Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধাহীন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকির বাঁচতে চায়

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের দশম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী জাকির হোসাইন বেশ কয়েকদিন যাবৎ ‘হেপাটাইটিস-বি’এর আক্রমনে “লিভার সিরোসিস” সমস্যায় ভুগছেন। জাকির বর্তমানে ঢাকার বিআরবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তার চিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা দরকার যা জাকিরের পরিবারের ক্ষেত্রে বহন করা অসম্ভব।

জানা যায়, কয়েকদিন আগে জাকির হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের শরণাপন্ন হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পরে ডাক্তার জানায়, জাকির হেপাটাইটিস-বি তে আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে ভুগছেন। জাকির গত ১০ জুলাই থেকে অচেতন অবস্থায় বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিদিন শুধুমাত্র আইসিইউতে রাখা ও ওষুধ বাবদ খরচ হয় ৬০-৭০ হাজার টাকা।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরের চিকিৎসা যত দ্রুত সম্ভব করাতে হবে। তার জ্ঞান ফেরাটা এখন জরুরী। তার চিকিৎসা এবং আনুষঙ্গিক খরচসহ প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। এমনকি এর বেশিও প্রয়োজন হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর চিকিৎসা করাতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।

জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সবার ছোট জাকির। তার বাবা একজন পল্লী চিকিৎসক ও মা গৃহিণী। এ অবস্থায় এতো টাকা সংগ্রহ ও তার চিকিৎসার জন্য ব্যয় করা নিতান্তই অসম্ভব তার পরিবারের পক্ষে। তাই তার পরিবার ও তার সহপাঠীরা হাত বাড়িয়েছে সমাজের বিত্তবানসহ সব পেশার মানুষদের কাছে। সবার একটু সহযোগিতায়ই আমাদের মাঝে ফিরি আসতে পারে জাকির। ইতোমধ্যে জাকিরের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য নেমে পড়েছে তার সহপাঠীরা।

জাকির হোসাইনের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতেঃ
বিকাশ (পার্সোনাল): ০১৭৬৪৫১৮৪৭০, ০১৬৮৮৩১৫২৮৮।
রকেট (ডাচ বাংলা): ০১৮৪৬৬৮২৪৩৬২, ০১৮৪৫৭১০৭১২১।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট পাশ ।। বেতন ভাতায় ৬৩.৬%, গবেষণায় ২.৩%

শাহাদাত বিপ্লব :
২০১৯-২০ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ৪২ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬ দশমিক ৬ শতাংশ। আর গবেষণা খাতকে ‘উপেক্ষিত’ রেখে বরাদ্ধ দেয়া হয়েছে মাত্র ১ কোটি টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৩ শতাংশ মাত্র।

সোমবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে ৭৩ তম সিন্ডিকেট সভায় এ বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূইয়া। গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) সভায় এ প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৭ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে আসবে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ১০ লক্ষ টাকা। আর বাকি ৫৩ লাখ টাকা সম্ভাব্য ঘাটতি হিসেবে ধরা হয়েছে।

বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে শিক্ষকদের মূল বেতনের জন্য ৯ কোটি ৬৬ লাখ টাকা, কর্মকর্তাদের জন্য ২ কোটি ৯৫ লাখ ৮২ টাকা এবং কর্মচারীদের জন্য ২ কোটি ৬৫ লাখ ৩৭ টাকা। অর্থাৎ মূল বেতনের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা। আর ভাতা বাবদ মোট বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে পণ্য ও সেবা(আনুষঙ্গিক) খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়াও শিক্ষার মানোন্নয়নের জন্য আইকিউএসি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ টাকা। এদিকে গবেষণা খাতে মাত্র ১ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ২ দশমিক ৩ শতাংশ।
উল্লেখ্য, এর আগে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৮০ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৩৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শনিবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপনা করা হয়।

‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাজেট প্রস্তাবনা ২০১৯-২০’ শীর্ষক সংবাদ সম্মেলনে ‘বিকল্প বাজেট প্রস্তাবনা’ প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামিমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এবং সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচকরা আসন্ন অর্থবছরের (২০১৯-২০) জন্য মোট ১২ লক্ষ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন যা চলমান বাজেটের (২০১৮-১৯) ২.৬৭ গুণ বেশি। সংবাদ সম্মেলনে আলোচকরা রাজস্ব সংগ্রহের ২০টি নতুন খাত সনাক্ত করে বাজেট বাস্তায়নের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করা গেলে এ বাজেট বাস্তবায়নযোগ্য হবে বলে তারা মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, বৈষম্যহীন অর্থ ও সমাজ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক মানস-মনন কাঠামো বিনির্মাণের লক্ষ্যে বর্তমানে ৪ হাজার অর্থনীতিবীদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। এটি বাংলাদেশের একমাত্র বিকল্প বাজেট প্রস্তাবনাকারী সংগঠন হিসেবে ৫ম বারের মতো ঢাকা এবং কুমিল্লাসহ দেশের ২৬টি স্থানে একযোগে এ বিকল্প বাজেট প্রস্তাবনা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছিঁড়ে পড়ল চলন্ত ফ্যান

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বারবার অভিযোগ দেওয়ার পরও মেরামত না করা এবং হল কর্মকর্তার দায়িত্বে গাফিলতির কারণে শিক্ষার্থীর পড়ার টেবিলে ছিঁড়ে পড়েছে একটি অর্ধ-অকেজো সিলিং ফ্যান। এতে ফ্যানের নিচে পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। শুক্রবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৪০০২ নম্বর রুমে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার খান নোবেল এর সাথে কথা বলে জানা যায়, ফ্যানটি প্রায় বিশদিন যাবত চলার সময় বিভিন্নরকম শব্দ করত। এই সমস্যা নিয়ে তিনি এবং তার কক্ষের আরেক শিক্ষার্থী ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের তৌহিদুর রহমান ভূঁইয়া দুইবার হলের অভিযোগ খাতায় ফ্যান নষ্টের বিষয়টি জানান। কিন্তু ফ্যানটি মেরামত না করায় আজ দুপুরে তা চলন্ত অবস্থায় ছিঁড়ে নিচে পড়ে যায়।

ঐ শিক্ষার্থী আরও জানান, ‘আমি প্রায় ১৫ দিন আগে হলের কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সোহাগের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি আমাকে জিজ্ঞেস করেন ফ্যানের কোথায় সমস্যা। যেহেতু ফ্যান নিয়ে আমার তেমন পড়াশোনা নেই বা জ্ঞান নেই তাই আমি তাকে বলি ফ্যান চালালে বিকট শব্দ হয়, আর অভিযোগ দিয়ে আসি। কোন প্রতিকার পাইনি, আর আজ ফ্যানটি ছিঁড়ে পড়ল।’

প্রত্যক্ষদর্শী ঐ রুমের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, ‘আমি নামাজ থেকে এসে আমার পাশে বিছানায় বসে ছিলাম। এরই মাঝে নোবেলের টেবিলে চলন্ত ফ্যানটি বিকট শব্দে ছিঁড়ে পরে৷ সে সৌভাগ্যবশত ছিলনা, থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।’

ফ্যানটি নিয়ে অভিযোগ দেয়া আরেক শিক্ষার্থী তৌহিদুর রহমান ভূঁইয়া জানান, ‘অভিযোগের পর একজন ইলেক্ট্রিশিয়ান এসে ফ্যান দেখে বলেন এটা ফ্যানের সমস্যা। আমার কিছু করার নেই। আপনারা হল কর্তৃপক্ষকে বলেন। এরপর হলের কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সোহাগকে জানালে তিনি বলেন নতুন ফ্যান আসলে ফ্যান পাবে, আর না হয় নিজেরা ঠিক করে ফেল।’

এদিকে অত্র হলের একাধিক শিক্ষার্থীর অভিযোগ রয়েছে হল কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সোহাগের বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল হলের ৩০৪ নং কক্ষের এক আবাসিক শিক্ষার্থী ঐ কক্ষের নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি তাকে জানালে তিনি বলেন, ‘এই ফ্যান কে ঠিক করে দিবে? ফ্যান ঠিক করার জন্য আমি চাকরি করি নাকি? আপনি প্রভোস্ট স্যারকে জানান। এটা আমার কাজ না।’

হলের আবাসিক শিক্ষার্থীদের ভাষ্যমতে, কর্মকর্তা সোহাগ প্রায়শই শিক্ষার্থীদের সাথে রুঢ় আচরণ করেন। শিক্ষার্থীরা কোনো অভিযোগ জানালে তিনি ‘এটা আমার কাজ না’ বলে এড়িয়ে যান।

এ বিষয়ে হল কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সোহাগ বলেন, ‘আমি এ ধরনের কথা বলি নাই। অভিযোগকারী কথা ঘুরিয়ে বলছে।’

ফ্যান ছিঁড়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি প্রাকৃতিক ঘটনা। আজ শুক্রবার আমাকে একটু সময় দিতে হবে৷ আমি ইলেক্ট্রিশিয়ান পাঠাচ্ছি। তারা এসে ঠিক করে দেবে।’

হল কর্মকর্তার অসাদাচরণ প্রসঙ্গে জানতে চাইলে অত্র হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, ‘হলের কর্মকর্তা হিসেবে হলের দেখভালের দায়িত্ব তার কাজের আওতায় পড়ে। এসব ব্যাপারে তার অনীহা প্রকাশ করা অনুচিত। আমরা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার স্বার্থেই হলের দায়িত্বে আছি।’

ফ্যান ছিঁড়ে পড়া প্রসঙ্গে তিনি জানান, ‘ফ্যান ছিঁড়ে পড়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি দ্রুত লোক পাঠাচ্ছি। ওরা ঠিক করে দিবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইটি সোসাইটির নতুন কমিটি গঠন

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইটি সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফাহমিদ হাসান অনিককে সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দীন কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার সংগঠনটির সভাপতি সাইয়্যেদ মাখদুম উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে ৫২ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রিয়াসাত তানজীম, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, ও সজীব মহাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাসিম কিরণ, সাদমান সাইদ, মনির সামিয়া ও শিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে তাসলিম আক্তার রুমকি, তৌহিদা আক্তার, জাওয়াদ সিদ্দিকী, নিশাত জাহান ও তাবাসসুম কে মনোনীত করা হয়। এছাড়া অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসাইন ও প্রচার সম্পাদক আবু বক্কর রায়হা কে মনোনীত করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি গঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি ক্যাম্পাসে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি

 

কুবি প্রতিনিধি:

কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৯-২০ রোটা-বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বশেষ সভায় সংগঠনের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের ৯ম আবর্তনের শিক্ষার্থী রোটার‌্যাক্টর ফয়সাল আহমেদকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের একই আবর্তনের শিক্ষার্থী রোটার‌্যাক্টর হারুন অর রশিদ (মামুন) কে সধাারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয় ।

কমিটিতে সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি, আমজাদ হোসাইন ও ফারজানা ইয়াসমিন, যুগ্ন-সম্পাদক পদে তৃষ্ণা দত্ত, আরিফুর রহমান ও জোবায়ের হোসাইন কে নির্বাচিত করা হয়।

এছাড়া কোষাধ্যক্ষ পদে পলাশ সরকার, ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে রাসেল মাহমুদ ও মোহাম্মদ শাহজালাল, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে আ. ন. ম. তোহা, ইন্টান্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে জান্নাতুল ফেরদাউস পপি, প্রফেশনাল ডেভলপমেন্ট সার্ভিস ডিরেক্টর পদে কুলছুম আক্তার ও ইশতিয়াক আহমেদ এডিটর এন্ড আইটি ডিরেক্টর পদে ফজলে রাব্বি, চীফ সার্জেন্ট এট আর্মস পদে আশরাফুল হক, সার্জেন্ট-এট-আর্মস পদে মাসুম বিল্লাহ এবং চীফ সার্জেন্ট এট আর্মস পদে মারুফ হোসাইনকে নির্বাচিত করা হয়।

সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয় প্রতিষ্ঠাতা সভাপতি রোটার‌্যাক্টর আহসান হাবীব, পিপি রোটার‌্যাক্টর জয়নাল আবেদীন রনি, রোটার‌্যাক্টর সাইফুল ইসলাম, রোটার‌্যাক্টর মনিরুজ্জামান সানি এবং রোটার‌্যাক্টর তারেক আহম্মেদকে।

বর্তমান সভাপতি রো. আসাদুজ্জামান বলেন, ‘কুমিল্লা বিশ^বিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের সদস্যদের নিজেদের নেতৃত্বের গুণাবলী উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

তিনি প্রত্যাশা করেন নতুন কমিটিও ‘বন্ধুত্বের মাধ্যমে উন্নয়ন’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবে।’ এসময় নতুন কমিটির সবাইকে তিনি অভিনন্দন জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার কলা ও মানবিক অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

সম্মেলনে আলাদা আলাদা অধিবেশনে মোট তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।

ইংরেজি বিভাগের প্রধান মো: আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে ‘উইলিয়াম শেক্সপিয়র’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। শেষ অধিবেশনে বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

এছাড়া তিনটি অধিবেশন শেষে বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চারবারের অধিক রক্তদাতাদের সম্মাননা প্রদান

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চারবারের অধিক রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ ।  রক্ত দানে উদ্বুদ্ধ করতেই মূলত ভিন্নধর্মী এ আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির যুগ্ম- সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওন ও সদস্য জান্নাতুল কাউসার রুমকির সঞ্ছালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সংগঠনটির সভাপতি আশরাফুল হক ভুঁইয়ার সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম, সহকারী প্রক্টর শুভ ব্রত সাহা ও ‘বন্ধু’র উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক সোহেলসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন ‘এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই ভেজাল মুক্ত মানুষ। আপনারা এ সমাজের শ্রেষ্ঠ মানুষ। মানবিক কাজের মাধ্যমে আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭ম থেকে ৯ম ব্যাচ পর্যন্ত চার বা তার অধিক রক্তদানকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও চাবির রিং দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি ছিল রক্তদাতা সম্মাননা ও রক্তদানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের প্রথম পর্ব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ১০ম থেকে ১৩ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টল-শোভাযাত্রায় ক্যাম্পাসের বর্ষবরণ

শাহাদাত বিপ্লব, কুবিঃ
স্টলে সাজানো দেশীয় পিঠা, বাহারী ধরণের নাস্তা, মিষ্টি, পানীয়সহ নানা ধরণের খাবার। বৈশাখী চত্বরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। এ যে বাঙালী ঐতিহ্যের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খেলাধুলাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

রোববার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যা দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রটি শুরু হয়ে শালবন বিহার ঘুরে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার ছবি, বাঘের মুখ, হাতি ও টেপা পুতুল, মিনি ম্যাগাজিন, আল্পনা ও নানা ধরনের কারুকার্য ও জমকালো বেশভূষা নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর চত্বরে বিভিন্ন বিভাগের স্টল ঘুরে দেখেন প্রশাসনের কর্তাব্যাক্তিরা। দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহরাব উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে বৈশাখী চত্বরের স্টলগুলোতে ছিল ভিন্ন ধরণের আয়োজন। কে কার চেয়ে ভালো পরিবেশন করতে পারেন তার প্রতিযোগীতাই যেন চলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সানিয়া হোসেন জানান, ‘বিভাগের জুনিয়র হওয়ায় আমাদের উপর সাজসজ্জা এবং স্টলের দায়িত্ব পড়েছে। এবারের বৈশাখ টা একটু অন্যরকম। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৈশাখ উদযাপন করেছি। নতুন পরিবারটির সাথে খুব আনন্দেই কেটেছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুরোদমে চলছে বর্ষবরণের প্রস্তুতি

 

শাহাদাত বিপ্লব, কুবি:

দরজায় কড়া নাড়ছে বাঙালী ঐতিহ্যের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশে চলছে জোর প্রস্তুতি। বাংলার চিরন্তন লোকসংস্কৃতির বৈচিত্রময় এই উৎসবের ধারা অব্যাহত রাখতে পিছিয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও। প্রতিবারের ন্যায় এবারও স্টলে-স্টলে সাজানো হচ্ছে বৈশাখী চত্বর।

প্রায় প্রতি বছরই বিশ^বিদ্যালয়টিতে চারুকলা বিভাগ না থাকায় বর্ষবরণে দায়িত্ব পালন করছে বিভাগগুলোর সমন্বয়ে গঠিত উপ-কমিটি। তবে এবারের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমই জানান দিচ্ছে থাকছে ভিন্ন কিছু। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গেইট, বৈশাখী চত্বরে স্টল সাজানো, বিভিন্ন বিভাগে আল্পনা, গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার ভিন্ন প্রয়াস সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে ব্যাস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বিভিন্ন বিভাগ এবং সংগঠনগুলোর আয়োজনে স্টলগুলোতে থাকছে বাহারী ধরণের দেশীয় পিঠা এবং নাস্তার আয়োজন।

এছাড়া অশুভ শক্তিকে প্রতিরোধের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন বানানোর কাজও চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বৈশাখের প্রথম দিন সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা, বেলা সাড়ে ১২টায় বেলুন ফাটানো, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন ধরণের দেশীয় খেলাধুলার ইভেন্ট এবং দুই ধাপে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ১৫ এপ্রিল বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কুতিক সংগঠনের আয়েবজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বৈশাখকে বরণ করে নিতে শিক্ষকদের সমন্বয়ে ৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

এদিকে কাজের ফাঁকে ফাঁকে গান-গল্প, আড্ডা আর দুষ্টুমিতে জমে উঠছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কয়েকদিন টানা পরিশ্রমের পরেও কাজকে উপভোগ করছেন বলে জানান তারা। লোক প্রশাসন বিভাগের ছাত্রী তিশা চাকমা জানান, ‘কাজকে ভীষণ উপভোগ করছি। আল্পনা, মুখোশ, হাতি, বাঘসহ বিভিন্ন জিনিস আঁকছি। বিভাগের ছোট ভাই-বোন অক্লান্ত পরিশ্রম করছেন। এবারের পহেলা বৈশাখ দারুণ হবে।’

উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘সকল ধরণের প্রস্তুতি শেষ পর্যাায়ে। বাঙ্গালী সংস্কুতিকে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছি। বাংলা অঞ্চলের যে সাহিত্য পত্রগুলো ছিল সেগুলো উপস্থাপন করা হবে। আর প্রতিবছর একদিনের অনুষ্ঠান হলেও এবার দুইদিনের অনুষ্ঠান হবে।’