেতৃতত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান করছি। কারণ ঐক্যের কোন বিকল্প নেই।

হোমনা উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, এম শাহাদাৎ হোসেন তাসলিম, যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার প্রমূখ।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার প্রধাণ বক্তা এবং যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন বাবু বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। দুপুর ১২টায় সম্মেলনটি উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি।

চান্দিনার মাধাইয়া ইউনিয়ন যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ঘোষিত যুবলীগের  কমিটির বিরুদ্ধে  বিভিন্ন অভিযোগ থাকার কারণে  কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে  উক্ত কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে  কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।

১৩ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মো: সারওয়ার হোসেন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে ১১ ডিসেম্বর চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে মাধাইয়া ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ৯ ডিসেম্বর সদ্য ঘোষিত সভাপতি মোঃ তারেকের হাসানের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর  লিখিত অভিযোগ করে চান্দিনা উপজেলা তাতী লীগের সভাপতি আব্দুল হালিম মেম্বার। অনুলিপি দেয়া হয় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি বরাবর ।

স্থানীয় সূত্র জানায়, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক হাসানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে লিখছেন বিভিন্ন জন। অনেকে যুবলীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কারের দাবিও করছেন। আবার কেউ কেউ তার জুয়া খেলার, ধুমপান করার ছবি ফেসবুকে আপলোড করছেন।

 

চান্দিনায় নানা অভিযোগ থাকার পরেও ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত !

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি পদে আলোচনায় থাকা মোঃ তারেকের হাসানের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর ৯ ডিসেম্বর লিখিত অভিযোগ করেছে চান্দিনা উপজেলা তাতী লীগের সভাপতি আব্দুল হালিম মেম্বার। এর পরদিনই তারেক হাসানকে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

অনুলিপি দেয়া হয়েছে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি বরাবর ।

স্থানীয় সূত্র জানায়, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক হাসানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে লিখছেন বিভিন্ন জন। অনেকে যুবলীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কারের দাবিও করছেন। আবার কেউ কেউ তার জুয়া খেলার, ধুমপান করার ছবি ফেসবুকে আপলোড করছেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু জানান, একটা লিখিত অভিযোগ পেয়েছি। তারেক হাসানকে সভাপতি করা হয়েছে কি না জানি না। আমাদের কাছে নতুন কমিটির এমন কোন কাগজপত্র আসেনি। আমরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি। সাংগাঠনিক নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে তারেক হাসানের কোন মন্তব্য পাওয়া যায়নি।