Tag Archives: দক্ষিণ কোরিয়া

স্যামসাংয়ের আয়োজনে কে-পপ কনসার্ট

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অনুকরণীয় সম্পর্কের উদাহরণ হিসেবে কোরিয়া সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে, কোরিয়া সপ্তাহের ‘শোকেস কোরিয়া ২০২৩’ মেলায় স্যামসাংয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রথম কে-পপ কনসার্ট আয়োজিত হয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় কে-পপ ব্যান্ড ও তায়কোয়ান্দো দলের এ মনোমুগ্ধকর পারফরমেন্স।

দু’দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সভাপতি মো. জসিম উদ্দিন; এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং কিউন।

অতিথিদের নিবন্ধন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রধান অতিথি বেলা দেড়টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ আয়োজনে কোরীয় পণ্য ও সেবা প্রদর্শন করতে প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। অতিথি ও দর্শনার্থীদের সামনে কোরিয়ার সঙ্গীত ও সংস্কৃতি প্রদর্শনের অংশ হিসেবে কে-পপ কনসার্টের আয়োজন করা হয় স্যামসাংয়ের পক্ষ থেকে। বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজিত এই কে-পপ কনসার্টে ছেলেদের গ্রুপ ‘ট্যান’ ও মেয়েদের গ্রুপ ‘আইসিইউ’ অংশ নেয়। পাশাপাশি, কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো প্রদর্শন করে ‘নলজা’। আয়োজনটি স্যামসাংয়ের টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে কনজ্যুমার ইলেকট্রনিকস ও গ্যালাক্সি স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করে স্যামসাং।

অনুষ্ঠানে স্যামসাংয়ের সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ আলট্রা (২০০ মেগাপিক্সেল ক্যামেরা) প্রদর্শন করা হয়। এছাড়া, সেখানে স্যামসাংয়ের ফ্রেম ও সেরিফ টিভির মতো লাইফস্টাইল টিভির পাশাপাশি সর্বাধুনিক মডেলের টিভি, সদ্য উন্মোচিত বিস্পোক রেফ্রিজারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ওয়াশিং মেশিন প্রদর্শন করা হয়।

ক্রেতাদের আস্থা ও পছন্দের জায়গা থেকে স্যামসাং মোবাইল ও স্যামসাং টিভি ইন্টারব্র্যান্ড কর্তৃক সেরা ৫ গ্লোবাল ব্র্যান্ডের একটি এবং বাংলাদেশে সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন সমুন্নত রাখতে ভূমিকা রাখছে স্যামসাং। পাশাপাশি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে গর্বিত অংশীদার হিসেবে পাশে রয়েছে স্যামসাং।

কোরিয়ায় শ্রমিক থেকে নায়ক হয়ে উঠেন নারায়ণগঞ্জের মাহবুব

বিনোদন ডেস্কঃ

মাহবুব আলম পল্লব, ১৯৯৯ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন অভিবাসী কর্মী হিসেবে। কাজও শুরু করেন। কিন্তু নিজেসহ অন্য শ্রমিকদের নিয়ে নানারকম সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

অবশেষে পা রাখেন দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একসময় নিজেই বনে যান চলচ্চিত্রের নায়ক! শ্রমিক থেকে নায়ক হয়ে পৃথিবীর অন্যতম প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রিতে জড়িয়ে আছেন তিনি।

মাহবুব লি নামে বর্তমানে দেশটির অত্যন্ত পরিচিত মুখও এই বাংলাদেশি নাগরিক।

মাহবুব বললেন, ‘অভিবাসী কর্মী হিসেবে প্রায়ই বৈষম্যের শিকার হতে হয় আমাদের। এ কারণে নিজে অভিবাসী হয়েও অন্যদের নিয়ে কাজ করা শুরু করি। একটা সময় বুঝতে পারি, নিজেদের জন্য গণমাধ্যম তৈরি করা দরকার। তৈরি করতে থাকি ডকুমেন্টারি। অভিনয় বা চলচ্চিত্র নিয়ে একেবারেই অভিজ্ঞতা ছিল না আমার। পরিকল্পনা ছিল ২-৩ বছর সেখানে থাকবো। তারপর দেশে আসবো। তবে সেটা হয়নি। ঘটনাক্রমে যুক্ত হয়ে যাই চলচ্চিত্রে।’

২০০৪ সাল থেকে ডকুমেন্টারির কাজ শুরু করেন। কারণ, স্থানীয় মিডিয়া প্রবাসীদের কোনও সুযোগ দিচ্ছিল না। ‘দ্য রোড অব দ্য রিভেঞ্জ’ নামের শর্ট ফিল্মে প্রথম অভিনয় করেন তিনি। এটা এক ধরনের ব্ল্যাক কমেডি।

নায়ক হয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির পরিচালক আমাকে চিনতেন। এখানে আমার দায়িত্ব ছিল স্ক্রিপ্ট নিয়ে কাজ করা ও একজন হ্যান্ডসাম নায়ককে খুঁজে দেওয়া। খুঁজতে গিয়ে দেখি, মনের মতো কাউকেই পাচ্ছি না। কিন্তু পরিচালক যে বিষয়গুলো চান, তার সবই আমার মধ্যে আছে। নির্মাতাকে গিয়ে বললাম, আমি অভিনয় করলে কেমন হয়? তিনি বললেন, মাহবুব তুমি হ্যান্ডসাম, ভাষাও জানো, ভিসারও সমস্যা নাই। কিন্তু তোমাকে ওজন কমাতে হবে। এভাবেই অভিনয় করা শুরু।’

বান্ধবীকে নিয়ে চলচ্চিত্রটি। প্রথম ছবিই জেনজু উৎসবে দুটি পুরস্কার পেয়ে যায়। যার ফলে কোরিয়ান মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন মাহবুব।

২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘হোয়ার ইজ রনি…’। একই বছরে আসে ‌‘বান্ধবী’, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়।

মাহবুব অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে—‘মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ ওয়াইফ’, ‘হোয়ার ইজ রনি’, ‘পেইনড’, ‘ইউ আর মাই ভাম্পায়ার’, ‘পারফেক্ট প্রপোজাল’, ‘আসুরা: সিটি অব ম্যাডনেস’ ও ‘লাভ ইন কোরিয়া’।

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করা মাহবুব এখন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র শিল্পে সরাসরি যুক্ত আছেন। পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনায়। বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার পরিচালকও তিনি।