Tag Archives: মুঠোফোনে প্রেম

মুঠোফোনে প্রেম,পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন

নোয়াখালী প্রতিনিধি:
দুই সন্তানের জননী গার্মেন্টেস কন্যা রেবা আক্তার সুমি (২৬)। মোবাইলে মো.রাসেল (২৮) নামে এক যুবকের সঙ্গে হয় প্রেম। একপর্যায়ে সুমি প্রেমিকের টানে হাজির হন প্রেমিকের বাড়িতে। এসে দেখেন প্রেমিক সম্পূর্ণ দৃষ্টিহীন। অতঃপর ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বিয়ের খবরে এলাকার লোকজন রাসেলদের বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিক দৃষ্টিহীন মো.রাসেল উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে গ্রামের বাসিন্দা। অন্যদিকে সুমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা।

রাসেলের বড় ভাই জামসেদ জানান, এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। গত শনিবার হঠাৎ সুমি তাদের বাড়ি এসে হাজির হন। রাসেল দৃষ্টিহীন, তার সংসার চালানোর সক্ষমতা নেই। এসব বলার পরও রাসেলকে বিয়ে করবে বলে সিদ্ধান্তে অটল থাকেন সুমি। পরে দু’জনকে নিয়ে আসা হয় হাতিয়া থানায়। থানা থেকে সুমির বাড়িতে যোগাযোগ করা হয়। কিন্তু তার বাবা-মা কেউ সাড়া দেননি। সবশেষ বৃহস্পতিবার দু’জনের সম্মতিতে বিয়ে হয়।

সুমি বলেন, তার দুটি সন্তান আছে। আগের স্বামী ট্রাকচালক। তার সঙ্গে দুই বছর আগে সম্পর্ক ছিন্ন হয়। এসব জেনেও রাসেল তাকে বিয়ে করবেন বলে জানান। রাসেল দৃষ্টিপ্রতিবন্ধী এটা আমি আগে জানতাম না। চোখে সমস্যা আছে বলে রাসেল আমাকে জানিয়েছেন। কিন্তু একেবারে দৃষ্টিহীন, এটা বলেননি। এখন যেহেতু চলে এসেছি, তাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বিয়ে করলাম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সুমির আগের স্বামীর সাথে কিছু দিন আগে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে গার্মেন্টেসে চাকরি করত। একপর্যায়ে মুঠোফোনে রাসেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ওসি আরও বলেন, সুমির দেওয়া ঠিকানা অনুযায়ী তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কেউ আসেননি। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

মুঠোফোনে প্রেম, প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দেখেন নিজের স্বামী

 

ডেস্ক রিপোর্টঃ

ওমান প্রবাসী যুবক জিহান ছুটিতে দেশে এসে বিয়ে করেন। বিয়ের দেড় মাস না যেতেই সংসারের স্বচ্ছলতা ফেরাতে আবার ওমানে পাড়ি জমান। এর ফলে স্ত্রী চলে যান তার বাবার বাড়িতে। দীর্ঘ দেড় বছর পরে জিহান দেশে ফিরতে চাইলে আপত্তি জানান স্ত্রী। এক সময় স্বামীর ফোন রিসিভ করা বন্ধ করে দেন। পরে প্রেমিক সেজে ‘রাজা’ নামে প্রেমে মেতে ওঠেন স্বামী (জিহান)। এভাবে মুঠোফোনে শুরু হয় প্রেম।

কাউকে না জানিয়ে দেশে ফিরে আদালতে স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন জিহান। এর পরে র‌্যাবের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর মিলন সেতু এলাকা থেকে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন ‘প্রেমিক রাজা’ নামের প্রবাসী স্বামী। গেল মঙ্গলবার বিকেলে (২ ডিসেম্বর) দেখা করতে আসা প্রেমিকা স্ত্রীকে ধরে ফেলে প্রেমিক (স্বামী)। এসময় দুজনের ধস্তাধস্তি ও টানা হেঁচড়ার সময় লোকজন জড়ো হয়। স্বামী-স্ত্রীর এই ঘটনাটি কেউ মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার হোমনা থানার মণিপুর গ্রামের জিহান মিয়া একই উপজেলার আয়েশা বেগমকে বিয়ে করেন। গেল ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র দেড় মাস পরে সংসারের স্বচ্ছলতা ফেরাতে জিহান পাড়ি জমান ওমানে। ফলে আয়েশা স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যায়।

এ সুবাদে প্রথমে ৮০ হাজার এবং পরে আরও ২ লাখ ৮০ হাজার টাকা ধার নেয়। এরপর থেকে জিহানের সাথে তার স্ত্রীর অমিল দেখা দেয়। দীর্ঘ দেড় বছর পরে দেশে ফিরতে চাইলে আপত্তি জানান স্ত্রী। ফলে এক সময় স্বামীর ফোন রিসিভ করাও বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে জিহান জানান, তার বাবা মায়ের আশকারা পেয়ে পরকীয়ায় মেতে ওঠে আয়েশা। পরে নিজের পরিচয় গোপন করে প্রেমিক সেজে ‘রাজা’ নামে আয়েশার সাথে প্রেম শুরু করি। প্রেমের সুবাদে ইমুতে সে নানা আপত্তিকর ছবি পাঠায়। তার বাবা ব্যবসার কারণে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করে। কিন্তু সে তার নানার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে আছে বলে জানায়।

এরই মধ্যে একদিন রাজাকে আয়েশা জানায়, তার আগে বিয়ে হয়েছিল। তাকে সে ডিভোর্স দিবে এবং রাজাকেই বিয়ে করবে। কথাটি শোনার পর থেকে মনে অনেক আঘাত পায়। পরে গেল ২৮ নভেম্বর কাউকে না জানিয়ে দেশে ফিরে আসে।

এর একদিন পর কুমিল্লা আদালতে স্ত্রীসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে জিহান। পরে র‌্যাবের পরামর্শ নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর সেতুর প্রান্ত ভৈরবের মানিকদী এলাকা থেকে আমার স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলি। তাকে নিয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পে গেলে আয়েশা ও আমার পরিবারের লোকজন মিলে মীমাংসা করে দেয়। জীবনের আর এমন হবে না বলে প্রতিশ্রুতি দেয় আয়েশা। পরে তাকে আমার বাড়িতে নিয়ে আসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়া প্রসঙ্গে জিহান বলেন, আসলে এমন হবে কোনোদিন ভাবিনি। দেরিতে হলেও আমার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে। আমরা পেছনের সব ভুলে সংসারে সুখী হতে চাই। তাই সবার প্রতি অনুরোধ যারা এই ভিডিওটি ফেসবুকে দিয়েছেন তারা ডিলিট করে দেবেন।