Tag Archives: নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যা-ঘাতক স্বামী আটক

নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আক্তার (২৩) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হোসেন রাজুর (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমিল্লায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রাজু (২৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মোজাম্মেল হোসেন রাজুর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারা এলাকার মোবারক হোসেনের মেয়ে খালেদা আক্তারের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু স্বামী মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় স্ত্রী খালেদা আক্তার তার মেয়েকে নিয়ে নাঙ্গলকোট বাবার বাড়িতেই থাকতেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলতে থাকে।

২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল হোসেন তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরদিন ভোরে জামা-কাপড় ধোয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মোজাম্মেল হোসেন তার স্ত্রী খালেদা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ পুকুর ঘাটে ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মোজাম্মেল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার রায়ে বৃহস্পতিবার দুপুরে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন পলাতক রয়েছেন।

নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যা-ঘাতক স্বামী আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী খালেদা আক্তারকে (২৩) গলাটিপে হত্যা করে পালিয়েছে স্বামী মোজাম্মেল হোসেন রাজন। শনিবার ভোর রাতে নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা গ্রামে ঘটনাটি ঘটেছে । নিহত খালেদা আক্তার নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা গ্রামের মোবারক হোসেনের মেয়ে। ঘাতক স্বামী মোজাম্মেল হোসেন রাজন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের ষাটিশক গ্রামের নুরে আলমের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। একইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাসানপুর রেল স্টেশন এলাকা থেকে ঘাতক স্বামী মোজাম্মেল হোসেন রাজনকে আটক করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা গ্রামের মোবারক হোসেনের মেয়ে খালেদা আক্তারের সাথে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের ষাটিশক গ্রামের নুরে আলমের ছেলে মোজাম্মেল হোসেন রাজনের বিয়ে হয়। বিয়ের সময় খালেদার পরিবার জমি বিক্রি করে যৌতুক হিসাবে মোজাম্মেল হোসেনকে নগদ এক লক্ষ টাকা ও আসবাব পত্র প্রদান করেন। বিয়ের পর থেকে মোজাম্মেল স্ত্রীকে নিয়ে শশুরালয়ে বসবাস করে আসছিলেন। খালেদা আক্তার বাপের বাড়ি থাকা নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাধ লেগে থাকত। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে মোজাম্মেল হোসেন শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করেন। শনিবার ভোর রাতে মোজাম্মেল হোসেন তার স্ত্রীকে নিয়ে শশুরবাড়ীর পাশর্^বতী পকুরে গোসল করতে যায়। সেখানে তাদের মধ্যে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায় মোজাম্মেল পুকুর পাড়ে খালেদাকে গলাটিপে হত্যা করে। এসময় ঘাতক মোজাম্মেল লাশ পুকুর পাড়ে রেখে পালিয়ে যায়। সকালে বাড়ীর লোকজন পুকুর পাড়ে খালেদার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খালেদার মীম নামে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

খালেদার পিতা মোবারক হোসেন বলেন, শুক্রবার রাতে মোজাম্মেল হোসেন রাজন আমাদের বাড়িতে আসে এবং খাবার খেয়ে রাজন ও খালেদা আমাদের আরেকটি ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে পুকুর পাড়ে খালেদার লাশ পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজন আমাদেরকে খবর দেয়। পারিবারিক ঝগড়ার জের ধরে রাজন আমার মেয়েকে হত্যা করেছে। এব্যাপারে খালেদার পিতা মোবারেক হোসেন থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি এবং স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।