Tag Archives: কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) নিয়মিত সীমান্ত নজরদারি ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকায় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটি তল্লাশি করে এর ভেতর থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, রেডবুল এনার্জি ড্রিংক, ডাবর আমলাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য রয়েছে।

জব্দ করা পণ্যগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার কাবিলা বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাত থেকে ১৪ মার্চ ভোর ৫টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি ভারতীয় অবৈধ আতশবাজি এবং একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই অংশ হিসেবে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।