Tag Archives: বিরুদ্ধে

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

মুরাদনগরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৪৫টি বিদ্যালয় থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত এক সপ্তাহে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী অফিস কক্ষ সংস্কারের কথা বলে তার অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে চাঁদা নিয়েছেন। আর সেই চাঁদা সংগ্রহ করে দিয়েছে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মীর।

জানা যায়, উপজেলার ২২টি ইউনিয়নে ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখান থেকে ৪টি ইউনিয়নের দুইটি ক্লাস্টারে ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে আছেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী। গত এক সপ্তাহ আগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মীর কে অফিস কক্ষ সংস্কারের বিষয়টি জানান। পরে শিক্ষক জাকির হোসেনের পরামর্শে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবীর অধীনে থাকা ২টি ক্লাস্টারের ৪৫ টি বিদ্যালয় থেকে ৫’শ টাকা করে মোট ২২ হাজার ৫’শ টাকা চাঁদা সংগ্রহ করা হয়।

পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযুক্ত মোহাম্মদ জাকির হোসেন মীর কে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান ৫’শ টাকা করে দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আগের স্যারেরাও অফিসের রুম সংস্কারের কথা বলে টাকা নিয়েছে এটা ভাই নতুন কিছু না। ঐদিনও হায়াতুন্নবী স্যার আমাদেরকে ডেকে উনার অফিস রুমটা দেখিয়ে বলল রুমটার অনেক দিক দিয়ে ফেটে গেছে কি করা যায়। তখন স্যারের মন রাখতে গিয়ে আমরা নিজেদের পকেট থেকে সবাই ৫’শ টাকা করে দিয়েছি।

ভাংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মদ বলেন, আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দিয়েছি বিদ্যালয়ের কোন ফান্ড থেকে না। আর এই টাকা আমাদের কাছ থেকে নিয়েছেন জাকির হোসেন মীর ও লুৎফুর রহমান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সহকারী শিক্ষা অফিসার কে শিক্ষকরা তাদের নিজ পকেট থেকে টাকা দেয়া এবং জাকির হোসেন টাকা সংগ্রহ করে দেয়ার মূল কারণ হচ্ছে? বিদ্যালয় ফাঁকি দেয়া! টাকা দেয়ার ফলে শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় শিক্ষকরা বিভিন্ন অজুহাতে বিদ্যালয় ফাঁকি দিতে পারবে।

শিক্ষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন্নবী বলেন, শিক্ষকদের কাছে আমার কোন ডিমান্ড ছিল না। তারা গত বছরও অফিসের একটি রুম সংস্কার করে দিয়েছে। এইবার টিচাররা বলছে স্যার আপনাদের একটা রুম আমরা সংস্কার করে দেব। ওই হিসাবে টিচাররা করছে। আর রুম সংস্কারের কাজও আমি করিনি। সেটা টিচাররাই দপ্তরিদের মাধ্যমে করেছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি দেখেছি রুমের কিছু একটা কাজ করছে তারা। আমি ভেবেছি হয়তো হায়াতুন্নবী সাহেব তার নিজের টাকা দিয়েই কাজ করছে। শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। আর উনি টাকা চাইতে পারেন না, উনি কোনভাবেই টাকা কালেকশন করতে পারেন না। যদি এমন কিছু হয়ে থাকে অবশ্যই অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, টাকা দেয়া এবং নেয়া দুইটাই তো অপরাধ। এখানে শিক্ষকরা হয়তো টাকা দিয়েছে সুবিধা নেয়ার জন্য। আর কর্মকর্তা টাকা নিয়েছে সুবিধা দেয়ার জন্য। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিটাগাং কিংসের বিরুদ্ধে

চিটাগাং কিংসের বিরুদ্ধে ইয়েশা সাগরের অভিযোগ

চিটাগাং কিংসের বিরুদ্ধে ইয়েশা সাগরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রশ্নবিদ্ধ করেছে, যা এখনও রেশ রয়ে গেছে। চিটাগাং কিংসের হোস্ট ও কানাডিয়ান মডেল ইয়েশা সাগর বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন। তার দেশত্যাগ নিয়ে নানা গুঞ্জন ওঠে চিটাগাং কিংসকে জড়িয়ে। এবার ইয়েশা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইয়েশা সাগর লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। এদিকে, ১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল। একাধিকবার ফলোআপের পর, অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি।’

ইয়েশা আরও লিখেছেন, ‘যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি, তার কয়েক ঘণ্টা পর আমি একটি আইনি নোটিশ পাই। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদবোধ করিনি এবং কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখানে থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিই।’

আবারও বাংলাদেশে আসার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিকেটপ্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব।’

এর আগে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার সঙ্গে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। তাহলে চলে গেল কেন?’

সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগাং কিংসের ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান হোস্ট ইয়েশা সাগর ছিলেন তুমুল চর্চায়। ম্যাচের আগে-পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকতেন এই মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টারের। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প সময়েই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তাকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও কম উন্মাদনা ছিল না। ইয়েশার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ। ফলে হঠাৎই বিপিএলে তার অনুপস্থিতি আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রবিবার, ঢাকা আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

এ মামলার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময়ের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।”

নাসির উদ্দিন ২০২২ সালের ৬ জুলাই মামলাটি দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার পরিদর্শক মো. মনির হোসেন, আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন।

এজাহারে বলা হয়েছে, পরীমনি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে অ্যালকোহল পান করে এবং কখনো কখনো পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করায় সমস্যায় পড়েন। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমনি সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। বাদী নাসির উদ্দিন এবং তার সহযোগী শাহ শহিদুল আলম যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি নাসির উদ্দিনকে ডাকেন এবং কিছু সময় তার সঙ্গে বসার অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি নাসির উদ্দিনকে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।

বাদী রাজি না হলে, পরীমনি তাকে গালি দেন এবং একপর্যায়ে সারভিং গ্লাস ও মোবাইল ফোন নাসির উদ্দিনের দিকে ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথা ও বুকে আঘাত পান। পরীমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন এবং ভাঙচুর করেন।

এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।

তারেক রহমানের বিরুদ্ধে

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২টি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শাসনগাছা এলাকায় অবস্থিত বাদশা মিয়ার বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২০ নভেম্বর) অভিযানে ২টি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২০১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং পরিদর্শক জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

পরিবেশ সুরক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কুমিল্লা নিউমার্কেটে

কুমিল্লা নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

কুমিল্লা নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

শাহ ইমরান:

জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের কান্দিরপাড় নিউমার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) এ অভিযানে একটি দোকানকে একটি মামলায় ২০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জোবায়ের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

শাহ ইমরান:

কুমিল্লায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি বাহা উদ্দিন বাহার, তার মেয়ে সূচনাসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা, সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগের অন্যন্যরা রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা আন্দোলনকারী ছাত্র জনতার ওপর অতর্কিত হামলা চালান। মামলায় দাবি করেন, ৭, ৮ এবং ৩৬ নম্বর (আশিকুর রহমান জুয়েল, বাহার রেজা এবং রাজু) আসামিরা তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। যার ফলে তিনি মাথা, পেট ও হাতে গুরুতর আহত হন। এছাড়া, ২১, ২২ ও ৩১ নম্বর (গোলাম সরওয়ার শিপন,নাইমুল হক হিমেল ও হেলাল) আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন এবং অন্য আসামিরা লাঠি, ইট ও পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারী ছাত্র জনতার ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেন। মামলার বাদী আরো উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে এবং অন্যান্য আন্দোলনকারীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

জেলা প্রশাসক নিয়োগে ঘুস

জেলা প্রশাসক নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

জেলা প্রশাসক নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং বিতর্কিত যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে তারা এই দাবি তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে; তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তী সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কুকর্মকে কখনই মেনে নিতে পারি না।

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জানায়, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করছি।

প্রসঙ্গ, একটি জাতীয় পত্রিকায় আজ প্রকাশিত এক সংবাদ দাবি করা হয়, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর পরই আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

মাশরাফি বিন মোর্ত্তজার

মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা

মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিলেট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কেনার সময় ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

সারোয়ারের অভিযোগ, ২০২৩ সালে মাশরাফি ও তার সহযোগীরা মিলে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার জোরপূর্বক দখল করেন। শেয়ারের বিনিময়ে কোন অর্থ প্রদান না করেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মাশরাফির সঙ্গে সারোয়ারের পরিচয় হয় মামলার দুই নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। সারোয়ার যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ পেয়ে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কোম্পানি নিবন্ধন করেন, যেখানে তিনি ৬০ শতাংশ শেয়ারের মালিক এবং চেয়ারম্যান ছিলেন। বাকি ৪০ শতাংশ শেয়ারের মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মামলার তিন নম্বর আসামি ইমাম হাসান, যাকে মাশরাফির বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

২০২২ সালে ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’ বিসিবি থেকে তিন বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের স্বত্ব লাভ করে। ২০২৩ সালে মাশরাফির নেতৃত্বে নতুন ফ্র্যাঞ্চাইজিটি অসাধারণ পারফরম্যান্স করে এবং বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

তবে বিপিএল শেষ হওয়ার পরই ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সারোয়ারের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে মাশরাফির কার্যালয়ে ডেকে তাকে ভয় দেখিয়ে তার ৪ লাখ ৫০ হাজার শেয়ার অন্যদের নামে হস্তান্তর করা হয়। প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১০০ টাকা। এর আগে সারোয়ার নিজের ১৫ শতাংশ শেয়ার ১.৫ কোটি টাকায় টাইটেল স্পন্সর ‘এক্স সিরামিক্স’-এর কাছে বিক্রি করেছিলেন।

সারোয়ার আরও অভিযোগ করেন, তাকে ভয় দেখানোর জন্য ১০-১৫ জন যুবক এনে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। সেখানে মাশরাফি ও হেলাল বিন ইউসুফ অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখান। এমনকি তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবের কথাও বলা হয়। এই পরিস্থিতিতে তিনি প্রাণের ভয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য সাবেক উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, তিনজন প্রক্টর, কিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রাশিদুল ইসলাম শেখ।

অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই দুপুর ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। যখন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কাছে পৌঁছায়, তখন একদল সশস্ত্র সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।

মামলার অভিযোগ অনুযায়ী, এ হামলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং অধ্যাপক রাশিদুল ইসলাম শেখের নির্দেশে হয়। এজাহারে নাম উল্লেখ করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাদেরও হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন। অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।