মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জোলানির মাথার বিনিময়ে ১ কোটি ডলারের পুরস্কার বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা, যাকে আবু মুহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত, নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোলানির মাথার ওপর যে ১ কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে। এই তথ্য আল জাজিরায় প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠক করতে দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধিরা। সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ।

লিফ বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ইতিবাচক বার্তা পাওয়া গেছে। এরপরেই জোলানির মাথার ওপর ১ কোটি ডলারের পুরস্কার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

এছাড়া, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জোর দিয়ে বলেন যে, সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি হয়ে না ওঠে।

এইচটিএসের নেতৃত্বে ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। মাত্র ১২ দিনের তীব্র আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এরপরেই সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করতে মার্কিন প্রতিনিধিদল সিরিয়ায় যায়।