রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২৬
news-image

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান।

তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরান পুরো নৌপথ বন্ধ না করে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সম্পর্কিত জাহাজের চলাচল সীমিত করার কৌশল গ্রহণ করেছে।

বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন করা হয়। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো দেশ থেকে সরাসরি হামলা না হলে ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। শনিবার দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

যুদ্ধের শুরুতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশ ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে ছিল সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান।

তেহরানের দাবি, এসব দেশে বা তাদের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই সেখানে হামলা চালানো হয়েছিল।

এছাড়া চলমান সংঘাতের প্রভাব পড়েছে ইরাক, জর্ডান, আজারবাইজান ও তুরস্কেও।