,

লালমাইয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলো, বরইয়া গ্রামের প্রবাসী সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) এবং জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)।

স্থানীরা জানায়, জুবায়ের ও আবদুর রহমান সকালে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দুইজনকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে দুইজনকেই পুকুরের ভাসতে দেখে স্বজনরা স্থানীয় বাগমারা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তাদের পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।