,

অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। প্রচলিত আইনকানুন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী থাকবেই যারা ব্যক্তি স্বার্থে কাজ করে, যারা মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করতে চায়, আমরা সেসব মুখোশধারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি।

বৃহস্পতিবার নগরীর সদরঘাট এলাকা হাসনি ওয়েল মিলসংলগ্ন ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউল্লাহ, টিসিবি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাসহ চট্টগ্রামের টিসিবির ডিলাররা।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কোনোভাবেই যেন অসাধু ব্যবসায়ীরা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য সচেষ্ট আছি। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব এই রমজান মাসে সবাই একটু উদার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাহলে কিছুটা হলেও সাধারণ মানুষের কষ্ট দূর হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ৭ তারিখের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ১১ তারিখ মন্ত্রিসভা গঠন করেছেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য যেন মানুষের বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে থাকে। সেই লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে আমাদের কার্যক্রম আমরা করছি। শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, খাদ্য যেন সহজলভ্য হয়, ভোক্তারা যাতে তার অধিকার ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারে আমাদের ভোক্তা অধিদপ্তর ডিসি সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে কর্মকাণ্ড করে যাচ্ছে।