Tag Archives: লকডাউনে পার্টি করায় জরিমানা গুণতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

লকডাউনে পার্টি করায় জরিমানা গুণতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন চলাকালে পার্টি করায় জরিমানা গুণতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর রিশি সুনাক। এছাড়াও জরিমানা গুনতে হবে বরিসের স্ত্রী ক্যারি জনসনকে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উপরোক্ত তিনজনের কাছে এরই মধ্যে জরিমানার নোটিশ পৌঁছে গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে, গোটা যুক্তরাজ্যে কোভিড লকডাউন চলার সময় ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে বেআইনি পার্টি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল গত বছর, তার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে।

পুলিশ জানিয়েছে, ওই পার্টি ইস্যুতে অন্তত ৫০ জনকে জরিমানা করা হয়েছে। সেদিন বরিস জনসন ও রিশি সুনাক তাদেরই সরকারের তৈরি আইন লঙ্ঘন করে জনসমাগমে যোগ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ব্রিটিশ সরকারের মুখপাত্র অবশ্য বলেছেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে কোন ঘটনায় জরিমানা করা হয়েছে তা নিশ্চিত নয়। তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই বলে দাবি করেছেন তিনি।

লকডাউন বিধি ভেঙে পার্টি করায় জনসন ও সুনাকের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন।