Tag Archives: টিআইবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে, বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও, বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংঘটনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

টিআইর সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালে স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত “২৫ থেকে ২৮” এর মধ্যে আবর্তিত ছিল। ২০২৩ সালে এক পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও এক পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে সিপিআই স্কোরের প্রবণতা বিশ্লেষণ অনুযায়ী টানা চার বছরসহ মোট ছয়বার বাংলাদেশের স্কোর ছিল ২৬, তিনবার ২৫ এবং একবার করে ২৪, ২৭ ও ২৮। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ চারবার ১৩তম, তিনবার ১৪তম, দুইবার ১২তম এবং একবার করে ১৫, ১৬ ও ১৭তম।

গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একইঅবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।

টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি

১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি

ডেস্ক রিপোর্ট:

গত ১৪ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কার্যক্রমে ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার সকালে ধানমন্ডির টিআইবির কার্যালয়ে ‘সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার ফল উপস্থাপনের সময় এ তথ্য জানানো হয়।

গবেষণায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে এক হাজার কোটি টাকার নিচের প্রকল্পগুলোকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলোর প্রাক্কলিত দুর্নীতির পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা। সড়ক নির্মাণ প্রকল্পের মোট দুর্নীতির হার ২৩ থেকে ৪০ শতাংশের মধ্যে, যার মধ্যে কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল পাওয়ার ক্ষেত্রে ১১-১৪ শতাংশ দুর্নীতি ঘটে। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আঁতাতের মাধ্যমে ১০-২০ শতাংশ দুর্নীতি সংঘটিত হয়। দরপত্র লাইসেন্স ভাড়া দেওয়া, কার্যাদেশ বিক্রি, সমঝোতা এবং রাজনৈতিক চাঁদাবাজির মতো ক্ষেত্রগুলোতে দুর্নীতির হার ২-৬ শতাংশ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে অতিরিক্ত ব্যয়ে সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে নির্মিত সড়ক ও সেতুর মান খারাপ হচ্ছে এবং তা টেকসই হচ্ছে না। এটি প্রকল্পের উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করছে এবং জাতীয় সম্পদের অপচয় ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়ক উন্নয়ন খাতে রাজনীতিবিদ, আমলা ও ঠিকাদারের ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন ধাপে স্বার্থের দ্বন্দ্ব ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

গবেষণায় দেখা গেছে, কিছু ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের প্রকল্প অনুমোদন সভায় দ্রুত প্রস্তাব উত্থাপন এবং গোপনে প্রকল্প প্রস্তাব মূল্যায়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কিছু কর্মকর্তা কমিশনের কর্মচারীদের ঘুষ প্রদান করে থাকেন, যার পরিমাণ ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

কুবিসাস সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিলো টিআইবি

কুবিসাস সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিলো টিআইবি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর সদস্যদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কর্মশালাটি কুমিল্লার একটি হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, সহসমন্বয়ক জাফর সাদিক, ইকরামুল হক ইভান ও রিফাত রহমান।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন অনুসন্ধানী সাংবাদিক ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষক মোহাঃ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু) ও টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার কলা-কৌশল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য গল্প বলার কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতায় ডেটা ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকরা টিআইবির গুরুত্বপূর্ণ অংশীজন। অনুসন্ধানী সাংবাদিকতাকে প্রণোদনা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আমরা অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ প্রদান, অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের মতো তরুণ সাংবাদিকদের জন্য বলতে চাই, সাংবাদিকতা পেশায় সব সময়ই নানা ধরনের প্রতিকূলতা ছিলো এবং সবসময়ই থাকবে। এগুলোকে পেশাগত বিড়ম্বনার একটা অংশ হিসেবে নিতে হবে। তাই বলে আমরা এটাকে মেনে নেব না। বরং এটিকে জয় করে সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রেখে কাজ করে যেতে হবে আমাদের। পাশাপাশি মনে রাখতে হবে, সাংবাদিকতার সঠিক ব্যবহার ও অপব্যবহার দুটোই করার ক্ষমতা রয়েছে সাংবাদিকদের হাতে। যে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।’

উল্লেখ্য, কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং একইসঙ্গে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কর্মরত তেত্রিশজন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিককে সনদ প্রদান করা হয়।