Tag Archives: কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণার আল্টিমেটাম

কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালন না করে সম্মানী নেওয়ার অভিযোগ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে না এসে সম্মানী নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে। শিক্ষকদের অভিযোগ তারা ক্ষমতা অপব্যবহার করে এই সম্মানী গ্রহণ করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা জানান, গত ১০ মে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে উপাচার্য ১৫ হাজার টাকা ও কোষাধ্যক্ষ ১২ হাজার টাকা নিয়েছেন। তবে তাদের কেউই পরীক্ষা কেন্দ্রে আসেননি। এদিকে উপাচার্য ও কোষাধ্যক্ষ ভর্তি পরীক্ষার দিন বাংলোতে ছিলেন বলে জানিয়েছেন উপাচার্যপন্থি শিক্ষকরা৷

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের অর্থ কমিটির সদস্য সচিব শুভ্র ব্রত সাহা বলেন, সদস্য সচিব হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এ বিষয়ে আহবায়ক ভালো বলতে পারবে।

ভিসি আর ট্রেজারার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হয়ে টাকা নিতে পারে কিনা জানতে চাইলে অর্থ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমি যতটুকু জানি ভিসি বাংলো ক্যাম্পাসের অন্তর্ভুক্ত। তবে আমি অর্থ কমিটির দায়িত্বে ছিলাম। কিন্তু অর্থ বণ্টন করে অর্থ দপ্তর। এতগুলো মানুষের টাকা এক ঘণ্টার মধ্যে বণ্টন করা সম্ভব না বিধায় পরীক্ষা শুরুর আগে থেকে বণ্টন করা হয়।

অর্থ দপ্তরের ডেপুটি ডিরেক্টর নাসির উদ্দিন বলেন, স্যার বাংলোতে ছিল। কিন্তু এটাও ক্যাম্পাস। আমি আমার দায়িত্ব পালন করেছি।

সি ইউনিটের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, ভিসি আর ট্রেজারার বাংলোতে ছিল। তবে উপ-উপাচার্য আমার সাথে সার্বক্ষণিক ছিল। তিনি আমার সাথে বিভিন্ন দপ্তরে গিয়েছিল। তারা ক্যাম্পাসে কেন আসেননি সেটা আমি জানি না। এখন মনে করেন ওনারা টপ লেভেলের। আমি তো আর বলতে পারবো না ওনাদের সাথে কথা বলেন। আমাদের তারা নির্দেশ দেয় সেই অনুযায়ী আমরা কাজ করি। এখন তারা ক্যাম্পাসে আসছে কিনা সেটা তারা ভালো বলতে পারবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, যে লোকটা সেলারি শিট চুরি করতে পারে, (কর করাপশন ইনভলব) আসলে সে লোকটা নিয়ে কমেন্ট করতে আমার রুচিতে বাধে। সে সারাদেশের গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে আছে যতদূর জানি। তবে সে জায়গা থেকে ন্যূনতম দায়িত্ববোধ মনে না করে অর্থনৈতিক সুবিধা নিবেন অনিয়মের মাধ্যমে। তবে ভিসি এবং কোষাধ্যক্ষ দুইজনই সংঘবদ্ধ, দুইজনেই যেমন সন্ত্রাসী তেমন দুর্নীতিতেও। তিনি যে বলছেন ‘দুর্নীতি-উন্নতি’ সে এটাতেই বিশ্বাসী।

সম্মানী গ্রহণের বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তোমার কাছে ভুল তথ্য আছে। আমি অফিস করেছি, স্বাক্ষরও করেছি।

তবে কোষাধ্যক্ষ অফিসের সেকশন অফিসার নমিতা পাল বলেন, আমি যতখন ছিলাম স্যারকে দেখি নাই। এরপর আমি পরীক্ষার ডিউটিতে চলে যায়। পরীক্ষা শেষ বাংলোতে গেলেও স্যারকে পাওয়া যায়নি।

উপাচার্যের পিএস টু ভিসি হোসাইন মোরশেদ ফরহাদ বলেন, স্যার ক্যাম্পাসে আসেন নাই। তবে বাংলোতে ছিলেন। কেন আসে নাই জানতে চাইলে তিনি বলেন, হয়ত মনমানসিকতা ভালো নাই, এই ধরনের কাজকর্ম চললে সবার তো মনমানসিকতা খারাপ থাকতে পারে।

পরীক্ষার দায়িত্ব পালন না করে সম্মানী গ্রহণ করতে পারে কি না জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। পরে বাংলোতে গিয়েও পাওয়া যায়নি।

কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আসাদুজ্জামান এর নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ /অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুবি শিক্ষক সমিতি।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, এটা খুবই দুঃখজনক যে উপাচার্যের চেয়ারে বসে তিনি সন্ত্রাসীদেরকে শিক্ষকদের উপর হামলা করার নির্দেশ দিয়েছে। যেহেতু উপাচার্য নিজেই সন্ত্রাসী স্বরুপ আবর্তিত হয়েছে তাই এখন তার বিচারের বিষয় আসে। হয় তিনি নিজেই পদত্যাগ করবে না হয় সরকার তাকে অপসারণ করবে। কেননা একজন সন্ত্রাসী উপাচার্য দিয়ে কখনো একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

তিনি আরো বলেন, উপাচার্য সিন্ডিকেট সভায় মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। উপাচার্য বলেছে যে হলগুলোতে টাকা ও অস্ত্র ঢুকেছে। অথচ তিনি তা প্রমান করতে পারেননি। একজন উপাচার্য হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের নামে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন করেছে। এটির বিচারও হওয়া উচিত।

যে সকল অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী শিক্ষকদের উপর হামলা করেছে তাদের রিরুদ্ধে শিক্ষকরা কি পদক্ষেপ চায় এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, যারা সার্টিফিকেট নিয়ে গেছে তাদের সার্টিফিকেট বাতিল এবং যারা এখনো ছাত্র আছে তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আবেদন করবো।

বিশ্ববিদ্যালয় কবে খুলবে তা জানতে চাইলে তিনি বলেন, ক্লাসরুম ফিরে যাওয়ার বিষয়টা কেবল শিক্ষকদের উপর না, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটাও দেখার বিষয়।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার সময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও ট্রেজারার ড. মোঃ আসাদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ ও জাহিদ হাসান, স্বপন চন্দ্র মজুমদার, আসাদুজ্জামান শিকদার, জিল্লুর রহমান, এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখসহ ২০-৩০ জন বহিরাগত শিক্ষার্থী।

কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণার আল্টিমেটাম

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

৭ দফা দাবি আদায়ে এবার প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ২৪ ঘণ্টার ভিতরে ব্যবস্থা গ্রহণ না করলে উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করবেন বলে জানান । এদিকে রোববার থেকে সশরীরে ক্লাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

ড. তাহের জানান, দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। যদি আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না করা হয় তাহলে তাহলে বৃহস্পতিবার উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। যেহেতু উপাচার্যের সকল অপকর্ম করেছেন কোষাধ্যক্ষের ইঙ্গিতে, সেজন্য আমরা কোষাধ্যক্ষকেও অবাঞ্ছিত ঘোষণা করব।

তিনি আরও বলেন, রবিবার থেকে সশরীরে ক্লাসে ফিরবে শিক্ষকরা। গরমের মধ্যে সশরীরে ক্লাস কেন জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লা অন্যান্য জায়গার চেয়ে তাপমাত্রা কম, আর এতদিন ক্লাস মিস হওয়া ক্লাস গুলো পুষিয়ে দেওয়ার জন্য শিক্ষক সরাসরি ক্লাসে জয়েন করবে।
তবে শিক্ষক সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ক্লাস নিয়েছে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ শিক্ষক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শিক্ষক সমিতি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে দাবি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দফায় ক্লাস বর্জন করেন শিক্ষক সমিতি। এছাড়াও প্রশাসনের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রায় ১২ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।