দুর্নীতি আমাদের দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে : দুদক সচিব খোরশেদা ইয়াসমীন
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, দুর্নীতি আমাদের দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করছে। সেই কারণে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুদক আইন ২০০৪ এর আওতায় আমাদের যেসব কার্যক্রম চলছে সেখানে প্রতিকার ও প্রতিরোধমূলক কাজ রয়েছে। তিনি আরো বলেন, আস্তে আস্তে দুর্নীতির অভিযোগের সংখ্যা কমে আসছে। দুদক যে গণশুনানি করছে, এটির ইতিবাচক প্রভাব পড়ছে এবং এটির সুফলও পাওয়া যাচ্ছে। বুধবার (১২ জুন) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে। ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকরি করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন। এই সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি। দুর্নীতিবাজকে কেউ ভালোবাসে না। দুর্নীতিবাজদের সবাই অবজ্ঞা করছে। এই ধরনের কার্যক্রম আরও সাফল্যমণ্ডিত হবে বলে মনে করেন তিনি।

গণশুনানীতে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, দুর্নীতির প্রতিকারের পাশাপাশি এর প্রতিরোধও করতে হবে। অনুসন্ধান করে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করে দুদক দুর্নীতির প্রতিকার নিশ্চিত করছে। আর জেলা প্রশাসন নানামুখী পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে করে যাচ্ছে। যেমন- দুর্নীতি যেন না হয় সেজন্য প্রচার করা, জনগণের প্রাপ্য সেবা সম্পর্কে সিটিজেন চার্টার এর মাধ্যমে তাদের অবগত করা, নাগরিকদেরকে প্রদেয় বিভিন্ন সেবার মান উন্নত করা, অফিসে দুর্নীতি বিরোধী কর্মশালা আয়োজন, সেবা প্রত্যাশী নাগরিক এবং সেবা প্রদানকারী কর্মকর্তাদের মাঝে সম্পর্ক উন্নয়ন করা ইত্যাদি।
এসময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট অংশীজন।
গণশুনানিতে সেবাদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য, বিদ্যুৎ, দলিল নিবন্ধন, ভূমি, শিক্ষা, সমাজসেবা, রেলওয়ে, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পাসপোর্ট, বন বিভাগসহ বিভিন্ন অধিদপ্তরের সেবাগ্রহিতারা তাদের নানা ধরনের অভিযোগ তুলে ধরেন।










