Tag Archives: চাঁদপুর

ঈদ উপলক্ষে চার যুগ পর চালু হচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর-সিলেট লাইনে প্রায় চার যুগ আগে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।

অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে চার দিন এবং পরে পাঁচ দিন চাঁদপুর সিলেট রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি আট কোচের ট্রেন হবে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।

তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলক ভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে এ সম্পর্কে আদেশের কপির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকিট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুশরা নাগদা এলাকার শাহজাহান ঢালীর মেয়ে। সে স্থানীয় নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মতলব-পেন্নাই সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে বুশরাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মোটরসাইকেল চালককে পিটিয়ে আহত করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। পরে নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

সৌদি আরবে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশি প্রবাসীর আ’ত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের দাম্মামে ফেইসবুকে লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেছে বাংলাদেশি যুবক আরিফুল ইসলাম নয়ন।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে আকামা না হওয়ায় বেতন পাননি তিনি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, নয়নের আত্মহত্যার বিষয়টি শোনেছি। ঋণের চাপে আ’ত্মহ’ত্যা করেছে। তার পরিবারটি স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে।

চাঁদপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিকের সাথে উধাও নববধূ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ায় এক নববধূ তার সৌদি প্রবাসী স্বামীর স্বর্ণালংকার নিয়ে প্রেমিক কাউছার হোসেনের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ও তার মালামাল ফিরে পেতে সৌদি প্রবাসী স্বামী বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিতারা গ্রামের সৌদি আরব প্রবাসীর সঙ্গে ১১ নভেম্বর একই উপজেলার পদুয়া গ্রামের তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণী তার স্বামীর বাড়িতে সুখে-শান্তিতেই ছিলেন। রোববার বিকালে ওই তরুণী তার স্বামীকে নিয়ে সাচারের কলাকোপা পার্কে ঘুরতে যান।

পরবর্তীতে সন্ধ্যায় পার্শ্ববর্তী সাচার বাজারে রিকশায় বসিয়ে স্বামী ফল কিনতে গেলে প্রেমিক কাউছার হোসেনকে নিয়ে উধাও হয়ে যান নববধূ। এ সময় ওই তরুণী সৌদি ১০ হাজার রিয়াল, ১টি স্মার্ট ফোন, নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

৯০ বছরের আয়েশা বেগম প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কাটাচ্ছেন জরাজীর্ণ জীবন

ডেস্ক রিপোর্টঃ

বিবি আয়েশা বেগমের স্বামী মারা গেছেন প্রায় ১৮ বছর আগে। মারা গেছেন তার তিন মেয়েও। ৯০ বছরের আয়েশা বেগম চাঁদপুর জেলার হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়নের পুরাতন ডিগ্রি কলেজ সংলগ্ন ৮নং ওয়ার্ডের বাদামতলী এলাকার বাসিন্দা।

স্বাভাবিকভাবে চলাফেরার শক্তিটুকু তার নেই। তারপরও চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। একমাত্র ছেলে জিন্না মিয়া (৪৫) প্রতিবন্ধী। জীবনের শেষ প্রান্তে এসেও ছেলেকে দেখাশুনা করতে হয় আয়েশা বেগমকে।

অন্যের দেয়া খাবারেই জীবন চলে তার। বয়সের ভারে ভিক্ষাও করতে পারেন না।

প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও দুজন মানুষকে চালানো সকলের জন্যই কষ্টসাধ্য। তাই অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয় মা-ছেলেকে।

অনেক কষ্টে তিন মেয়ে মাকসুদা বানু, পরীবানু ও কসবানুর বিয়ে দিয়েছিলেন। মেয়েরা স্বামীর বাড়িতে থাকলেও টাকা-পয়সা দিয়ে তাকে সাহায্য করতেন। কিন্তু একে একে তিন মেয়েই মারা যান। এরপর থেকেই শুরু হয় আয়েশা বিবির করুণ জীবন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা বেগমের ভিটেমাটিসহ সবকিছুই চলে গেছে মেঘনার পেটে। ৮-১০ বার নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব তিনি।

পরে মাথা গোঁজার জন্য চলে আসেন হাইমচরের মেঘনার পাড়ে। স্থানীয় তবিউল্লাহ তালুকদারের জায়গায় বছরে ৫০০ টাকায় জমি ভাড়া নিয়েছেন তিনি। সেখানে টিনের একটি ভাঙা ঘর তৈরি করে কোনোমতে বাস করছেন।

সরোজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করছেন আয়েশা বেগম। টিনগুলোতেও জং ধরে ছিদ্র হয়ে গেছে। পুরো ঘরজুড়ে মাকড়সার জাল। ঘরে অল্প কয়েকটি আসবাবপত্র রয়েছে। এছাড়া রয়েছে একটি নড়বড়ে খাট।

ঘরটি এতটাই সংকীর্ণ যে দুজন হাঁটাও মুশকিল। রাতের আঁধারে আলোর ব্যবস্থা হিসেবে রয়েছে একটি মাত্র কুপি।

এ সময় দেখা যায়, কোনো এক প্রতিবেশী তাদের জন্য খাবার পাঠিয়েছেন। দেখেই বোঝা গেল সেখানে রয়েছে একজনের খাবার। তবে এরমাঝেও তাদের মুখে ছিল আনন্দের হাসি।

প্রতিবেশীরা জানান, তারা সাধ্য অনুযায়ী, সাহায্য করার চেষ্টা করেন। আগে তিনি কাজ করে খেতেন। এখন তো বয়সের জন্য সেটাও পারেন না।

আয়শা বেগম বলেন, বাবারে এই বয়সে এসে এমন কষ্ট করতে হবে তা কখনো চিন্তা করিনি। ছেলেটিও প্রতিবন্ধী। কিছু একটা করে যে খাওয়াবে সে সামার্থ্যও তার নেই। উল্টো তাকে আমাকেই খাওয়াতে হয়।

‘আগে তো আশপাশের সবার বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসতাম। এখন আর যেতে মন চায় না। শরীরে শক্তি কমে গেছে। যদি কেউ দেয় তাহলে খেতে পারি। না দিলে চুপচাপ না খেয়ে পড়ে থাকি।’

তিনি বলেন, সরকার আমাকে বয়স্ক ভাতা দেয়। তবে এই যুগে মাসে ৫০০ টাকা দিয়ে কী আর করা যায়? যদি এই বুড়া মানুষটারে কেউ একটু সাহায্য করত তাহলে জীবনের শেষ সময় একটু শান্তি পাইতাম। শুনেছি সরকার নাকি গরিবদের ঘর দিচ্ছে। যদি একটা ঘর পাইতাম…।

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার বলেন, বিবি আয়েশা বয়স্ক ভাতার আওতাধীন। তার ছেলে জিন্না মিয়াকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা করার চেষ্টা করছি।

বিষয়টি জানতে পেরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী বলেন, সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হবে।

চাঁদপুর হাজীগঞ্জে গলায় জীবন্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের ব্রজেন্দ্র ডাক্তার বাড়ির বীরেন্দ্র দাসের ছেলে শিমুল দাস (৩৫) এর গলায় জীবন্ত কৈ মাছ আটকে মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে নিতান্ত শখের বসে হাত দিয়ে কৈ মাছ ধরতে নিজ বাড়ির পুকুরে নামেন শিমুল। বেশ কয়েকটি কৈ মাছ পাওয়ার পর হাতে আরেকটি কৈ মাছ থাকা অবস্থায় সে বুঝতে পারে তার পায়ের নিচে আরেকটি কৈ মাছ আছে। সে সময় শিমুল হাতে থাকা কৈ মাছটি মুখের মধ্যে রেখে ঠোট দিয়ে জাপটে ধরে পায়ের নিচের মাছটি ধরতে গেলে মুখে থাকা মাছটি নাড়া দিয়ে মুখের ভিতর চলে গিয়ে গলায় আটকে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শিমুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। এম্বুল্যান্স যোগে কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী জানান, গলায় মাছটি আটকে থাকা যুবককে কুমিল্লা রেফার করি। পরে শুনেছি যুবকটি মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল দাস দোপল্লা বাজারে নরসুন্দরের কাজ করতেন। সে বিবাহিত জীবনে দুই সন্তানের জনক।

কুমিল্লা বিভাগ: অপেক্ষার অবসান কবে ?

বিশেষ প্রতিবেদন:
কুমিল্লা বিভাগ হচ্ছে, হবে এমন আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত কুমিল্লার জনগণ। কুমিল্লাকে বিভাগ করা নিয়ে এত আলোচনা, এত বাহানা। উপমহাদেশের প্রাচীণ জনপদ কুমিল্লাকে কেন অবহেলা করা হচ্ছে ? কুমিল্লার এত মন্ত্রী – সাংসদ তারাই বা কেন এক সাথে এ দাবিতে সোচ্ছার হচ্ছে না ? একজন দুইজন দাবি তুললে অন্যরা কেন সেই দাবির সাথে এক হতে পারছে না ? কেন তারা কুমিল্লা বিভাগের দাবির প্রশ্নে নিস্ক্রিয় থাকছে ? আবার বিভাগের নাম পাল্টে ময়নামতি নামে করার পক্ষে আছেন দুই একজন জনপ্রতিনিধি । কেন একটি উপজেলার একটি ইউনিয়নের নামে হবে কুমিল্লার বিভাগ ? এমন হাজারো প্রশ্নের অন্তরালে চাপা পড়ে আছে কুমিল্লার বিভাগ বাস্তবায়ন।

কুমিল্লা অনেক আগেই যৌক্তিকভাবে বিভাগ হওয়ার অন্যতম দাবিদার ছিল। কুমিল্লার যে ঐতিহ্য তাতে রংপুর, সিলেট, ময়মনসিংহের আগেই কুমিল্লা বিভাগ হওয়ার দাবিদার। সরকার যেভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছে, তাতে পূর্বাঞ্চলে একটি নতুন বিভাগ করা যেতেই পারে। আর তার জন্য রাজধানী ঢাকা আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঠিক মাঝখানে শিক্ষা-সংস্কৃতি-যোগাযোগের কেন্দ্রে থাকা প্রাচীন জনপদ কুমিল্লার চেয়ে ভালো কোনো বিকল্প নেই। কিন্তু তারপরেও নানা ইস্যু, না বাহানার ছলে কুমিল্লা এখনো বিভাগ বঞ্চিত।
এক সময় অবিভক্ত ভারতের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল কুমিল্লা। গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত কুমিল্লা একসময় অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীও ছিল। বাংলাদেশ শুধু নয়, এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন জনপদের একটি কুমিল্লা। এই জনপদের স্তরে স্তরে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য। কুমিল্লার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নজরুলের অনেক স্মৃতি। এই শহরে নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, এই শহরে নজরুল হাঁটতেন, এখানে বসে নজরুল কবিতা লিখতেন, এখানে আড্ডা মারতেন, এই কুমিল্লার বাতাসে ভেসে আসে উপমহাদেশের সংগীত সাধক শচীন দেব বর্মণের কণ্ঠ । এখানে এসেছেন অহিংসার বাণী নিয়ে ভারতবর্ষের মহান নেতা মহাত্মা গান্ধী। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলিতে ধন্য হয়েছে এই কুমিল্লা। বুদ্ধদেব বসুর জন্ম কুমিল্লায়। ওস্তাদ আয়েত আলী খাঁ’দের সেতার ঝঙ্কার তুলেছে কুমিল্লার বাতাসে। পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার প্রস্তাবক ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার সন্তান। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার অন্যতম সহযোদ্ধা রফিকুল ইসলামও কুমিল্লার। এখানে রয়েছে শতবর্ষের ঐতিহ্যে লালিত দেশের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। কুমিল্লায় রয়েছে অষ্টম শতকে নির্মিত কোটবাড়ীর শালবন বৌদ্ধবিহারসহ প্রায় অর্ধশতাধিক প্রত্নসম্পদ। রয়েছে ময়নামতি জাদুঘর। আরো রয়েছে লালমাই পাহাড়,শাহ সুজা মসজিদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি, নানা ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আকর্ষণ করে ইতিহাসবিদ ও পর্যটকদের। এখানকার কোটবাড়িতে রয়েছে ড. আখতার হামিদ খানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), যেখানের সমবায় ধারণা আলোচিত বিশ^জুড়ে। কুমিল্লার খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ ও কারু শিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি সুনাম দেশজুড়ে। রসমালাই আর খাদির সুনাম তো বিশ্বজুড়ে । ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার রাজেশপুরে রয়েছে ইকোপার্ক। কুমিল্লা ইপিজেড, কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, দিদার সমবায় সমিতি, দাউদকান্দির প্লাবনভূমিতে মৎস্য চাষ এখানকার অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে। সব মিলিয়ে দেশের অন্যান্য জেলার চেয়ে কুমিল্লা অনেক বেশি সমৃদ্ধ। এই কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাংকের শহর। যদিও অনেক দীঘি-পুকুর ভরাট করে ফেলেছে ভূমিদস্যুরা। তবু এখনও ঐতিহ্যে ভরপুর ধর্মসাগর, রাণীর দীঘি, নানুয়ার দীঘির মত অনেক জলাশয় টিকে আছে। একসময় অবিভক্ত ভারতের ব্যাংকিং আর সমবায়ের প্রাণকেন্দ্র ছিল কুমিল্লা।

কুমিল্লায় সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। একটি পরিপূর্ণ আবাসিক জেলা হিসেবে কুমিল্লার সুনাম রয়েছে। ভৌগোলিক ও উন্নত যোগাযোগব্যবস্থার কারণে কুমিল্লা খুবই সমৃদ্ধ জনপদ। এ ছয় জেলার মানুষের সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ অত্যন্ত মসৃণ। দাপ্তরিক বেশির ভাগ কাজেই ছয় জেলার মানুষ কুমিল্লায় জড়ো হন। এখানে দিনে এসে দিনে কাজ করে বাড়ি ফিরে যাওয়া সম্ভব। ছয় জেলার মানুষের আঞ্চলিক ভাষাও কাছাকাছি। কুমিল্লা সবকিছুতেই অগ্রসরমাণ। কুমিল্লায় সিটি করপোরেশন ও শিক্ষা বোর্ডসহ সরকারের অনেকগুলো দপ্তরের বিভাগীয় কার্যালয় এখানে বিদ্যমান রয়েছে। কুমিল্লায় সরকার আইটি ভিলেজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু নানা কারণে কুমিল্লা অবহেলার পাত্রেই রূপ নিয়েছে।

প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্গত ছিল কুমিল্লা এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মতের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া নামের যে স্থানের উল্লেখ পাওয়া যায় তা থেকেই কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। সেই ঐতিহাসিক কুমিল্লা নাম বাদ দিয়ে কুমিল্লা বিভাগের নামকরণের জন্য বেছে নেয়া হয়েছিল ময়নামতি নামটি। তখন ক্ষোভে ফেটে পড়ে কুমিল্লাবাসি। এটি নিয়ে কুমিল্লা ও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুমিল্লার সন্তানরা তীব্র প্রতিবাদ করে। এক সময় আবার থমকে যায় কুমিল্লার বিভাগ বাস্তবায়নের বিষয়টি।

কুমিল্লা বিভাগ করার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই অনেক বছর আগে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা হয়। ১৯৬০ সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে কুমিল্লা পৃথক জেলার মর্যাদা পায়। গোমতী নদীর তীরে এ শহরের অবস্থান। একে বলা হয় পথিকৃৎ কুমিল্লা। ১৯৮৬ সালে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ও বর্তমানে কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। ১৯৮৯ সালে বৃহত্তর কুমিল্লার কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালীর নোয়াখালী, ফেনী ও লক্ষèীপুরসহ ছয়টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি শুরু হয়। কুমিল্লা গণফোরাম নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে ওই দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। পরে সংগঠনের নাম হয় কুমিল্লা গণদাবি পরিষদ।

অনেক দাবির পর ২০১৫ সালের ২৬ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষèীপুর জেলা নিয়ে কুমিল্লা বিভাগ করার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশনা দেন। এরকম নির্দেশনা শুনে প্রধানমন্ত্রীর প্রতি বৃহত্তর কুমিল্লাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার ওই বছরের ৪ মার্চ মহান জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দেন। কুমিল্লা নামে বিভাগ নিয়ে যখন প্রক্রিয়া শেষের দিকে এগুচ্ছিল তখন একনেকের সভায় কুমিল্লা নামের পরিবর্তনের সিদ্ধান্ত আসলে বৃহত্তর কুমিল্লাবাসী রাজপথে আন্দোলনে নামে। এমনিভাবে বিভাগ বাস্তবায়নের বিষয়টি বিলম্বিত হতে থাকে।

এছাড়াও বৃহত্তর কুমিল্লার সাথে বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী, ফেনী, লক্সীপুর থাকা না থাকা নিয়ে টানাপোড়েন দেখা দেয়। শেষ পর্যন্ত বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লার সাথে থাকছেনা এমন আভাসই দিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জানান, কুমিল্লা নামেই বিভাগ হচ্ছে। যাদের সঙ্গে নিতে চেয়েছিলাম তারা আসবে না। তবে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর থাকছে কুমিল্লার সঙ্গে। কুমিল্লা বিভাগ হওয়ার সিদ্ধান্ত এবং সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তবে জানা যায়, কুমিল্লা জেলাকে ভেঙ্গে আরেকটি জেলা হতে পারে। সেটি হতে পারে লাকসাম বা দাউদকান্দি জেলা। কারণ বিভাগ করতে হলে অন্তত ৪টি জেলা লাগবে। সবই এখন পর্যন্ত ধোয়াশা। তবে কবে হবে এটি বাস্তবায়িত তা কেউই বলতে পারছে না।

দেখা যাক উপমহাদেশের প্রাচীন জনপদ ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ, অথচ নানা কারণে অবহেলিত এই কুমিল্লা কবে বিভাগে বাস্তবায়িত হয় । তবে কুমিল্লার জনপ্রতিনিধিদের মধ্যে ঐক্য না হলে বিভাগের স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

শিক্ষামন্ত্রীকে কুটক্তি করার প্রতিবাদে এমপি শফিকুরের বিরুদ্ধে মানববন্ধন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলাদেশ ছাত্রলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষা বীর এম এ ওয়াদুদ কে নিয়ে কটুক্তি করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ায় ফরিদগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দেবপুর বাজারে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল খায়ের বঙ্কু পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সাবেক ছাত্রনেতা মাহফুজুল কবির রাজু চৌধুরী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ, রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল দেবপুর বাজার থেকে শুরু করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে মহামায়া বাজারে এসে শেষ হয়। পরে মহামায়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় পুরো মহাসড়ক জুড়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচীতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

চাঁদপুরে পৃথক ঘটনায় ট্রলারডুবিসহ নদীতে ডুবে দুজনের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে বিয়ের যাত্রী নিয়ে ট্রলারডুবিতে প্রিয়ান্তি নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় ওই ট্রলারে থাকা আরও ৩৯ যাত্রী নদীতে ডুবে গেলেও প্রাণে রক্ষায় পান। এদিকে মতলব উত্তরের মোহনপুরে লঞ্চে করে পিকনিকে এসে মেঘনা নদীতে ডুবে সাজ্জাত হোসেন নামের ২০ বছরের এক তরুণ নিখোঁজ হয়েছেন। পৃথক দুটি ঘটনা রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ও রাতে ঘটলেও সোমবার ( ২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি।

চাঁদপুর নৌ পুলিশ সুপার ফরিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী রতন চন্দ্র দাস বলেন, রাত আটটায় চাঁদপুর সদর উপজেলার পাইকদী গ্রাম থেকে বিয়ের যাত্রীবাহী ট্রলার একই উপজেলার চরমেয়াশা গ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি শাহতলী বাজারের পশ্চিম পাশে এলে পেছন থেকে বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪০ জন যাত্রীর সবাই নদীতে ডুবে যায়। নদী শান্ত থাকায় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে গেলেও পাঁচ বছরের শিশু প্রিয়ান্তি নিখোঁজ হয়। খবর পেয়ে রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে নিখোঁজ শিশুর কোনো সন্ধান পায়নি।

এদিকে একই দিন দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে মানিক-৯ লঞ্চে করে একদল ব্যবসায়ী ও কর্মচারী পিকনিকে যান। মেঘনা নদীতে অনেকেই গোসল করতে নামেন। বিকেল চারটার দিকে সাজ্জাত হোসেন নামের একজন নদীতে গোসল করার সময় ডুবে গিয়ে নিখোঁজ হন। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জের বালি গ্রামে। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দল রাত ১০টা পর্যন্ত নিখোঁজ তরুণের সন্ধান চালিয়ে তাঁকে উদ্ধার করতে পারেনি।

মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মো. হোসেন বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও ওই তরুণের সন্ধান পাইনি। এখনো আমরা নদীতে তল্লাশি চালাচ্ছি।’ এ ঘটনায় সাজ্জাতের বড় ভাই সাব্বির হোসেন নৌ থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।

নৌ পুলিশের পুলিশ সুপার ফরিদুল ইসলাম বলেন, দুটি ঘটনাই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তিতে বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ মাহফিল

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মো. সিদ্দিকুর রহমান স্মরণে কবর জিয়ারত মিলাদ মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) পৌর শহরের ৮ নং ওয়ার্ডের গুলাছিবাড়ি জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহরাস্তি উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, শাহরাস্তি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে এ আয়োজন করা হয়।

শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটন। তিনি তার বক্তব্যে বলেন, এই সিদ্দিক স্যার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহরাস্তি তথা চাঁদপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তৎকালীন সময়ে অসামান্য অবদান রেখেছিলেন। এই প্রয়াত নেতার রাজনৈতিক জীবন দশায় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ এ নেতার স্মরণসভায় আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।

ওই সময় অনুরূপ বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির রাজনীতিতে কখনো দ্বিধাবিভক্ত সৃষ্টি করেননি। নিজের দলের ও দেশের কল্যাণে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছেন বলে মৃত্যুর পরও আজকে সকল শ্রেণী-পেশার মানুষের নিকট ও দলের নিকট সম্মানিত হচ্ছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

ওই সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুবদলের সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক থানা যুবদল অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার, জাকির হোসেন খান নয়ন আহবায়ক পৌর যুবদল, আব্দুল কাইয়ুম রিপন সদস্যসচিব পৌর যুবদল, আবুল কাশেম মোল্লা যুগ্মসাধারণ সম্পাদক থানা বিএনপ, মোঃ আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক ও রায়শ্রী দক্ষিণ বিএনপি, শামীম আহমেদ সাধারণ সম্পাদক টামটা দক্ষিণ ইউপি বিএনপি,মোহাম্মদ বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক মেহের দক্ষিণ ইউপি বিএনপি,জাকির হোসেন লিটন সাধারণ সম্পাদক সুচিপাড়া দক্ষিণ ইউপি বিএনপি, মাওলানা মোস্তাফিজুর রহমান সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, ফিরোজ আহমেদ সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড পৌর বিএনপি, মোঃ আবু তাহের সভাপতি ১২ নং ওয়ার্ড, মোহাম্মদ আবদুর রব সভাপতি ১ নং ওয়ার্ড, মরহুমের কনিষ্ঠ পুত্র ও বিএনপি নেতা আদনান নোমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংবাদিক মইনুল ইসলাম কাজল, ফয়েজ আহমেদ, জামাল হোসেন। এছাড়া বিএনপি যুবদল ছাত্রদল কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের মুসল্লিবৃন্দ। মিলাদ শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।