,

কুমিল্লায় ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা মহানগরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাদশা মিয়ার বাজার, কান্দিরপাড় ও নবাববাড়ি-চর্থা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আদা, রসুন, মুদি পণ্য, মাছ, মাংস, মুরগি ও শাকসবজির বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ভোজ্যতেল বেশি দামে বিক্রি, নকল ‘বাওমা’ কয়েল বিক্রি, পার্টি কেকের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের সিল বা স্টিকার না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে।

এসব অপরাধে ষোল আনা স্টোরকে ৩ হাজার টাকা, আজমত আলী স্টোরকে ২ হাজার টাকা, সুমন ক্র্যাকারি অ্যান্ড পেস্ট্রি শপকে ১০ হাজার টাকা এবং সদায় সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও সংশ্লিষ্ট মার্কেট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।