Tag Archives: দুধ দিয়ে গোসল

স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল

ডেস্ক রিপোর্ট:

একযুগ আগে পারিবারিকভাবে আকতারুল ঢালীর (৪০) সঙ্গে বিয়ে হয় ওমেনুর বেগমের। বিয়ের পর থেকেই পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। তাই গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওমেনুর বেগম পঞ্চমবারের মতো ডিভোর্স লেটার পাঠালে তাতে সাক্ষর করেন স্বামী আকতারুল।

এরপর দীর্ঘ বৈবাহিক জীবনের বিচ্ছেদ ঘটায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বাগেরহাটের উজলকুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১২ সালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল ঢালী। এই দম্পত্তির আখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য চলতে থাকে। প্রায় এক যুগের পথচলায় এর আগে স্ত্রীর কাছ থেকে চারবার ডিভোর্স লেটার পেয়েছেন তিনি। তবে এর আগে ডিভোর্স লেটারে সাক্ষর না করলেও পঞ্চমবার ডিভোর্স লেটারে স্বাক্ষর করে দাম্পত্য জীবনের অবসান ঘটান।

আকতারুল ঢালীর দাদি হামীদা বেগম বলেন, তিনি কয়েকবার ডিভোর্স লেটার পাঠিয়েছেন। আমরা কয়েকবার তাকে ফিরিয়ে এনেছি। এবার শুনলাম ধনী কাউকে নাকি বিয়ে করেছেন।

এ বিষয়ে কান্না জড়িত কণ্ঠে আকতারুল ঢালীর মা বলেন আমেনা বেগম বলেন, ছেলের বউকে কখনও অন্যের মেয়ের মত দেখিনি। সব সময় নিজের মেয়ের চোখে দেখেছি। বারবার চলে যাওয়ার পরেও ছেলের বউকে ঘরে ফিরিয়ে এনেছি। আমার ছেলে এবার ডিভোর্স লেটারে সাক্ষর করে দুধ দিয়ে গোসল করেছে।

এ বিষয়ে আকতারুল বলেন, যদিও বিষয়টি কষ্টের তবুও আমি আনন্দিত। আমি ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সঙ্গে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। আমার স্ত্রী সংসার করবে না বলে অনেকবার ছেড়ে চলে যায়।

আকতারুল ঢালী আরও বলেন, আমার স্ত্রী আমাকে এর আগেও চার বার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনোদিন সেই কাগজে স্বাক্ষর করিনি। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনও আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠায়। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক।

উজলকুড় ইউনিয়নের ৫নং ওয়ার্ল্ডের ইউপি সদস্য আ. শুকুর ফকির বলেন, আকতারুল ঢালীর বিষয়টা আমি অবগত। এর আগে কয়েকবার তাদের বিচার সালিশ করে মীমাংসা করেছি। কিন্তু এবার তার স্ত্রী বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে গিয়ে তাকে ডিভোর্স লেটার দিয়েছে।

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরে এক মণ দুধ দিয়ে গোসল করে হাসেম সরদার (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন।

হাসেম সরদারের দাবি- সর্বশেষ তিনি শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের-সহ সভাপতি ছিলেন।

তবে ওই কমিটিতে তার নাম দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

এদিকে হাসেম সরদারের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসেম সরদার নিজেই মাথায় দুধ ঢেলে গোসল করছেন। কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন। দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে হাসেম সরদার বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

হাসেম সরদার জানায়, প্রথমে ১০ কেজি দুধ এনে গোসল শুরু করলে আমার শুভাকাঙ্ক্ষীরা আরও ৩০ কেজি দুধ এনে দিলে সেই দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন।

হাসেম সরদার জানান, আমার বাবা সাধনা ঔষধালয়ে চাকরি করতেন। তখন ১৯৭১ সাল, আমার বয়স তখন ৬-৭ বছর। ছোট্ট বয়সে বাবার কাছে বায়না ধরেছিলাম ৭ মার্চের ভাষণ শুনতে যাব। বাবা বলেছিল, মিছিলে যে মানুষ হয়, তাতে পিষ্ট হয়ে অনেকে মারা যায়। তোমাকে আমি রাখব কোথায়! তখন বাবাকে বলেছিলাম আমি ট্রাক থেকে নামব না। তখন থেকে আমি আওয়ামী লীগের প্রোগ্রামে যাই। দীর্ঘদিন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ও ঢাকার সূত্রাপুরের নেতা নাছির ভাইয়ের সাথে রাজনীতি করেছি। সূত্রাপুর থানার ৮৩ নং ওয়ার্ড যুবলীগের নেতা ছিলাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের সাথে মিছিলে আমিও ছিলাম। তারপর গ্রামে আসার পর শরীয়তপুরের বর্তমান এমপি ইকবাল হোসেন অপুর সমর্থক হয়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছি।

অপু সাহেব এমপি হওয়ার আগে বলেছিলেন, দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করবেন। কিন্তু তিনি তা করেননি। জীবনে ২১ বার জেল খেটেছি, ছয়টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে। আমাকে মূল্যায়ন করা হয়নি, পদ-পদবি দেওয়া হয়নি। মাটি কেটে খাই আমি। যে আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম সেই আওয়ামী লীগ আমাকে কিছুই দিলো না। রাগে, দুঃখে, ক্ষোভে আমি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছি।

তিনি জানায়, সর্বশেষ আমাকে ধানুকার একটি ক্লাবে নিয়ে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে মৌখিকভাবে। লিখিত কোনো অনুমোদন নেই ওই কমিটির। ওই কমিটির সভাপতি প্রার্থী ছিলাম আমি। ওই কমিটির সভাপতি এখন আবদুল আজিজ বেপারী। যে দল ১৪ বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূলকে মূল্যায়ন করতে জানে না, সেই দলকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে ধুয়ে মুছে আমি বিএনপিতে যোগদান করেছি৷ জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দীন কালু ধানের শীষ হাতে দিয়ে আমাকে বরণ করে নিয়ে যে সম্মান দেখিয়েছেন তা আমি আওয়ামী লীগে কোনো দিন পাইনি।

শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বেপারী জানায়, হাসেম সরদার আওয়ামী লীগের কর্মী। তিনি দলের পদধারী কোনো নেতা নন। তিনি যে দাবি করেছেন ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি তা মিথ্যা। আওয়ামী লীগের কর্মসূচি থাকলে এলাকার লোক হিসেবে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে যেতাম আমি। উনি দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন এটা সম্পূর্ণ উনার ব্যক্তিগত বিষয়। দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

হাসেম সরদারের বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন জানায়, আওয়ামী লীগের এক নেতা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মাইকে ঘোষণা দিয়ে গতকাল তাকে আমরা বরণ করে নিয়েছি।

সূত্র: ঢাকা পোষ্ট