দুই পরিবারের দ্বন্দ্ব আতংকিত শাহপুর গ্রাম
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘ ৫০ বছরের। আপন দুই ভাইয়ের দ্বন্দ্বে শুরু হয় এ বিরোধ। এরপর তা রূপ নেয় আধিপত্যের দ্বন্দ্বে, যা নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছেন তিনজন। আহত হয়েছেন কয়েক শতাধিক। অনেক পরিবার ইতিমধ্যে গ্রাম ছেড়েছেন। এবার কোরবানির ঈদের জামাতে বক্তব্য দেয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এঘটনায় উভয় পক্ষের মামলায় প্রবাসীসহ সাধারণ মানুষকেও আসামী করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এর আগে গত ৩০ বছরে কয়েক শতাধিক হতাহতের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায় , উপজেলার মজিদপুর ইউনিয়নের তিতাস নদীর পাশে একসময়ের প্রাণবন্ত শাহপুর গ্রাম এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আপন দুই চাচাত ভাইয়ের দ্বন্দ্বে আতঙ্কে দিন কাটাচ্ছে এই গ্রামের সাধারণ মানুষ।
গ্রামবাসী জানান, আশির দশকে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আনু মিয়ার সাথে তার ভাই মমতাজ উদ্দিনের দ্বন্দ্বের শুরু। ওইসময়ে এতো পরিমানে হামলা মামলা ঘটনায় মানুষ বলাবলি করতো, শাহপুরের টাকায় থানা পুলিশ চলে! পঁচানব্বই সালে করিম হত্যার ঘটনায় দ্বন্দ্ব চরম আকার ধারণ। করিম হত্যা মামলায় অনেক নিরীহ লোক এখনো আদালতে হাজিরা দেন।
তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, করিম হত্যা মামলার আসামী হয়ে অনেক বছর যাবৎ হাজিরা দিচ্ছি, করিম কোন পক্ষেরই লোক ছিলনা। আর আনু চেয়ারম্যান ও তার ভাই মোন্তাজ(মমতাজ) উদ্দিনের দলাদলিতে এগ্রামের অনেক ক্ষতি হয়েছে। আনু চেয়ারম্যানের ছেলে ফারুক আর মোন্তাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম তাদের উত্তরসুরী। দুজনেই পালাক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু কেউ গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেনি, উল্টো বাবা চাচার দ্বন্দ্বকে ধরে রেখে গ্রামটি অশান্ত করে রেখেছে।
গ্রামের যুবক আমীর হোসেন ও রবিউল বলেন, ছোট থেকে দেখে আসছি এ বিরোধ। একের পর এক হামলা মামলা ও লুটপাটের ঘটনা ঘটছে, তারপরও বিরোধের শেষ হচ্ছে না। অনেক পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন।
গ্রামের রফিকুল ইসলাম বলেন, গ্রামের দু’টি পরিবারের দলাদলির কারনে ১৯৯৪ সালে শাহপুর গ্রাম ছেড়েছি। আমার মতো অনেক পরিবার গ্রাম ছেড়েছে। গ্রামের দলাদলি নিয়ে সঠিক কথা বললে কারো পক্ষে আবার কারো বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক। সঠিক কথা বলে অনেকেই মামলার আসামি হয়েছে, তাই এখন কেউ সঠিক কথাও বলেনা। এতে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে গেছে।
ফারুক চেয়ারম্যান বলেন, আমার বাবা ৩০ বছর এবং আমি পনের বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার বাবার আমল থেকেই চাচাদের সাথে দ্বন্দ্ব এখনো চলছে। বাবা চাচা কেউ জীবিত নেই, এখন চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব চলছে।
আপনাদের দুই পরিবারের দ্বন্দ্বে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাংচুর লুটপাট হয়রানিসহ অনেক পরিবার গ্রাম ছাড়া এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান জাহাঙ্গীর ও তার বড় ভাই রিপনের অত্যাচারে শাহপুর মানুষ অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়ছে। আর প্রশাসনের লোকজনও পক্ষপাতমূলক আচরনে তারা আরো বেপরোয়া।
জাহাঙ্গীর আলম বলেন, ফারুক চেয়ারম্যান ও তাঁর বাবার আমলে তিনজন নিরীহ মানুষ খুন হয়েছে। আহত হয়েছেন অনেক। তারা চিহ্নিত সন্ত্রাসী করে বলেই গত নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করেছিল। ঈদের পর ফারুক চেয়ারম্যানের বাহিনী আমাদের উপর হামলা করেছে। আমার বড় ভাইসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। আমরা গ্রামে শান্তি চাই, গ্রামের মানুষকে শান্তিতে রাখতে চাই বলেই আমাদের উপর হামলা চালিয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, শাহপুর গ্রামের ঘটনায় উভয় পক্ষের মামলা নেয়া হয়েছে। পুলিশ হাসেম নামে একজনকে গ্রেপ্তার করেছে। আর মামলায় কোন সাধারণ মানুষ বা প্রবাসীর নাম থাকলে তদন্ত সাপেক্ষে তা বিবেচনা করা হবে। গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।