মনোহরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
কুমিল্লার মনোহরগঞ্জ থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর খালপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের কুতুব আলীর ছেলে মো. শিপন মিয়া (৩১) ও তার স্ত্রী রাহেলা আক্তার হাসি (২৬)।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে লক্ষ্ণপুর খালপাড় এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে স্বামী-স্ত্রীসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুক জানান, যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মাদকসহ মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
এই বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ১৫৭০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।










