Tag Archives: জানুয়ারি

মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের টার্ন আউট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জয় আমাদের হবে।

আজ (বুধবার) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, সংবিধানের বাধ্যবাধকতা। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের হাতে, সেটা আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের কাছে একজন ইন্সপায়ারিং লিডার। বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সাহসী নেতার নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, গত ৪৮ বছরে সবচেয়ে সফল ডিপ্লোমেটিকের নাম শেখ হাসিনা।

আগামী বছর ১৪ জানুয়ারি খালেদা জিয়ার ১১ মামলার শুনানি

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় শুনানির তারিখ পিছিয়ে আগামী বছরের ১৪ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাগুলো শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ জন্য খালেদা জিয়ার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। সব মামলার কার্যক্রম খালেদা জিয়ার পক্ষে স্থগিত করেছেন হাইকোর্ট। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। এদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহণের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন মারা যান।

ওই ঘটনায় পরের দিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এ ছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা করা হয়। এই আট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি আনিছুর

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

‘২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ ঠিক করিনি।’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার (০২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল।’

আনিছুর রহমান, ‘ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। এগুলো জানতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ‘প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানায়, ‘মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে।’

আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।’

প্রশিক্ষকদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানায়, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।’