Tag Archives: কুসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে আছেন যারা

কুসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন জমা দিলেন মনিরুলসহ বিএনপির দুজন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুজন। তারা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন কায়সার।

মঙ্গলবার বেলা ১১টায় মনিরুল হকের পক্ষে তার ছোট ভাই কাইমুল হক এবং দুপুর সাড়ে ১২টার দিকে নিজাম উদ্দীন নিজেই মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে মেয়র প্রার্থী মনিরুল হক বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দলের কাছে অব্যাহতি চাইব। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। আমি নির্বাচনে আছি, নির্বাচনে থাকব।

দলের অপর নেতা নিজাম উদ্দীন কায়সারের প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কায়সার ছোট ভাই, সে প্রার্থী হয়েছে। করুক নির্বাচন। আমি কী বলব!

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে দুটি ধারা। এক পক্ষে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন উর রশিদ। আরেক পক্ষে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিটি মেয়র মো. মনিরুল হক। ইয়াসিন গ্রুপ কায়সারকে চাচ্ছে।

২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে মনিরুল দলের শীর্ষ পদ পাননি। তার অনুসারীরাও কোনো পদ পাননি। এর পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

এর মধ্যে ২০১২ সালের ৫ জানুয়ারি মনিরুল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র নির্বাচন করে জয়ী হন। ২০১৭ সালের ৩০ মার্চ মনিরুল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার। ২৭ মে প্রতীক বরাদ্দ। ১৫ জুন নির্বাচন হবে।

কুসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন লড়াইয়ে আছেন যারা

স্টাফ রিপোর্টার:

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। বিভিন্ন সূত্র এমনই দাবি করছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে ব্যানারে পোষ্টারে শুভেচ্ছা জানিয়ে, করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে মেয়র প্রার্থীতার বার্তাই যেন জানান দিচ্ছে প্রার্থীরা।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন বেশ কয়েকজন। তারা হলেন বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, ও নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ি কাউছার জামান বাপ্পি।

তবে আ’লীগ থেকে মেয়র প্রার্থীর তালিকাটা বেশ দীর্ঘ। মনোনয়ন লড়াইয়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন, সংরক্ষিত সাংসদ আনজুম সুলতানা সীমা, এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, বাংলাদেশের ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিঠু এবং মহানগর যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। তবে এ তালিকায় যোগ হতে পারে একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাংসদের নামও ।

কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পরে পরপর দুইবার আ’লীগ দলীয় প্রার্থী এড.আফজল খান ও আনজুম সুলতানা সীমা বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হয়। আ’লীগের দুইবারের পরাজয়ের পেছনে দলীয় অর্ন্তকোন্দলই বড় ভূমিকা পালন করেছে বলে নেতৃমূল নেতারা মনে করেন। এবারো কি বিএনপি নগর পিতার আসন ধরে রাখবে নাকি প্রথম বারের মত আ’লীগ নগর পিতার আসনে বসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস।