All posts by jitu

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হামাসের

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হামাসের

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপরেশেন আল-আকসা স্টর্ম’। শনিবার ভোর রাত থেকে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৫ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছেন হামাসের হাইকমান্ড।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) পক্ষে সেখানকার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত জানায়, এই হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুত আইডিএফ ইতোমধ্যে ময়দানে নেমেছে।

শনিবার দুপুরের আগে এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা মোহাম্মেদ দেইফ জানান, ‘আমরা অপারেশন আল-আকসা স্টর্ম শুরু করেছি। শনিবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকটে ছুড়েছি। ইসরায়েলকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।’

বেশ কিছু আততায়ী হামলা থেকে বেঁচে যাওয়া মোহাম্মেদ দেইফি গত কয়েক বছর ধরে কখনও জনসম্মুখে আসেন না, তিনি কোথায় থাকেন— তা ও জানে কেবল গোষ্ঠীর খুব গুরুত্বপূর্ণ সদস্যরা। শনিবার যে বিবৃতিটি প্রচার করা হয়েছে, সেটি ছিল তার রেকর্ডকৃত বক্তব্য।

গত কয়েক সপ্তাহ গাজা ও পশ্চিম তীর সীমান্তে ইসরায়েল- ফিলিস্তিন উত্তেজনা চলার পর শনিবারের এই রকেট হামলা শুরু করল হামাস।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার ভোররাতের দিকে হামাস রকেট হামলা শুরুর কিছুক্ষণ পরই দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করতে শুরু করে হামাসের যোদ্ধারা। এর আগে এমন কখনও দেখা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও স্বীকার করেছে যে বেশ কয়েক জন ‘সন্ত্রাসী’ ঢুকে পড়েছে ইসরায়েলের সীমানায়।

শনিবার ইসরায়েলের দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে রকেট হামলার সময় যে সাইরেন বেজে উঠেছিল গাজায়, তার শব্দ ওই ভূখণ্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে তেল আবিবেও শোনা যাচ্ছিল।

রকেট হামলায় দুই ইসরায়েলির আহতের সংবাদ পাওয়া গেছে। ইসরায়েলের সরকারি উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ৭০ বছরের এক বৃদ্ধা এবং ২০ বছরের এক তরুণ আহত হয়েছেন। বৃদ্ধার আঘাত গুরুতর।

মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়া এবং নিজ নিজ বাড়ি ও অ্যাপার্টমেন্টের ‘বোম্ব শেল্টারে’ আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাগেন ডেভিড অ্যাডম।

শনিবার ভোরে হামলা শুরু হওয়ার পর তাৎক্ষণিক এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ত এক বার্তায় বলেন, ‘আজ ভোরে রকেট হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করল হামাস, তা তাদের বিরাট একটি ভুল। আইডিএফ এই হামলার সমুচিত জবাব দেবে এবং এ যুদ্ধে ইসরায়েল জয়ী হবে।’

সূত্র : আল আরাবিয়া, টাইমস অব ইসরায়েল

চৌদ্দগ্রামে ডোবা থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলী আহম্মদ (৯০) নামে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মরহুম আকরাম আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহম্মদ গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার জামাতা তাজুল ইসলাম। শনিবার ভোরে পাশের বাড়ির এক নারী নিজগাছের সুপারি পাড়ার সময় বাছা মিয়ার ডোবার পাড়ে গেলে লাশটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমান বলেন, ‘সংবাদ পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।’

২ মার্কিন কূটনীতিককে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের পালটা প্রতিশোধ

২ মার্কিন কূটনীতিককে বহিষ্কার, যুক্তরাষ্ট্রের পালটা প্রতিশোধ

ডেস্ক রিপোর্ট:

দুই মার্কিনিকে মস্কো ছাড়ার নির্দেশ দেওয়ার পর এবার রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ রাশিয়ার বহিষ্কারের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার ওই কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।

ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও অবনতি হলো। খবর ব্লুমবার্গের।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ আছে এমন একজন সাবেক কনস্যুলার কর্মকর্তার সঙ্গে যোগাযোগের কারণে মার্কিন দুই কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আমাদের কূটনীতিকদের যে ধরনের হয়রানি করছে রাশিয়ান সরকার, তা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ্য করবে না।

এর পরই নাম প্রকাশ করা হয়নি, এমন দুই রুশ কূটনীতিককে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কূটনীতিক জেফ্রে সিলিন এবং ডেভিড বার্নস্টেইনকে রাশিয়া ছাড়তে বলা হয়।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মো: বেলায়েত হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে এবং চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে নয়টায় প্রতিদিনের মত দোকান বন্ধ করে চৌদ্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বেলায়েত হোসেন ভূঁইয়া বাবুল। প্রতিমধ্যে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে চন্ডিপুর এলাকায় ডলি রিসোর্টস এর উত্তর পাশে পৌঁছলে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় নিহতের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

মুরাদনগরে ঋণের কিস্তির টাকা না দেয়ার মামলায় মায়ের অপরাধে ৪ মাসের শিশু থানার হাজতে!

 

স্টাফ রিপোর্টার:
৪ মাসের বয়সী শিশু তোহা আক্তার। এই বয়সে পাপ তাকে স্পর্শ করতে পারেনি,বুঝেন না দুনিয়ার কোনো হিসাব-নিকাশ। তবুও নিয়তি তাকে এ বয়সেই পৌঁছে দিলো অন্ধকার হাজতে। অপরাধ না করেও থানার হাজতের ভিতরে রাত কাটাতে হয়েছে নিষ্পাপ তোহাকে। একই ঘটনায় স্ত্রীর অপরাধে ৪ ঘন্টা থানার হাজতে নিরপরাধ স্বামীকে আটকে রাখার অভিযোগ উঠেছে কুমিল্লা মুরাদনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিলের বিরুদ্ধে।

শুক্রবার ( ৬ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে স্থানীয়দের মাঝে।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমি আক্তার (২৬) তার ভাই দেলোয়ার হোসেনের এনজিওর ঋণের টাকার জিম্মাদার হয়। পরে সেই ঋণের কিস্তির টাকা দিতে না পারায় জিম্মাদার সুমি আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় সেই এনজিও কোম্পানি। তারই ধারাবাহিকতায় সুমি আক্তারের বিরুদ্ধে ওয়ারেন্ট আসে মুরাদনগর থানায়। শুক্রবার বিকেলে মুরাদনগর থানার এসআই আলমগীর ওয়ারেন্টভূক্ত আসামী সুমি আক্তারকে না পেয়ে তার অসুস্থ স্বামীকে থানায় নিয়ে এসে ৪ ঘন্টা হাজতে আটকে রাখে। বিষয়টি জানতে পেরে সুমি আক্তার কোলের শিশু তোহাকে নিয়ে থানায় হাজির হলে ছেড়ে দেয়া হয় তার স্বামীকে। এদিকে আইনজীবী ব্লাস্ট( কুমিল্লা শাখা) প্রবীণ আইনজীবী এডভোকেট সৈয়দ নুরু বলেন,একজনের অপরাধে অন্যজন সাজা দিতে পারে না,তবে শিশুদের জন্য আলাদা সেল থাকে,যদি পুলিশ হাজতে শিশুকে রাখে তাহলে এটা ঠিক হয়নি। স্বামী আব্দুল মোতালেব অভিযোগ করে বলেন, যদি কোন ধরনের অপরাধ করে থাকে সেটি আমার স্ত্রী করেছে। তার অপরাধে তো আর আমাকে অসুস্থ অবস্থায় ৪ ঘন্টা থানার হাজতে আটকে রাখতে পারেনা? আমার শিশু কন্যা তোহা কি অপরাধ করেছ, যে তাকেও সারারাত থানার হাজতের ভিতরে আটকে রাখতে হলো! পুলিশ চাইলে কি আমার স্ত্রী ও শিশু কন্যাকে থানার ভীকটিমদের রুমে রাখতে পারতো না? আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মুরাদনগর থানার এসআই আলমগীর বলেন, ওয়ারেন্ট তামিলের জন্য সুমি আক্তারের বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। এসময় তার স্বামীকে দেখে নেশাগ্রস্ত মনে হওয়ায় ওসি সাহেবকে জানালে তিনি তাকে থানায় নিয়ে আসতে বলেন। পরে তার স্ত্রী থানায় আসলে তাকে ছেড়ে দেয়া হয়। তাকে হাজতে রাখা হয়নি, একটি রুমে রাখা হয়েছিলো।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি সুমি আক্তার ও তার শিশু সন্তানকে থানার হাজতের ভিতরে রাখার বিষয়টি মিথ্যা।কারণ আমার থানায় কোন নারী সেল নেই। তাকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছে। অপরদিকে স্বামীকে তুলে এনে চার ঘন্টা আটকে রাখার বিষয়টিও মিথ্যা। এ ধরনের কোন ঘটনাই মুরাদনগর থানায় ঘটেনি।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস বলেন, বিষয় আমার জানা নেই। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,বিষয়টি আমরা দেখতে হবে,যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারদীয় দুর্গাপূজা ২০২৩: পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১ টায়   কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ আরআই
এ.বি. এম আব্দুল হালিম মিলনায়তনে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, আবহমান কাল ধরে অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত লাল সবুজের এই বাংলাদেশ। জাতির পিতার এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মংনেথোয়াই মারমা , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ ও জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ওপর নির্ভর করতে হবে : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ওপর নির্ভর করতে হবে : সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ওপর নির্ভর করতে হবে।

শনিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। নির্বাচনের প্রস্তুতি কতটা সাফল্য হয়েছে। কোনোরকম ঘাটতি রয়েছে কি না। সে বিষয়ে খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করবো।

কাজী হাবিবুল আউয়াল জানায়, আমরা বারবার করে বলেছি যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক বলতে আমরা জানি যে ভোটাররা ব্যাপক সংখ্যায় আসবে। এরকম বিষয়ে আপনাদের যে দায়িত্ব রয়েছে এবং নেই সেটাও আমরা পরিষ্কারভাবে জানাতে চেষ্টা করবো। আপনাদের যে দায়িত্ব থাকবে সেটা যেন প্রতিপালিত হয়, সে বিষয়ে আমাদের দিক থেকে দৃঢ় নির্দেশনা থাকবে।

সিইসি জানান, আমরা বারবার করে ব্যক্ত করেছি যে, আগামী সাধারণ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেই লক্ষ্যে আমাদের প্রয়াসের কোনো রকম ঘাটতি থাকবে না। আমাদের আন্তরিকতায় বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।

তিনি আরও জানান, আমাদের সরকারের সহায়তায়র ওপর নির্ভর করতে হবে। সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা সুদৃঢ় করে নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল কীভাবে উঠে আসবে সেটা নিয়েও আলোচনা করা হবে।

সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, সাবেক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

খুললো ঢাকার আকাশপথে সম্ভাবনার নতুন দুয়ার

খুললো ঢাকার আকাশপথে সম্ভাবনার নতুন দুয়ার

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন (সফট ওপেনিং) করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

এর আগে আজ সকাল ১০টার পর তিনি শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছেন।

এ সময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩-এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।

এরপর প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

২০২৪ সালের ডিসেম্বরে এই টার্মিনাল পুরোপুরি চালু হবে। নতুন এই টার্মিনালের নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরসহ অনেক বিখ্যাত স্থাপত্যের স্থপতি রোহানি বাহারিন। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং এই টার্মিনালের নির্মাণকাজ করছে।

এই প্রকল্পের মেয়াদ চার বছর হলেও নির্মাণ শুরুর তিন বছর ৯ মাসেই পুরোপুরি দৃশ্যমান হলো তৃতীয় টার্মিনাল।

এই প্রকল্পের ব্যয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে জাইকা দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা, সরকার দিচ্ছে পাঁচ হাজার ২৫৭ কোটি টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রা শুরু করে ১৯৮০ সালে। এত দিন দেশের প্রধান এই বিমানবন্দর দুটি টার্মিনাল নিয়ে চলছিল। এসব টার্মিনালে প্রতিদিন প্রায় ৩০টি এয়ারলাইনসের ১২০ থেকে ১৩০টি ফ্লাইট ওঠানামা করে।

এসব ফ্লাইটের ১৯ থেকে ২১ হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করে। এসব যাত্রীকে মানসম্মত সেবা দিতে বিমানবন্দরে বর্তমানে চালু থাকা কম আয়তনের দুটি টার্মিনাল যথেষ্ট নয়। এ কারণে মূল টার্মিনালের দক্ষিণ পাশে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি ও বেসরকারি অংশীদারিতে (পিপিপি) এই টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।
বেবিচক সূত্র বলছে, সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির বৈঠকে টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ জাপানকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত হতে আরো ছয় মাস সময় লাগতে পারে।

নতুন টার্মিনাল নির্মাণের পর সুইস এয়ার, এয়ার কানাডা, এয়ার ফ্রান্সসহ অন্তত ১৫টি নতুন বিদেশি এয়ারলাইনস এরই মধ্যে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

কানাডার স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা সম্পন্ন হলে কবির মরদেহ অন্টারিও’র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়।

কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় ৫ অক্টোবর ভোররাত তিনটার সময় কানাডার অশোয়া শহরের লে’ক রিজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নাল ইল্লা হি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তার একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরী’র সাথে থাকতেন। কবির জামাতা নাদিম ইকবাল জানান, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।