Tag Archives: জামায়াত ইসলামী

চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক শিবির নেতা, বর্তমান জামায়াত নেতা ফজলুল হক মোল্লার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সংবাদ পেয়ে পিকআপের মালিক, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে গেছে। পিকআপ মালিক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভা জামায়াতের একনিষ্ট কর্মী ফজলুল হক মোল্লা। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে আমার পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মহাসড়কের পাশে আমার বাড়ির সন্বিকটে ডিভাইডারের কাছে রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। আমার জীবিকার একমাত্র সম্বল ছিল এই গাড়িটি। আমি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, একজন মানুষের জীবিকার একমাত্র সম্বল পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনা যারা করেছে তাদের বিচারের দাবি জানাই।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে যাওয়া গাড়িটি থানায় আনা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে নাজিমুদ্দিন মোল্লা

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগর( উত্তর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় সূরা সদস্য নাজিমুদ্দিন মোল্লা একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দেখতে হাসপাতালে যান।

শনিবার রাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্ব-শরীরে হাজির হয়ে অধ্যক্ষ সেলিম ভুইয়ার শারিরীক খোঁজ খবর নেন এ নেতা। এ নিয়ে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

স্থানীয়রা মনে করেন, সারাদেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা গেছে ঠিক সেই মুহূর্তে দুই নেতার সৌহার্দ্য পূর্ণ সাক্ষাৎ সম্প্রীতির বার্তা ও প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকবে এই বার্তা বহন করে।

উল্লেখ্য, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শনিবার সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দোয়া চেয়ে নেতাকর্মীরা পোস্ট করেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বোন নারী নেতৃ ফাতেমা আক্তার খানম শারিরীক  অবস্থা সম্পর্কে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন আগের চেয়ে অনেকটা ভালো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছেনা, এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে চ্যাম্পিয়ন গোমতী ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে শালবন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গোমতী ওয়ারিয়র্স।

ফাইনাল খেলায় গোমতী ওয়ারিয়র্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ১৬ ওভারে শালবন টাইগার্স ১০০ রান করেন। দলের পক্ষে অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ১৪ রান, মোস্তাফিজ ৩২, ইকরাম ৮, সোহরাব সুমন ৭, শাহ ইমরান ২, আলমগীর ৩ ও সাইফুল সুমন ৪ রান করেন। শালবন টাইগার্স এর পক্ষে সুমন কবির ও মাইনুল স্বপন ২ টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে গোমতী ওয়ারিয়র্স ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের দ্বারে পৌছে যান। দলের পক্ষে সোহান ৩৯ রান, আজাদ ১১, সুমন কবির ২৫, স্বপন ৮, মান্না ৭ রান করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুমন কবির। সেরা বোলার হয়েছেন মাইনুল হক স্বপন , সেরা ব্যাটার হয়েছেন সোহান, সেরা ফিল্ডার হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ এবং টুর্ণামেন্ট সেরা হয়েছেন সোহান। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পাওয়া সোহানকে ৩ হাজার টাকা ও ম্যান অব দ্য ম্যাচ পাওয়া সুমন কবিরকে ২ হাজার টাকা উপহার দিয়েছেন ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান।
টুর্ণামেন্টজুড়ে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ, জহিরুল হক বাবু, ইয়াছিন মিয়া, সাফি, জিহাতুল সাকিব।

 

টুর্ণামেন্টে আয়োজনে সহায়তা করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা, চ্যানেল বাংলাদেশ টিভির শাহ ইমরান, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান ও এশিয়ান টিভির কুমিল্লা ব্যুরো প্রধান আজিজুল হক। ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন ময়নামতি ও ধর্মসাগর দল।

  

এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন নগদ হাটের ব্যবস্থাপনা পরিচালক  ইসরাফিল মোল্লা,  ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান, নুর জুয়েলার্সের পরিচালক আরিফ জামান, হাফসা সুইটস এর পরিচালক সোহেল ভূইয়া, শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টুর্ণামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক মাসুক আলতাফ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ সামসুল তাবরেজ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদালতের পিপি ও বিএনপি নেতা কাইমুল হক রিংকু, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি বদিউল আলম সুজন, প্রতিষ্ঠাকালিন বিএনপির ছাত্র-যুব সংগঠক ও ইর্ষ্টাণ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মো: সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এড হক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মহানগর বিএনপি নেতা রেজাউল হক আখি, জেলা জাসসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন ও সদস্য সচিব রিপন। সকল অতিথিদের হাতে উপহার তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান দিলীপ মজুমদার প্রমুখ।

   

এছাড়া নকআউট পর্বের খেলাগুলোতে সম্মানিত অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুমিল্লার বরুড়া সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুসিকের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, কুসিকের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া, কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক কোচ সারোয়ার জাহান প্রমুখ।

এদিকে ২৫ নভেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্তাধিকারি আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো: সারোয়ার জাহান। কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

টুর্ণামেন্টজুড়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন টুর্ণামেন্টের অন্যতম উদ্যোক্তা , কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

 

টুর্ণামেন্টে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন  কল ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও রাশেদ রবি।

 

 

বিএনপির কর্মীর চাকরির জন্য নিজামীর কাছে তদবির করেছিলেন এমপি প্রাণ গোপাল !

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
আবারও বক্তব্য দিয়ে ভাইরাল কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল। যুদ্ধাপরাধি, জামায়াত ইসলামির শীর্ষ নেতা, চারদলীয় জোট সরকারের সময় শিল্পমন্ত্রীর দায়িত্বে থাকাকালিন সময়ে মতিউর রহমান নিজামিকে অনুরোধ করে বিএনপির এক ছেলেকে চাকরি নিয়ে দিয়েছিলেন বর্তমান সাংসদ অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত ।

চলতি বছরের মার্চ মাসে চান্দিনার হারং পশ্চিমপাড়া শাহী ঈদগাহ কমপ্লেক্স এর উদ্বোধনের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে চান্দিনার সাংসদ অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত নিজের মুখেই এ কথা স্বীকার করেন। এমপি প্রাণ গোপালের এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল ওই অনুষ্ঠানে বলেন, আমার এক ভাগিনা আছে। মিঠু তার নাম। তারা আবার বিএনপি করে। তারে যদি আমার কাছে দেখে, তখন আবার মানুষে বলবে বিএনপি নিয়ে ঘুরতেছে। তার চাকরিটা স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কিভাবে হয়েছিল , তা আপনারা শোনেন। মতিউর রহমান নিজামী (জামায়াত ইসলামীর শীর্ষ নেতা) তখন শিল্পমন্ত্রী । মতিউর রহমান নিজামী তার পাবনার সব রোগী আমাকে দেখাইতো। আমি উনার কাছে গেলাম। বললাম, আমার ভাগিনা। তার বাবা বিএনপি করে। আপনি যদি তাকে চাকরিটা দেন । তখন তিনি একটা কথাই বলছেন- মওদুদ সাহেবের তদবির আছে, হাওয়া ভবনের তদবির আছে। পদ একটা, আমি কি করে দিবো? তখন আমি উনাকে বললাম- আমি আপনার কাছে আবদার করেছি, আপনি পারলে দেন। তিনি পরে চাকরিটা দিয়েছেন। তিনি কথা রেখেছেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ এর বাড়িতে সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এবং কেরণখাল ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতির পিতা মরহুম হাজী সুন্দর আলীর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাও. মো: মনিরুজ্জামান বলেছেন, বিগত ইউপি নির্বাচনে চান্দিনায় নৌকাকে জোরপূর্বক হারানো হয়েছে। নৌকার বিরুদ্ধে আওয়ামী বিরোধী সমস্ত সিন্ডিকেটকে ঐক্যবদ্ধ করে নৌকার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। শুধু ইউনিয়ন পরিষদ না, জেলা পরিষদ নির্বাচনেও কারচুপি করে আমাদের প্রার্থীকে হারানো হয়েছে। এসবের নেপথ্যের নায়ক আমাদের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল। আমি অবাক হয়েছিলাম নৌকার মনোনয়ন পেয়ে বিনাভোটে শেখ হাসিনার করুণায় নির্বাচিত হয়ে একজন সাংসদ কিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নেয়। পরে শুনলাম জামায়াত নেতা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় চাকরি চাওয়ার জন্য সেখানে যান এবং মতিউর রহমান নিজামী তার কথা রেখেছিলেন। মতিউর রহমান নিজামীর অনুকম্পা যার উপর আছে (এমপি প্রাণ গোপাল) ,তার কাছে নৌকা নিরাপদ না। জোবায়দা রহমানের ব্যক্তিগত ডাক্তার যিনি ছিলেন, তার হাতে নৌকা বিজয়ী হতে পারে না ।

এছাড়া এমপি প্রাণ গোপালের এমন বক্তব্যের পর চান্দিনার আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চান্দিনার বাড়েরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর কাছে এমপি প্রাণ গোপাল বিএনপির এক ছেলের চাকরির জন্য গিয়েছিলেন। নিজামী চাকরিও দিয়েছিলেন। এই বিষয়টিতে চান্দিনা আওয়ামীলীগ গভীরভাবে নিন্দা জানাচ্ছে।

কেরনখাল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: হারুন আর রশীদ্ বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর কাছে চাকরির জন্য এমপি প্রাণ গোপাল গিয়েছিলেন। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে  সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপালের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।