Tag Archives: তদন্ত প্রয়োজন

বিডিআর হত্যাকাণ্ডের

বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন: আইন উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন।”

তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে ৩ ডিসেম্বর মতামত প্রদান করে যে, আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মত দিয়েছে।

তবে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। এতে আইন মন্ত্রণালয়ের মতামতের উল্লেখ ছিল না। হাইকোর্টের আদেশ অনুসারে কমিটি গঠনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ভবিষ্যতে যদি তারা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়, আইন মন্ত্রণালয় অবশ্যই সহযোগিতা করবে। ব্যক্তিগতভাবে আমার দৃঢ় বিশ্বাস, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন।”**

পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা চলমান থাকায় আপাতত ‘জাতীয় স্বাধীন কমিটি’ গঠন করা হচ্ছে না বলে রোববার আদালতকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদঘাটনের লক্ষ্যে জাতীয় স্বাধীন কমিটি গঠনের আবেদন করা হলে আদালতে এ তথ্য উপস্থাপন করে মন্ত্রণালয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

২০০৯ সালের সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা দেশের ইতিহাসে অন্যতম বর্বর হত্যাকাণ্ড।