Tag Archives: বিমান হামলায়

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১১ জন নিহত

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, লেবাননজুড়ে ইসরাইল সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে। একই দিনে তাল্লোসা গ্রামে আরেকটি হামলায় চারজন নিহত এবং দুজন আহত হন।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল বিমান হামলা চালায়।

হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত ইসরাইল-নিয়ন্ত্রিত মাউন্ট ডোভ অঞ্চলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর, ইসরাইলের সেনাবাহিনী লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে একের পর এক বিমান হামলা চালায়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরাইলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর, প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসেবে গুলি চালিয়েছে। তারা অভিযোগ করেছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরাইলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখেনি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে, ইসরাইল দক্ষিণ লেবাননে কমপক্ষে চারটি বিমান হামলা এবং একটি আর্টিলারি ব্যারেজ হামলা চালায়, যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল, যাতে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আরেকটি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর একজন কর্পোরাল নিহত হন।

ইসরাইল দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাদের প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরাইলকে অভিযুক্ত করেছেন যে তারা ৫০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে।

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের কারণে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয়। প্রায় ১৪ মাস পর দুইপক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়। তবে নতুন হামলা এই যুদ্ধবিরতিকে ভঙ্গুর করে তুলেছে, যা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তার প্রেসিডেন্ট পদ গ্রহণের আগে যদি তারা মুক্তি না পায়, তবে তা হবে ভয়াবহ পরিণতি।

ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি জড়িত করার হুমকি দিচ্ছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে প্রায় ১৫ মাস ধরে চলা এই সংঘাতে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন প্রদান করেছে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় একটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান নিজাম।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদ নিজাম জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। তার মরদেহ বর্তমানে সেখানকার একটি হিমঘরে রাখা হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় মারা যান। তার মৃত্যুস্থান নিশ্চিত হয়েছে বিকেল ৩টা ২৩ মিনিটে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।