Tag Archives: দিয়েগো ম্যারাডোনা

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে বার্সার ১০ নাম্বার জার্সি ছাড়তে হবে মেসিকে

 

স্পোর্টস ডেস্কঃ

প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা আহ্বান জানিয়েছেন, তার বাবার সম্মানে যেন বার্সেলোনার ১০ নাম্বার জার্সিটা অবসরে পাঠানো হয়, যেটি বর্তমানে ক্লাবের আরেক কিংবদন্তি লিওনেল মেসি পরেন!

১৯৮২-৮৪ মৌসুমে বার্সেলোনায় খেলেছিলেন ম্যারাডোনা। সেসময় ১০ নাম্বার জার্সিটা গায়ে জড়াতেন তিনি।

সাধারণত দলের সেরা ফুটবলারের গায়ে চাপে ১০ নাম্বার জার্সিটা। সে হিসেবেই ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির গায়ে দীর্ঘদিন ধরেই এই জার্সি। তবে দিয়েগোর ছেলের আবদার মানতে গেলে, মেসির কাছ থেকে কেড়ে নিতে হবে জার্সিটা!

চলতি সপ্তাহেই প্রয়াত কিংবদন্তিকে বার্সার জার্সিতে গোল করে শ্রদ্ধা জানিয়েছেন মেসি। দু’জনেরই সাবেক ক্লাব নিওয়েল ওল্ড বয়েজের জার্সিতে তাকে সম্মান জানান এলএমটেন।

এর আগে ফরাসী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস পরামর্শ দেন, ম্যারাডোনার সম্মানে বিশ্বের সব দলেরই উচিত ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা।

তবে অতকিছু চান নি ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। তবে তার বাবার সাবেক ক্লাব যেন অন্তত তার প্রতি এই সম্মান জানায়, সেই আহ্বান তিনি জানিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য লিও’র শ্রদ্ধাজ্ঞাপনেও আপ্লুত হবার কথা স্বীকার করেন সিনাগ্রা।

তিনি বলেন, দিনগুলো বেশ আবেগপূর্ণ ছিল। লিও’র উৎসর্গ করার ঢংটা ছিল স্পেশাল। খুব সুন্দর। এটা দেখে আমি কেঁদেছি।

তিনি আরো বলেন, বার্সাসহ যেসব ক্লাবে তিনি খেলেছেন, সেসব ক্লাবের ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা উচিত।

চুরির হাত থেকে ম্যারাডোনার মৃত দেহকে বাঁচাতে কঠোর পুলিশি পাহারা

স্পোর্টস ডেস্কঃ

ফুটবলের ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার মৃত্যু অনেকেই এখনও মেনে নিতে পারছেন না। ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পরপারে পাড়ি জমান আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়া এই জাদুকর ফুটবলার।

কিন্তু পাগলা সমর্থক কিংবা সমাধি চুরি চক্রের হাত থেকে ম্যারাডোনার মৃত দেহকে বাঁচাতে এখন কঠোর পুলিশি পাহারা বসাতে হয়েছে আর্জেন্টিনার আভ্যন্তরিক নিরাপত্তা কর্তৃপক্ষকে।

বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় মা-বাবার পাশে শায়িত হন দিয়েগো ম্যারাডোনা। সেখানেই এখন ২০০ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা সরকার। ব্রিটিশ মিডিয়া দ্য সান জানিয়েছে এ খবর।

কর্তৃপক্ষের আশঙ্কা, অন্ধ সমর্থকরা ম্যারাডোনার সমাধি ভেঙে ফেলতে পারে। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার দেহ কিংবা দেহের কোনো অংশ বিশেষ। এ কারণে, অন্তত এক সপ্তাহ ভেলা ভিস্তা সমাধিস্থলকে কঠোর পাহারার মধ্যে রাখার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

আর্জেন্টিনা কর্তৃপক্ষের ম্যারাডোনার সমাধিতে চুরির ব্যাপারে শঙ্কা তৈরির কারণও রয়েছে। ১৯৮৭ সালের ঘটনার যেন পূনরাবৃত্তি না ঘটে, সে কারণেই এই সশস্ত্র পাহারার ব্যবস্থা করেছে তারা। ১৯৮৭ সালে সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার দেহ চুরি করে নিয়ে গিয়েছিল কিছু অন্ধ ভক্ত।

ম্যারাডোনার মৃত দেহটাকে না আবার সমাধি ভেঙে চুরি করে নিয়ে যায়! এ কারণেই আর্জেন্টিনা সরকার মূলতঃ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে সমাধিস্থল ঘিরে।

শেষবারের মতো কী বলে গিয়েছিলেন ম্যারাডোনা

 

স্পোর্টস ডেস্কঃ

নভেম্বরের প্রথম সপ্তাহে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যাওয়ায় বুয়েন্স আয়ার্সের একটি হাসাপতালে ভর্তি করতে হয় তাকে। করাতে হয় অস্ত্রোপচার। জটিল অস্ত্রোপচার; কিন্তু দিয়েগো ম্যারাডোনা এই জটিল চিকিৎসায় পার পেয়ে যান। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যদিও তাকে মাদকাসক্তির কারণে নিতে হয় পূনর্বাসন কেন্দ্রে।

১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান পূনর্বাসন কেন্দ্রে। সেখান থেকে তিগ্রেতে বয় মেয়ের কাছে চলে যান ম্যারাডোনা। শেষ পর্যন্ত একই এলাকায় নিজের বাড়িতেই অবস্থান করছিলেন আর্জেন্টাইন ফুটবল রাজপূত্র।

বুধবার স্থানীয় সময় বিকেলে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় ম্যারাডোনার। এ সময় তীব্র যন্ত্রনার কারণে পাশে উপস্থিত থাকা এক প্রতিবেশিকে শেষবারের মত শুধু বলতে পেরেছিলেন, ‘আমি খুব অসুস্থ অনুভব করছি।’ এটাই ছিল ম্যারাডোনার মুখ থেকে বের হওয়া জীবনের শেষ কথা।

হাসাপাতালে নেয়ারও সুযোগ মিললো না এরপর। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই কিংবদন্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৮৬ বিশ্বকাপ বিজয়ী এই কিংবদন্তি যাত্রা করলেন অনন্তকালের পথে।

বুধবার সকালের নাস্তার পর ম্যারাডোনা তার প্রতিবেশিকে বলেছিলেন, খুব ঠাণ্ডা অনুভব করছেন শরীরে। এ সময় তাকে নাকি খুব ফ্যাকশে দেখা যাচ্ছিল। এরপর নিজের বিছানার দিকে এগিয়ে যাচ্ছিলেন আর সেই প্রতিবেশিকে বলছিলেন, ‘মি সিয়েন্টো মাল (আমার শরীরটা খুব খারাপ লাগছে)।’

বিকেলের একটু আগেই একজন পরিচারিকা দেখেন ম্যারাডোনা বিছানায় নির্জিব হয়ে পড়ে আছেন। তিনি খুব দ্রুত ফোন করেন হাসপাতালে। কিন্তু হাসপাতালের ডাক্তাররা ম্যারাডোনার বাসায় পৌঁছার আগেই পরাপারে পাড়ি জমালেন এই ফুটবল কিংবদন্তি।

ম্যারাডোনা অমর, তার মৃত্যুকে চিরবিদায় হিসেবে মানতে রাজি নন মেসি

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনার অবিসংবাদিত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সারাবিশ্বের সবার কাছেই বড় এক ধাক্কা হয়ে এসেছে এ খবর।

তবে ম্যারাডোনার মৃত্যুকেই তার চিরবিদায় হিসেবে মানতে রাজি নন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিশ্বাস করেন, ম্যারাডোনা চিরঅমর হয়ে থাকবেন ফুটবল ইতিহাসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

সর্বকালের সেরা ফুটবলারের দৌড়ে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দী যিনি, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যেন যথাযথ ভাষা খুঁজে পাচ্ছেন না এ খবরের প্রতিক্রিয়া জানানোর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংক্ষিপ্ত এক বার্তায় তিনি লিখেছেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’