Tag Archives: কর্মকাণ্ড

আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে সরকার: রিজভী

ডেস্ক রিপোর্ট:

অজানা আতঙ্কে আবারও ‘গ্রেপ্তার নির্যাতন’ শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। আন্দোলনের ভয়ে তারা এ কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।’

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যান। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দী করে, লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে যে ক্ষোভ সৃষ্টি হয় প্রতিরোধ করার চেষ্টা করে। এটা সরকার বুঝতে পারেনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যেকোনো মুহূর্তে তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকার দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। এখানে আসন বণ্টন সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।’

জাতীয় পতাকার লাল-সবুজ রঙের কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়।’

তিনি বলেন, ‘এ আশঙ্কা অবাস্তব নয়। যদি বলি এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা করবেন। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে। অর্থাৎ সরকার ও বিরোধীদের সংসদ কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে সংসদ ততটুকু কার্যকর হিসেবে গণ্য হবে।’

জি এম কাদের বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল দুই পক্ষই সামান হবেন। একটা হলো সরকারি দল, আরেকটা হল বিপক্ষ। তারা সংখ্যায়ও কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে, নিজেদের মতামতকে প্রধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ্য।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তারা (বিগত স্পিকাররা) দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আমি আপনার কাছে প্রত্যাশা করছি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।’

ফের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ডা. দীপু মনি।