Tag Archives: কুমিল্লা সংবাদ

দেবিদ্বারে বৈষম্যবিরোধীর লোক দাবি করে কলেজে হামলা

দেবিদ্বার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কুমিল্লার দেবিদ্বারের দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে মব সৃষ্টি করে শিক্ষার্থী ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

জানা গেছে, কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে দীর্ঘদিন কলেজের বাইরে রাখা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি প্রায় ১০-১২ দিন আগে কলেজে ফিরে আসেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় তোফায়েলকে মব সৃষ্টি করে কলেজ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে অন্তত ৫০ জন বহিরাগত কলেজে প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

কলেজ সূত্র জানায়, কলেজের সাবেক সভাপতি শরিফুল আমিন, কমিটির সদস্য আবু সেলিম ভূঁইয়া, নাজমুল হাসান সরকার এবং জামায়াতে নেতা রুহুল আমিন খান, খন্ডকালীন শিক্ষক আব্দুল হালিমসহ আরো কয়েকজন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে কলেজ থেকে বের করে দিতে মব সৃষ্টি করার চেষ্টা করেন। তবে বিষয়টি এলাকাবাসী প্রতিহত করে। কুমিল্লা উত্তর জেলায় এই কলেজটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু সংশ্লিষ্ট কয়েকজনের কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বলে অভিযোগ উঠেছে।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও হাফসা আক্তার বলেন, ‘ভালো কলেজ জেনেই এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু এখন শিক্ষকদের দ্বন্দ্বে আমাদের পড়ালেখা ধ্বংসের দ্বারপ্রান্তে। অধ্যক্ষ তোফায়েল স্যার যখন কলেজে প্রথম অধ্যক্ষ ছিল তখন অনেক সুনাম ছিল। আমরা তোফায়েল স্যারকেই কলেজে চাই।’

স্থানীয় কবির সরকার ও লিমন মিয়া বলেন, ‘এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কেউ যদি ভুল করে, বিষয়টি প্রশাসন দেখবে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজনের প্রয়োজন কি? তারা পুলিশের কাছে অভিযোগ করতে পারে, পুলিশই বিষয়টি দেখবে। অধ্যক্ষ তোফায়েল যদি স্বৈরাচারের দোসর হয়ে থাকে সেটিও প্রশাসনই দেখবে। এখানে বহিরাগতদের উপস্থিতি গুন্ডামি ছাড়া অন্য কিছু কি?’

দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকার বলেন, ‘তারা আমাকে হত্যার উদ্দেশ্যে কলেজে হামলা চালিয়েছে। এতে আমার শিক্ষার্থীরা আতঙ্কিত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমি কলেজে ফিরেছি। এটি আমার প্রতিষ্ঠিত কলেজ। আমি কেন এখান থেকে বের হব? যারা এসব কাজ করছে, তারা কলেজটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কলেজে আবার সুনাম ফিরে আসবে, ইনশাআল্লাহ।’

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে গিয়ে আমরা কিছুই পাইনি। তবে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

চৌদ্দগ্রামে অস্ত্রহাতে দাড়িয়ে ট্রাক্টর দিয়ে শত বছরের পুরনো রাস্তা কেটে বিলীন!

চৌদ্দগ্রামে অস্ত্রহাতে দাড়িয়ে ট্রাক্টর দিয়ে শত বছরের পুরনো রাস্তা কেটে বিলীন!

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রহাতে দাড়িয়ে চাষাবাদের ট্রাক্টর দিয়ে শত বছরের পুরনো সরকারী রাস্তা বিলীন করেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। এতে করে অন্তত ৫-৬টি পরিবারের চলাচল, পাশ্ববর্তী মসজিদে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে দাড়িয়ে থাকায় স্থানীয় ভুক্তভোগী মানুষ বাঁধা প্রদানের সুযোগ পায়নি।

গত বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে প্রকাশ্য দিবালোকে সাতঘরিয়া গ্রামের মফিজুর রহমানের নাতি ও লোকমানের ছেলে রিফাতের অস্ত্র হাতে দাড়িয়ে রাস্তা কেটে ফেলায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৪শে এপ্রিল) দুপুরে সংবাদকর্মীরা সরেজমিনে গেলে লোকমান গং তাদের উপরও চড়াও হয়।

জানা যায়, জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘড়িয়া মৌজার বিএস ১নং খাস খতিয়ানভুক্ত হাল ৩২৭ দাগের ভূমি সরকারী রাস্তা শ্রেণির ভূমি। উক্ত দাগের ভূমি সিএস এবং আরএস জরিপেও রাস্তা হিসেবে লিপিবদ্ধ ছিল। উক্ত দাগে রাস্তা শ্রেণির ৭৩শতক ভূমির মধ্যে ৭-৮শতক ভূমিতে অন্তত ১০০ বছর ধরে চলাচল রাস্তা দৃশ্যমান। রাস্তাটি দিয়ে সাতঘড়িয়া গ্রামের ৫-৬টি পরিবারের সদস্যরা যাতায়াত করে এবং পাশ^বর্তী মসজিদে নামাজ পড়ে।

বিগত ২০১৫-১৬ সাল থেকে সাতঘড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলেদের নজর পড়ে রাস্তাটির উপর। তারা নানানভাবে রাস্তাটি দখলের চেষ্টা করে। একসময়ে তারা রাস্তাটির জায়গা দখল করে নাল শ্রেণির ভূমির সাথে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ বছরের পুরনো চলাচল রাস্তা বন্ধ হওয়ায় ভুক্তভোগী পরিবারের পক্ষে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি আর ৪৬৬/২০২৫নং মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসে তদন্ত আসলে বিগত ২০২৫ সালের ০২ই জুলাই তৎকালীণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা হাল ৩২৭ দাগের ভূমি সরকারী রাস্তা শ্রেণির ভূমি হিসেবে উল্লেখ করে তদন্ত রিপোর্ট জমা দেন।
এসময় তিনি সরেজমিনে গিয়ে স্থানীয় মানুষদের উপস্থিতিতে অদৃশ্য রাস্তাটি আবারও দৃশ্যমান করে আসেন। পিআর মামলার প্রেক্ষিতে এর আগে চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম  ৩২৭ দাগের ০৬শতক ভূমিতে সরকারী রাস্তাটির অবস্থান মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন।

ভুক্তভোগী পরিবারের আইয়ুব আলী জানান, রাস্তাটি এর আগেও প্রশাসন ও এসিল্যান্ড এসে উদ্ধার করে আমাদেরকে বুঝিয়ে দেয়। গত বৃহস্পতিবার দুপুর মফিজুর রহমানের ছেলে ও নাতিরা দেশীয় অস্ত্র নিয়ে দাড়িয়ে চাষবাদের ট্রাক্টর এনে রাস্তাটি মাড়িয়ে ফেলে। এতে করে রাস্তাটি পাশ^বর্তী নাল জমিনের সাথে আবারও একিভুত হয়ে পড়ে। বর্তমানে আমরা চলাচলের আর কোন রাস্তা নাই।

দখলে অভিযুক্ত মোঃ মোস্তফা জানান, বিগত অন্তত ১০০ বছর পূর্বে বিরোধীয় অংশে রাস্তা ছিল। পরে জনগণের সুবিধার্থে অপর পাশ দিয়ে রাস্তা করা হয়। বিরোধীয় অংশ বহু পূর্ব থেকেই আমাদের দখলে। কিন্তু আইয়ুব গং এককভাবে রাস্তাটির সুবিধাভোগী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন জানান, জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে সরকারী রাস্তা কেটে ফেলার বিষয়টি জানতে পেরেছি। দ্রুততর সময়ে বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে সমাধান করা হবে।

চৌদ্দগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

চৌদ্দগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

‎‎চৌদ্দগ্রাম প্রতিনিধি:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে দুই দফা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমিন। বিদ্যুতের পিলার ভেঙ্গেপড়াসহ বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ। কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ৪২৯টি গ্রামের জনপদ।

সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ছাড়াই রয়েছে অধিকাংশ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, খামার, ফসলি জমির মাঠ, উপড়ে পড়েছে গাছপালা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা পৌনে আটটায় শুরু হয় কালবৈশাখীর তান্ডব। এ সময় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত হয় প্রবলভাবে। ভেঙে পড়ে বিভিন্ন টিনের ঘর, গাছপালা। আঞ্চলিক সড়কগুলোতে গাছ উপড়ে পড়ায় চলাচল বন্ধ হয়ে যায় যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কিং সেবা। এরপর সোমবার ভোরে আবারও শুরু হয় কালবৈশাখীর ঝড়। তীব্র বাতাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শাকসবজি, ধান ও বিভিন্ন ফসলের মাঠ। এক কথায়, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ৪২৯টি গ্রামের অধিকাংশ এলাকায় মানুষ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

‎মুন্সীরহাট ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক বেলাল হোসেন বলেন, বেশ কয়েকটি ক্ষেতের আধা পাকা ধান কালবৈশাখী ঝড়ে নূয়ে পড়েছে। এতে আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তুলতে শ্রমিকের ব্যয় বেড়ে যাবে।

‎বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের ক্ষতিগ্রস্ত খামারী জিয়াউল হক সবুজ বলেন, কালবৈশাখী ঝড়ে টিনশেড মুরগীর খামারটি পুরোপুরি ভেঙে যায়। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

‎কাশিনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের হতদরিদ্র কৃষক আবু মিয়া বলেন, রোববার রাতের কালবৈশাখী ঝড়ে আমার কৃষি ক্ষেতের সব ধান নুয়ে পড়েছে। এবার ভালোভাবে ফলন তুলতে পারবো কি না জানিনা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় সরকারের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি।

‎বিকাশ দোকানী সাদ্দাম হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় মানুষের টাকা লেনদেন করা সম্ভব হয়নি। এতে অনেকে জরুরী সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

‎চৌদ্দগ্রাম পিডিবির আবাসিক প্রকৌশলী ওহিদুর রহমান বলেন, রাতে ঝড়ের পর থেকে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। রাতভর বিরতিহীন চেষ্টায় লাইনগুলো সচল করা হচ্ছে।

চৌদ্দগ্রাম জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান নুর বলেন, আমাদের ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত রাতে (বোরবার) কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ লাইনগুলো মেরামতের চেষ্টা চলছে। এখন পর্যন্ত উপজেলা ৫০ ভাগ লাইন সচল করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত উপজেলার বাকী লাইনগুলো সচল করার কাজ চলবে।

বিদ্যুৎতের তার ছিড়ে প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে

বিদ্যুৎতের তার ছিড়ে প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের শৈবাল মৎস্য প্রকল্পে বিদ্যুৎতের খুটি থেকে তার ছিড়ে পড়ে শর্ট সার্কিটে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মাছ মরে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার রায়পুরে অবস্থিত শৈবাল মৎস্য প্রকল্প। এই প্রকল্পের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের একটি খুটি থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তার ছিড়ে পানিতে পড়ে। এতে ২০-২৫ মন মাছ মরে যায়। মার্চ মাসের ১৯ তারিখে একই ঘটনায় প্রায়২০০ মন মাছ মরে যায়। সবশেষ সোমবার গভীর রাতে তার ছিড়ে পড়লে প্রায় ১৫০ থেকে ২০০মন মাছ মারা যায়। এসকল মাছের বাজার মূল্য ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা। এছাড়াও প্রজেক্টের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে থাকতে দেখা গেছে। পঁচা মাছে দুগন্ধ ছড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রজেক্টের বিভিন্নস্থানে রুই, কারফু, কাতল, গ্লাসকাপ, মৃগেল, সিলভার ও বিগেট প্রজাতির মাছ মরে ভেসে আছে। কিছু মাছ মরে পঁচে গেছে। কিছু আবার অর্ধমৃত অবস্থায় পরে আছে। আশেপাশে মরা মাছে দুগন্ধ ছড়াচ্ছে। আর তার উপর দিয়ে চলেগেছে বিদ্যুতের লাইন। রয়েছে পুরাতন খুটি।

শৈবাল মৎস্য প্রকল্পের ম্যানেজার মহিউদ্দীন আলম বলেন, গভীররাতে বিদ্যুতের তার ছিড়ে পড়লে পুরো প্রজেক্টের মাছ লাফালাফি শুরু করে। পরে বিদ্যু অফিসকে জানালে লাইন অফ করে। এই ১৫-২০ মিনিট সময়ের মধ্যেই অনেক মাছ মরে গেছে। প্রজেক্টের চারিপাশে মাছ মরে ভেসে উঠছে ।

শৈবাল মৎস্য প্রকল্পের পরিচালক মো. মিজানুর রহমান সরকার বলেন, এই নিয়ে তিনবার বিদ্যুতের খুটি থেকে তার ছিড়ে আমার মাছের প্রজেক্টের প্রায় ৫০ লক্ষ টাকার মাছ মরে গেছে। বিদ্যুৎ অফিসকে জানালে তার লাগিয়ে যায়। কিন্তু ২৫/৩০ বছরের পুরাতন তার ও জরাজীর্ণ খুটিগুলো পরিবর্তন করা হয়না। যার কারনে বার বার তার ছিড়ে পড়ে আর প্রজেক্টের মাছ মরে যায়। আমার এত বড় ক্ষতি হয়ে গেলো। আমার এই ক্ষতি পূরণ এখন কে দিবে।

কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর ডিজিএম মো. জিহাদ বলেন, আমরা খবর পেয়ে লোক পাঠিয়েছি। এবং মেরামত করি। পুরাতন খুটি স্থানে নতুন খুটি বসানোর বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মজিবুল হক বলেন, প্রজেক্টের উপর দিয়ে যাওয়া খুটির উপরে চিল, ঈগলসহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ শিকার করার জন্য বসে। তখন দুটি তারের শর্ট সার্কিট ঘটে এবং একটি তার নীচে পড়ে যায়। তখনই মাছ মরে যায়। আমরা খবর পেয়েছি। আমাদের টেকনিকেল টিম ঘটনাস্থলে আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত ৫ আসামি গ্রেপ্তার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত ৫ আসামি গ্রেপ্তার

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যার ঘটনায় জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

সোমবার ( ২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ঢাকার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার মৃত. নুর ইসলামের ছেলে মোঃ সোহাগ (৩৪), মৃত. হারুন মিয়ার ছেলে ইসমাইল হোসেন জনি (২৮), আমড়াতলী ইউনিয়নের আমির হোসেনের ছেলে এমরান হোসেন @ হৃদয় (৩৪), আড়াইওড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে রাহাত হোসেন জুয়েল(২৭) এবং ধর্মপুর এলাকার মৃত. সজল মেয়ের ছেলে মোঃ সুজন (৩২)।

র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। বুলেট বৈরাগী কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম হতে ৪৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লায় তার বাসার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন। ফেরার পথে কুমিল্লার কাছাকাছি স্থানে পৌঁছে পরিবারের সদস্যদের সাথে মোবাইলে কথা বলেছিলেন। পরবর্তীতে পরিবারের লোকজন ফোন দিয়ে তার মোবাইলটি বন্ধ পায়। পরবর্তীতে সকালে মহাসড়কের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। তখন ভিকটিমের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫১। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের শনাক্তপূর্বক গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই গতকাল ২৬ এপ্রিল র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করে ।

এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ হতে ভিকটিমের ব্যবহৃত ০১ টি এ্যান্ড্রয়েড মোবাইল, ০১ টি পাওয়ার ব্যাংক ও তার ব্যবহৃত পোষাকাদিসহ ০১ টি কাধ ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়াও আসামীদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১ টি চাপাতি, ০১ টি সুইচ গিয়ার, ০১টি স্কু ড্রাইভার ও ০১ টি ফোরজিং হ্যামার, ০১টি প্লায়ার্স, ০২টি মোবাইল ও নগদ ২,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য। আসামীরা কুমিল্লা শহরে দূর-দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি/অটোতে তুলে ধারালে অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরণের ধর্তব্য অপরাধ সংগঠন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২৫ এপ্রিল রাতে আসামীরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত ৩ টার সময় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বাসযোগে কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড পৌঁছে বাস থেকে নামলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা সিএনজি চালক আসামী জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চান। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পিছনে যাত্রীর ছদ্মবেশে বসে থাকা আসামী সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে দেন। উক্ত সময় সিএনজি চালকের পাশে যাত্রীর ছদ্মবেশে বসেছিল অপর আসামী জনি। সিএনজিটি জাগুরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পরপরই পিছনে থাকা আসামী সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করে । এসময় আসামীদের সহিত ভিকটিমের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর আসামী জনি চলন্ত সিএনজির সামনের আসন হতে পিছনে এসে তার সাথে থাকা সুইস গিয়ার বের করে ভিকটিমকে ভয় দেখায় ও মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করলে আসামীগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। আসামীদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ফলে মাথার পিছনে প্রচন্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা উক্ত হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ও তাদের দেয়া তথ্যমতে ঘটনায় ব্যবহৃত সিএনজি ও হত্যকান্ডে ব্যবহৃত চাপাতি, সুইচগিয়ার ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব- ১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান।

দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অধিকাংশ ব্যবসায়ী কাঠ বিক্রি বন্ধ রেখেছেন।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার গৌরীপুর বাজারে সাপ্তাহিক কাঠ বাজার অনেকটাই ফাঁকা দেখা যায়।

জানায়, চলতি বছর বার্ষিক দুই কোটি ৪০ লাখ টাকায় উপজেলার গৌরীপুর হাট-বাজার ইজারা নেন তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের আরিফ সরকার নামের এক ব্যবসায়ী। এর সাথে ভ্যাট ও আয়কর শতকরা ১৫ টাকা ও ১০ টাকা যুক্ত হয়। এ বাজারে প্রতি রবিবার সাপ্তাহিক কাঠবাজারসহ প্রতিদিনই অন্যান্য বাজার বসে। সরকারি বিধিমোতাবেক টোল আদায়ের নিয়ম থাকলেও বাজারের কোথাও টোলের চার্ট না থাকায় ইজারাদারের লোকজন যেভাবে খুশি খাজনা আদায় করছেন। নতুন বছরের শুরুতে গত সপ্তাহে আগের তুলনায় অতিরিক্ত খাজনা আদায়ের কারণে এসপ্তাহে অর্থাৎ আজ রবিবার প্রায় ২০/২৫ জন কাঠ ব্যবসায়ী বাজারে আসেননি বলে ব্যবসায়ীরা জানান।

বাতাকান্দি গ্রামের কাঠ ব্যবসায়ী মনির হোসেন বলেন, ১৫ বছর যাবৎ গৌরীপুর বাজারে কাঠ ব্যবসা করি, খাজনা ১৫০ টাকা থেকে দেয়া শুরু, কোন সপ্তাহ কম বেশি খাজনা দেই। আমার ছোট দোকান, গত সপ্তাহে ২৫০০ টাকা দিতে হয়েছে। আজকে বাজারে অনেক ব্যবসায়ী আসেনি বেশি খাজনা দিতে হয় বলে। আমি ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাই, তাই আসছি।

ভ্যান চালক আবু মুছা বলেন, প্রতি সপ্তাহের রবিবারে কাঠের ভাড়া টানতে আসমানিয়া কদমতলী থেকে গৌরীপুর বাজারে আসি। আজ বাজার অনেকটাই খালি দেখছি, অনেক ব্যবসায়ী আসেনি।

২৫ বছর যাবত এই বাজারে ব্যবসা করছেন গজারিয়া উপজেলার বৈসারচর ও বাসারচর গ্রামের দুলাল মিয়া ও সিপন মিয়া। তারা বলেন, আমাদের বড় দোকান ৩০০ টাকার খাজনা থেকে শুরু করে গত বছর ৫০০০ হাজার টাকা পর্যন্ত খাজনা দিয়েছি। এবছর নয় হাজার টাকা দিতে হচ্ছে। প্রতি সপ্তাহে দোকান বসালেই ভাড়া, লেবার ও খাজনা মিলে আমাদের ২৫/৩০ হাজার টাকা খরচ হয়। বিক্রি হোক বা না হোক এই খরচ ঠিকই দিতে হয়। আমরা এক প্রকার জিন্মি, কোন কিছু বলতে পারিনা। বাপদাদার এই পেশা বদল করে অন্য পেশা হয়তো খুঁজে নেব , কিন্তু এমন চলতে থাকলে গৌরীপুর বাজার তার ঐতিহ্য হারাবে।

এবিষয়ে গৌরীপুর হাট-বাজারের ইজারাদার আরিফ সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণে চালক নিহত

দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণে চালক নিহত

দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণে চালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণ হয়ে চালক মোঃ শিপন (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক নিজেই ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে ঘটনাটি ঘটেছে।

নিহত মোঃ শিপন (২৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালা পাড়া ইউনিয়নের রামনগর এলাকার মৃত. আব্দুল আলীমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চালক নিজেই ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে ঘটনাটি ঘটেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মেঘনায় এক তরুণীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

মেঘনায় এক তরুণীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

মেঘনায় এক তরুণীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় এক তরুণীর ছবি বিকৃত করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হিজলতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক ওই এলাকার ওহিদুজ্জামান রতন সরকারের ছেলে মো. আবু সাঈদ সরকার (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর স্বামীর আপন চাচাতো ভাই হওয়ায় সেই পরিচয়ের সুযোগে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ পরিস্থিতি এড়াতে ভুক্তভোগী পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করলেও অভিযুক্ত সেখানে গিয়েও তাঁকে অনুসরণ করে বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব দিতে থাকেন।

ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত গোপনে তাঁর ছবি সংগ্রহ করে সেগুলো বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করেন, পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করেন এবং দাবিকৃত অর্থ না পেয়ে গত ২০২৫ সালের ১০ নভেম্বর একাধিক নম্বর ব্যবহার করে ভুক্তভোগীর পরিচিত ব্যক্তিদের কাছে ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পাঠান।

পরবর্তীতে ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন এবং পুনরায় প্রস্তাবে রাজি না হলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় ভট্টাচার্য্য জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মেঘনা থানায় একটি মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে ভুক্তভোগীর বিকৃত ও অশ্লীল ছবি সংরক্ষণ ও আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, আমরা সাইবার ও অনলাইনভিত্তিক অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং সাইদের মতো এ ধরনের অপরাধে কেউ জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামি সাইদকে সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দিতে নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে কৃষকদের পার্টনার কংগ্রেস

দাউদকান্দিতে নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে কৃষকদের পার্টনার কংগ্রেস

দাউদকান্দিতে নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে কৃষকদের পার্টনার কংগ্রেস

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে।

পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা খামারবাড়ির উপ-পরিচালক মো: মিজানুর রহমান।
তিনি বলেন, কৃষি একটি মহাযজ্ঞ ও অনেক প্রযুক্তির সমাহার। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষকরা বৃহৎ জনগোষ্ঠীর খাবার যোগাতে পারবেন। এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।

অনুষ্টানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা।

তিনি বলেন, বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের মাঝে মতবিনিময় ও সামনের কৃষিকে আধুনিকায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয় পার্টনার কংগ্রেস। কৃষকদের খোরপোশ কৃষি ছেড়ে বানিজ্যিক কৃষিতে নিজেকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করা হয়। কৃষক যেন তাদের গঠিত সমিতির মাধ্যমে বিভিন্ন আয়বর্ধন মূলক কার্যক্রম সম্পাদনের পাশাপাশি ‘কৃষক পরামর্শ কেন্দ্র’ হিসেবে নিজেদের পরিচিত করতে পারেন সেদিকে লক্ষ্য রাখেন তা এই কংগ্রেসের মাধ্যমে সবাই উদ্বুদ্ধ হয়েছেন।

পার্টনার কংগ্রেস অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আল মামুন রাসেল। এছাড়া কৃষক, গণমাধ্যমকর্মী,গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সদর দক্ষিণে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ২

সদর দক্ষিণে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ২

সদর দক্ষিণে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ শুকুর আলী (৪৫) ও মোঃ রহিম শেখ (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শুকুর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শান্তিপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে এবং রহিম শেখ একই থানার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে।

র‍্যাব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।

র‍্যাব জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।