Tag Archives: কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সারভিল্যান্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকারিয়া মাহমুদ।

বক্তারা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে, যা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকা নিতে হলে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট:

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় কুমিল্লায় সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া জামারিন আনসারী।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে সংক্রমণজনিত রোগের অন্যতম প্রধান কারণ টাইফয়েড জ্বর। এটি স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে।

টাইফয়েড প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিসিভি টিকা কার্যকর ও নিরাপদ। সারা বিশ্বে শিশুদের এ টিকা দেওয়া হচ্ছে এবং সামান্য জ্বর, ব্যথা বা অস্বস্তি ছাড়া কোনো জটিল প্রতিক্রিয়া দেখা যায়নি।

আসন্ন জাতীয় টিকাদান ক্যাম্পেইনে দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিসিভি টিকা দেওয়া হবে।

টিকা প্রদানের নিয়ম অনুযায়ী, দুই বছরের কম বয়সী শিশুদের উরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের বাহুর উপরিভাগে ইনজেকশনের মাধ্যমে ০.৫ এম.এল. টিকা দেওয়া হবে।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরাই বেশি আক্রান্ত হয়, তাই এ বয়সী শিশুদের এক ডোজ টিকা দিয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

আয়োজকদের মতে, সংবাদকর্মীদের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এই কর্মশালার মূল উদ্দেশ্য। তারা আশা করেন, টিকা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়লে শিশু-কিশোরদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।