জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে- দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলবো একটি উন্নত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ নিশ্ছিদ্র নিরাপদে,সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করবে।
আজ রোববার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার মানিকার চর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, বিএনপি ভোট কারচুপি,কেন্দ্র দখল এবং দিনের ভোট রাতে ও একদলীয় নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে না। বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী। এই জন্যই বিএনপি চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বরাজনীতিতে এতোবেশী গুরুত্বপূর্ণ ছিলেন। দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কোন স্বৈরশাসকের সাথে আপসরফা করেননি। রাজনীতিতে খালেদা জিয়ার ত্যাগ জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ রাখবে।
ড.মোশাররফ বলেন, জাতির প্রতিটি ক্রাইসিসে বিএনপি জনগণের পাশে ছিলো,এখনও আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার একটি সমৃদ্ধ দেশ গড়ার অনন্য দলিল। তিনি ইশতেহারে রাষ্ট্র ও মানুষের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড,কৃষি উৎপাদনে সহায়তায় কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির কথা ইশতেহারে যুক্ত করায় সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছেন। বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার কখনও ভঙ্গ করেনি। বিএনপি যে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন পূরণ করে। এটি প্রমাণিত সত্য।
ড.মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করবে। দারিদ্র্যমুক্ত,উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে। আর স্থানীয়ভাবে এই মেঘনা উপজেলার অসমাপ্ত সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।
তিনি আগামী১২ফেব্রুয়ারির নির্বাচনে তাঁকে(মোশাররফ) বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, একটি দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ভোটারদের প্রভাবিত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। প্রিয় ভোটার মা-বোনদের প্রতি বিনীত আহবান, আপনারা বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন। জনসভায় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার, অধ্যক্ষ মো.রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার অনিক, আজহারুল হক শাহীন,আবদুল অদুদ মুন্সি,মিজানুর রহমান,সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, সাবেক চেয়ারম্যান শহীদউল্লাহ সরকার,জয়নাল আবেদিন, সলিমুল্লাহ মোহাম্মদ,আবদুল গাফফার প্রমুখ।