Tag Archives: মেসি

ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ মেসিদের মায়ামি

ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ মেসিদের মায়ামি

ডেস্ক রিপোর্ট:

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেভাবে ছুটছিল, তাকে রূপকথা ছাড়া অন্য কিছু বলার সাধ্য ছিল কই। একের পর এক ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন মেসি। তাতে ইন্টার মায়ামিও ছুটেছে জয়ের পথে। লিগস কাপে শিরোপা, ইউএস ওপেন কাপের ফাইনাল সবমিলিয়ে শুরুটা ছিল দুর্দান্ত। সেই জয়ের ধারায় এবার লাগাম টেনে ধরলো ন্যাশভিল।

ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে ঘরের মাঠে এদিন জয় পেতে ব্যর্থ হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। দারুণ অ্যাটাকিং ফুটবল খেলেও গোলশুন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের।

পুরো ম্যাচে বেশিরভাগ সময়েই লাগাম নিজেদের কাছেই রেখেছিল টাটা মার্টিনোর শিষ্যরা। কিন্তু ন্যাশভিল ছিল সতর্ক। কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল তারা। সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল।

এদিন ম্যাচের আগে নিজেদের সদ্য জয় করা লিগ কাপের শিরোপা সমর্থকদের সামনে নিয়ে আসে মায়ামির খেলোয়াড়রা। প্রত্যাশা ছিল এমন দিন জয় দিয়ে স্মরণীয় করে রাখা। কিন্তু তার আর হলো না। নিজেদের কনফারেন্সের শক্তিশালী প্রতিপক্ষ ন্যাশভিল এসসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। আর যুক্তরাষ্ট্রের প্রথমবারের মত জয় পেতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।

পুরো ম্যাচেই নিজেদের জমাট রক্ষণের আস্থা রেখেছিল ন্যাশভিল। তাতে ফলও এসেছে। পুরো ম্যাচে গোটা ছয়েক শট নিয়েও গোল করতে পারেননি মেসি। প্রতিবারই আটকেছেন ন্যাশভিল রক্ষণের কাছে। অবশ্য শুধু মেসিই না। এদিন পুরো মায়ামির আক্রমণকেই প্রতিহত করেছেন লুকাস ম্যাকনটন-জ্যাক মাহেররা।

পুরো ম্যাচে ১৩ টি শট নিয়েছে মায়ামি। বল দখলে ছিল ৬৯ শতাংশ সময়। এমনকি পাসও খেলেছে বিপক্ষ দলের প্রায় তিনগুণ। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধের দেয়ালের সামনে এসব পরিসংখ্যান একেবারেই কাজে আসেনি মায়ামির।

এই ম্যাচের পর অবশ্য নিজের দলকে নিয়ে আরও কিছুটা ভাবনায় পড়তে হবে মায়ামি কোচ মার্টিনোকে। মেসির অফফর্মের দিনে তার দলের জয় নিয়ে ফেরা বেশ কঠিন, সেই অবস্থার উন্নতি নিশ্চয়ই চাইবেন তিনি।

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। নয়ে থাকা শিকাগো ২৬ ম্যাচে পেয়েছে ৩২ পয়েন্ট। আর সমান ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৩৯।

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

ডেস্ক রিপোর্ট:

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের। এমএলএসে নিজের অভিষেক ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি।

দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় দ্যা হিরন্স।

দ্বিতীয়ার্ধে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর তাতেই উল্লাসে মাতেন সমর্থকরা। সেই আনন্দ আরো বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে প্রথম গোল এলএমটেনের। জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানী থেকে, এক ধাপ উপরে উঠে এলো ইন্টার মায়ামি।

এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।

মেসির দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

কাতারের ফুটবল মহাযজ্ঞের পর ঘরের মাঠে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দুটোতেই ছিল জয়। কিন্তু দেশের বাইরে গিয়ে বড় কোনও প্রতিপক্ষের বিপক্ষে তো আর পরীক্ষা দেওয়া হয়নি। লিওনেল মেসিরা এবার সেই পরীক্ষাতেই বসেছিল। চীনের মাটিতে সেই পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে বুঝিয়ে দিলো- এই আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে মেসির ঝলকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ উদযাপন করেছে আর্জেন্টিনা। লাতিন দেশটির অপেক্ষা যেমন শেষ হয়েছে, তেমনি পূর্ণ হয়েছে মেসির ফুটবল ক্যারিয়ার। এই একটি শিরোপাই যে অধরা ছিল তার। এরপর দেশে ফিরেছে হয়েছে বিশাল উদযাপন। তারই অংশ হিসেবে গত মার্চে দেশের মাটিতে প্রীতি ম্যাচে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচ দুটি যতটা ছিল প্রতিদ্বন্দ্বিতার, তার চেয়ে বেশি ছিল দেশের মানুষের সঙ্গে আরেকবার বিশ্বকাপ উদযাপনে একত্র হওয়া।

মেসিরা ওই উদযাপনের উপলক্ষ দুটিও রাঙিয়ে নেয় জয় দিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ধারা এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেও সচল থাকলো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তাদের বিপক্ষেই প্রীতি ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।

মাঠে নেমেই আর্জেন্টিনার গোল উদযাপন। শুরুতেই তাদের আনন্দের উপলক্ষ এনে দেন মেসি। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। লিড নিয়ে আরও আক্রমনাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে গোল শোধের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের দেখা পায় আলবিসেলস্তারা। বাম দিক থেকে ডি পলের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান জার্মেইন পেজ্জেয়া। তার গোলে ম্যাচে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

এরপর আরও বেশ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসির সামনে আজ ‘১০০০’র মাইলফলক

স্পোর্টস ডেস্ক:

রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক শব্দ। আর্জেন্টাইন খুদেরাজ মাঠে নামা মানেই যেন নতুন নতুন সব রেকর্ড। আজ (শনিবার) হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক স্মরণীয় দিন। শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজ ১০০০তম ম্যাচ তার।

আর্জেন্টিনার জার্সিতে আজ ১৬৯তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে (৭৭৮)। বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলেছেন ৫৩টি।মেসিকে ঘিরেই এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে বেশ ভালো ছন্দেও আছেন আর্জেন্টাইন জাদুকর। গোল করেছেন দুটি।

আজ শেষ ষোলোতে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন প্রতিটি ম্যাচই নকআউট। যদি আর্জেন্টিনা আজ হেরে যায়, তবে ৩৫ বছর বয়সী ফুটবল কিংবদন্তির বিশ্বকাপে এটিই হতে পারে শেষ ম্যাচ।

মেসি, নেইমার ও এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির ৭-১ গোলের বিশাল জয়

 

স্পোর্টস ডেস্ক:

লিলের মাঠে  কিক অফ হলো। নেইমার, লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তি নিজেদের মধ্যে তিনটি পাস খেললেন। কিলিয়ান এমবাপ্পে ততক্ষণে লিলের রক্ষণচেরা দৌড় শুরু করেছেন। সুযোগটা বুঝতে পেরে বাতাসে ভাসানো পাস দিলেন আর্জেন্টাইন। পাস না বলে চামচে করে এমবাপ্পের পাতে গোল তুলে দেওয়াও বলা যায়।

বলটা একদম মাপা গতিতে পড়ল তাঁর পাশে। একদম আচমকা লিল গোলকিপার লিও জার্দিমকে একা পেয়ে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে চালান করে এমবাপ্পে কি শুধু গোলের আনুষ্ঠানিকতাই সারলেন? নাকি পিএসজি সমর্থকদের দুশ্চিন্তাও কিছুটা লাঘব করলেন!

ম্যাচের ৮ সেকেন্ডে এমবাপ্পের এই গোল লিগ আঁ-র ইতিহাসে (২০০২ সাল থেকে লিগ আঁ নামে যাত্রা শুরু হয়) দ্রুততম। কিন্তু ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে এমবাপ্পে এই গোলে ছুয়েছেন ৩০ বছর আগের একটি রেকর্ড।

সংবাদ সংস্থা এএফপি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’ এর বরাত দিয়ে জানিয়েছে, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ৭.৯ সেকেন্ডে গোল করেন কায়েনের মিশেল রিও। এমবাপ্পের গোলটি ৮.৩ সেকেন্ডে।

দুর্দান্ত শুরুর পর পর পিএসজি সমর্থকেরা যেভাবে ম্যাচটা শেষ করতে চেয়েছেন, মোটামুটি সেভাবেই সব হলো। লিলকে ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে পিএসজি। এর সঙ্গে গত কয়েক দিন ধরে দানা বেঁধে ওঠা একটি সন্দেহও হয়তো দূর হলো।

মঁপেলিয়েরের বিপক্ষে আগের ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে এমবাপ্পের সঙ্গে মেসি ও নেইমারের বিরোধের গুঞ্জন উঠেছিল। মাঝে শোনা গেল, পিএসজির কর্তারা তিনজনকে একসঙ্গে বসিয়ে সব মিটিয়ে ফেলেছেন।

পরিস্থিতির যে উন্নতি ঘটেছে তা বোঝা গেল লিলের মাঠে। মেসির পাস থেকে গোলে শুরুর পর এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন নেইমারের দুটি পাস থেকে। গোল পেয়েছেন মেসি আর নেইমারও। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এক ফ্রেমে মেসি, নেইমার, এমবাপ্পের হাসিখুশি মুখ এবং উপভোগ্য ফুটবল খেলা দেখে এখন স্বস্তি পেতেই পারেন পিএসজির সমর্থকেরা।

দাপট ছড়ানো খেলা বলতে যা বোঝায় তাই খেলেছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পে ছাড়াও আশরাফ হাকিমি ও নুনো মেন্দেসরা ত্রাস ছড়িয়েছেন লিলের রক্ষণে। ম্যাচের প্রথমার্ধেই গোল আদায় করে নেন মেসি, নেইমার ও এমবাপ্পে। পোস্টেও বল মেরেছেন এমবাপ্পে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

২৭ মিনিটে বাঁ প্রান্তে মেন্দেসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসি। এরপর নেইমারের পাস থেকে গোল করেন হাকিমি। মরোক্কোর এই তারকার পাস থেকে ৫২ মিনিটে গোল করেন নেইমারও। ৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের দারুণ দুটি পাস থেকে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পেয়ে যান এমবাপ্পে। পিএসজির এই গোলউৎসবের মাঝে ৫৪ মিনিটে লিলের বাম্বার গোলটি একটু বেমানানই লাগতে পারে!

৩ ম্যাচের সবকটিতে জয় তুলে নেওয়ার পথে ১৬ গোল করল পিএসজি। লিলের বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় ক্লাবটির। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে এই প্রথম কোনো ম্যাচে ৭ গোল হজম করল লিল।

পিএসজি কতটা দুর্দান্ত ফর্মে আছে তা বুঝিয়ে দিচ্ছে আরেকটি পরিসংখ্যান। লিগে এই নিয়ে শেষ ৪ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল করেছে পিএসজি। লিগ আঁ-র ইতিহাসে এর আগে শুধু রিম (১৯৫২-৫৩) এমন কিছু করে দেখাতে পেরেছে, সেটিও ৪ ম্যাচে। তবে পিএসজি সমর্থকেরা এ ম্যাচটা মনে রাখবেন আক্রমণভাগের ‘ত্রিরত্নে’র দুর্দান্ত খেলার জন্য। এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমার নিজে করেছেন দুই গোল, বানিয়েছেন আরও তিনটি, মেসি একটি করেছেন, একটি বানিয়েছেন।