,

নির্বাচনে অনিয়ম নিয়ে কথা বললেন কায়সার, সিইসির মতবিনিময় সভায় উত্তেজনা

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীদের মতবিনিময় সভায় এক মেয়র প্রার্থীর বক্তব্যের সময় উত্তেজনা সৃষ্টি হয়।

রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

দেখা যায়, কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও পূর্বের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে পেছন থেকে আওয়ামী লীগপন্থী কয়েকজন কাউন্সিলর উত্তেজিত হয়ে উঠেন। তারা এই স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে কথা বলতে থাকে। এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উত্তেজিত প্রার্থীদের শান্ত করেন। এরপর আবার বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।