Tag Archives: বঙ্গবন্ধুর ভাস্কর্য

কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় যুক্ত করা হয়েছে সিসি ক্যামেরা ও প্রহরী

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর কুমিল্লার সকল ধরনের ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিফলকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে নিরাপত্তা জোরদার করেছে। কোথাও কোথাও ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরীর সংখ্যা।

সূত্র মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে সিসি ক্যামেরা ছাড়াও অতিরিক্ত দুই জন নিরাপত্তা প্রহরী যুক্ত করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে ছয়টি সিসি ক্যামেরা ও উচ্চ মাধ্যমিক শাখায় অবস্থিত কলেজ প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের ভাস্কর্যে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের অধীনস্থ ভাস্কর্য গুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া জানান, ৫ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কলেজ প্রতিষ্ঠাতার ভাস্কর্যে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এছাড়া সিকিউরিটি গার্ডের সংখ্যা দ্বিগুণ করেছি। পুলিশ সুপারকে চিঠি দিয়ে কলেজের ম্যুরাল, ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বাড়াতে অনুরোধ করেছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য আগে থেকেই সিসি ক্যামেরার আওতায় ছিল। পরিস্থিতি বিবেচনায় দুইজন গার্ড বিশেষভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল নিরাপত্তা বলয়ের ভিতরেই আছে। তারপরও আনসার সদস্যদের সতর্ক করা হয়েছে, যাতে কোনও অপরিচিত ব্যক্তি বোর্ড আঙিনায় প্রবেশ করতে না পারে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মীর শওকত হোসেন জানান, ভাস্কর্য নিয়ে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য আমরা সজাগ রয়েছি।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ কুমিল্লায় স্থাপিত বিভিন্ন ভাস্কর্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশেষ করে ম্যুরাল গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানকে আহ্বান করছি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের আহবানে নগরীজুড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নেতৃত্বে নগরীর টাউন হল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলুসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের নেতা কর্মীবৃন্দ।

সভা শেষে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে টাউন হল মাঠে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ। এছাড়াও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর আল-আমিন সাদি, সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো: সোহেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদক মিছিলে নেতৃত্ব দেন।

পরে কুমিল্লা মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পীরা

 

বিনোদন ডেস্কঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন চলচ্চিত্র শিল্পীরা। আজ রোববার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনের রাস্তায় মানববন্ধনে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এই আয়োজনে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও শিল্পী সমিতি ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধন শেষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভাস্কর্য আর মূর্তি এক নয় এটা সবাইকে বুঝতে হবে। শ্রদ্ধার প্রতীক হলো ভাস্কর্য আর পূজা অর্চনার প্রতীক মূর্তি। শ্রদ্ধা ও সম্মানের প্রতীক ভাস্কর্য একটি দেশ ও জাতির অনন্য গৌরবময় অহংকার। কাজেই যাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করবেন, আমরা তাঁদের প্রতিরোধ করব। আমরা চাই সরকার তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এর আগেও দেশে অনেক ভাস্কর্য হয়েছে, তখন কিন্তু এসব নিয়ে এত কথা হয়নি। তাহলে হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এমনটা কেন হচ্ছে, কারাই বা এমনটা করছে তার মানে কোনো ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস কারা দেখিয়েছে? এটা সরকারকে অস্থিতিশীল করার একটা চেষ্টাও মনে হচ্ছে। শুধু তাই নয়, এটা একরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টার মতো। অসাম্প্রদায়িক বাংলাদেশে এসব কোনোভাবেই কাম্য নয়।’

মানববন্ধনে অংশগ্রহণ শেষে সংগীতশিল্পী এস ডি রুবেল বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে দলমত-নির্বিশেষে সবারই সম্মান জানানো উচিত। এমন সম্মানীয় একজন ব্যক্তিকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তার ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই।’

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাসহ দেশের নানা স্থানে ভাস্কর্য নিয়ে কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এফডিসির সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেন মৌসুমী, ওমর সানী, মুশফিকুর রহমান গুলজার, এস ডি রুবেল, গোলাম কিবরিয়া, খোরশেদ আলম, অপূর্ব রানা প্রমুখ।

এদিকে এফডিসির সামনের রাস্তায় মানববন্ধনে অংশ না নিলেও মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, সংগীত জগতের শিল্পীরা ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিজেদের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।