Tag Archives: হামাস

যেভাবে তিন দিক থেকে ইসরায়েলে হামলা চালালো হামাস

যেভাবে তিন দিক থেকে ইসরায়েলে হামলা চালালো হামাস

ডেস্ক রিপোর্ট:

আচমকা হামলা চালিয়ে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আকাশ, মাটি, পানি- তিন দিক থেকেই একযোগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এতে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। জবাবে, গাজায় পাল্টা হামলা চালিয়ে প্রায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

যেভাবে শুরু হলো ‘অপারেশন আল-আকসা ফ্লাড’

ভোর ৬টা ৩০ মিনিট: রকেট হামলা
স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়তে শুরু করে হামাস। এর ফলে তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও বেজে ওঠে সতর্কতা সাইরেন।

হামাস জানিয়েছে, প্রথম ধাপে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে, ২ হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।

হামাসের রকেট হামলা শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েলিরা বড় বড় ভবনগুলোর আড়ালে আশ্রয় নেয়। রকেটের আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ বলেন, অপারেশন আল-আকসা ফ্লাডের শুরুতে শত্রুদের অবস্থান, বিমানবন্দর এবং সামরিক দুর্গগুলোকে লক্ষ্য করে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হয়েছে।

সকালে ৭টা ৪০: অনুপ্রবেশ
ভোরের রকেট হামলা ছিল মূলত ইসরায়েলি বাহিনীর চোখে ধুলো দেওয়ার চেষ্টা। এর আড়ালেই নজিরবিহীনভাবে বিপুল সংখ্যক সশস্ত্র হামাস যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করে।

বেশিরভাগ যোদ্ধা গাজা ও ইসরায়েলকে বিচ্ছিন্নকারী নিরাপত্তা বেড়া ছিন্ন করে প্রবেশ করে। তবে অন্তত একজন হামাস যোদ্ধাকে প্যারাসুটের সাহায্যে উড়তে দেখা গেছে। এছাড়া, যোদ্ধাদের বহনকারী একটি মোটরবোটকে ইসরায়েলের উপকূলীয় শহর জিকিমের দিকে যেতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, একটি ধাতব ব্যারিয়ারের ছিদ্র দিয়ে অন্তত ছয়টি মোটরসাইকেল নিয়ে ইসরায়েলে প্রবেশ করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরায়েলিদের বসানো সীমান্তবেড়ার একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সকাল ৯টা ৪৫: ইসরায়েলি হামলা
স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে গাজা উপত্যকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক মিনিট পরেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় বিমান হামলা চালানো হয়েছে।

সকাল ১০টা: ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা
সকাল ১০টায় ইসরায়েলের অন্তত তিনটি সামরিক স্থাপনায় প্রবেশ করেন ফিলিস্তিনি যোদ্ধারা। সেগুলো হলো বেইত হ্যানউন সীমান্ত ক্রসিং, জিকিম ঘাঁটি এবং গাজা বিভাগের সদর দপ্তর রেইম।

হামাসের শেয়ার করা ভিডিওতে যোদ্ধাদের একটি জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে দৌড়াতে দেখা গেছে।

এরপরে বেশ কিছু ইসরায়েলি সামরিক যান গাজায় নিয়ে যাওয়া এবং সেখানে প্যারেড করাতে দেখা যায় হামাস যোদ্ধাদের।

সীমান্ত শহরে হানা
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি শহর সেডেরট, বেইরি এবং ওফাকিম শহরে হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েলি মিডিয়া।

এসময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় খোঁজার পরামর্শ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত হামাস যোদ্ধারা ঢুকে পড়া এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় ইসরায়েল।

অপহরণ ও জিম্মি
ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে, ওফাকিমে বন্দুকধারীরা বেশ কিছু ইসরায়েলিকে জিম্মি করে। ফিলিস্তিনি ইসলামী জিহাদের দাবি, তারা ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বন্দি করেছে।

এছাড়া হামাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রকাশিত ফুটেজে দেখানো হয়েছে, ইসরায়েলি বন্দিদের গাজায় নিয়ে যাওয়া হচ্ছে।

রাতভর লড়াই
শনিবার রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেমনি হামাসও ইসরায়েলের দক্ষিণ অংশে রকেট হামলা চালিয়েছে।

গাজা উপত্যকার কাছে অন্তত ২২টি স্থানে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলিদের লড়াইয়ের খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা
রোববার সকাল পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৯০ জন। এদের মধ্যে ৩০০ জনের অবস্থা গুরুতর।

আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

হামাস কেন আকস্মিক আক্রমণ করলো ইসরায়েলে ?

হামাস কেন আকস্মিক আক্রমণ করলো ইসরায়েলে ?

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলে স্থল, সমুদ্র ও আকাশপথে আকস্মিক হামলা শুরুর পর গাজার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল কার্যত আরেকটি প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়েছে। শনিবার সকালে শুরু হওয়া হামাসের হামলায় এখন পর্যন্ত ২২ ইসরায়েলি নিহত এবং কয়েকশ আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এই হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় সেখানে শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

কিন্তু হঠাৎ করে কেন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে হামলা শুরু করল হামাস?

কী ঘটছে এবং কখন?

• ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করেছে। ২০২১ সালের ১১ দিনের এক যুদ্ধের পর এবারের এই সংঘাত সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।

• হামাস বলছে, হামলা শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৫ হাজারের বেশি রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের ঢুকে পড়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

• ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাজারি বলেছেন, হামাসের যোদ্ধারা স্থল, সমুদ্র এবং আকাশপথে আক্রমণ শুরু করেছে।

• হামাসের প্রথম দফার রকেট হামলা শুরু হয় স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টায়।

• গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ‘অপারেশন আয়রন সোর্ডস’ শুরু করার দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

কোথায় হামলা হয়েছে?
• ইসরায়েলের তেলআবিব শহরের উত্তরে রকেট হামলা হয়েছে। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে যোদ্ধাদের পাঠিয়েছে হামাস।

• ইসরায়েলি গণমাধ্যম বলছে, দেরত শহরে চলন্ত গাড়িতে বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে হামাসের বন্দুকধারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি শহরে গাড়ি নিয়ে ঢুকছে। তারা আশপাশের বিভিন্ন ভবন ও পথচারীদের ওপর গুলি ছুড়ছে।

• হামাসের যোদ্ধারা একাধিক ইসরায়েলি বেসামরিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানকার বাসিন্দারা ইসরায়েলি সরকারের সহায়তা চেয়ে আকুতি জানিয়েছে।

• ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের একাধিক যুদ্ধবিমান গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে অভিযান শুরু করেছে।

• বর্তমানে ইসরায়েলের ফার আজা, দেরত, সুফা, নাহাল ওজ, মাজেন, বে’ইরি ও রিম শহরে হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েল ও ফিলিস্তিনে কতজন হতাহত?
• স্থানীয় গণমাধ্যমে হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ৫০০ জনের বেশি মানুষের আহত হওয়ার তথ্য দিয়েছে।

• তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু বলছে, হামাস এবং ইসরায়েলি বাহিনীর সংঘাতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।

ইসরায়েলে হামাসের আক্রমণ কেন?
• হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আলজাহজিরাকে বলেছেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে নৃশংসতার মুখোমুখি হয়েছে, তার জবাবেই হামাস সামরিক অভিযান শুরু করেছে।

• তিনি বলেন, আমরা গাজা উপত্যকায়, ফিলিস্তিনি জনগণের ওপর ও আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতার অবসানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই। এই লড়াই শুরুর পেছনের কারণ এসবই।

• হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, ‘এই পৃথিবীর শেষ দখলদারিত্বের অবসানের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের দিন আজ।’ ইসরায়েলে হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

• আজ প্রত্যেকের বন্দুক হাতে তুলে নেওয়া উচিত। সেই সময় এসে গেছে, বলেন দেইফ।

• টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস ‘পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের’ পাশাপাশি আরব ও ইসলামি দেশগুলোকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

কী বলছে ইসরায়েলের সরকার?
• ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় বসবাসকারী নাগরিকদের সতর্ক করে দিয়েছে। তাদের বাড়িঘরে অবস্থান অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

• ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় হামাসের যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক পরিসরে রকেট নিক্ষেপ শুরু করেছে। সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছে হামাসের সদস্যরা। এই হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হামাসকে।

• ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুদ্ধে রয়েছে। এই যুদ্ধে ইসরায়েল জিতবে।

• ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, ইসরায়েল ‘অত্যন্ত কঠিন মুহূর্তের’ মুখোমুখি হয়েছে।

• ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে। হামাস আজ সকালে একটি গুরুতর ভুল করেছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। আইডিএফের সৈন্যরা প্রত্যেকটি স্থানে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। আমি ইসরায়েলের সকল নাগরিককে নিরাপত্তার নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসরায়েল এই যুদ্ধে জয়ী হবে।

স্থল লড়াইয়ের সর্বশেষ
• টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার সীমান্তের কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অন্তত সাতটি স্থানে হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখোমুখি লড়াই চলছে।

• ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে স্থানীয় সময় দুপুর ১টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী?
• চেক প্রজাতন্ত্রের অন্যতম মিত্র ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রাগ।

• ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

• ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ইসরায়েল এবং এর জনগণের প্রতি সন্ত্রাসী হামলার নিন্দা জানায় ফ্রান্স। চলমান এই সংঘাতে ইসরায়েলের প্রতি ফ্রান্সের পুরো সমর্থন আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

• ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল, এএফপি।