All posts by jitu

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানি ১ কোটি ডলার

স্পোর্টস ডেস্ক:

আগামীকাল ভারতে শুরু হওয়া ১৩তম ওয়ানডে বিশ্বকাপের বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে মোট ১৬ লাখ ডলার।
সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন না করা লিগ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার।

লিগ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার।

এবারের বিশ্বকাপে ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

শর্ত অনুযায়ী রিজার্ভ নেই, আইএমএফকে জানাল কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল চলতি বছরের জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে রাখা। তবে শর্ত অনুযায়ী সেই পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

বুধবার আইএমএফ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শর্ত পূরণের অগ্রগতি, সফলতা ও ব্যর্থতা তুলে ধরা হয়। বৈঠকে রিজার্ভের শর্ত পূরণে ব্যর্থতার কথাও জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানা যায়, আইএমএফের ঋণের যেসব শর্ত বাংলাদেশ ব্যাংকের পূরণ করার কথা, তার মধ্যে বেশির ভাগ শর্তই পূরণ হয়েছে। তবে যে পরিমাণ নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার শর্ত দেওয়া হয়েছিল, সেই পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ইতিমধ্যে আইএমএফের বেশকিছু শর্ত পূরণ করা হয়েছে। দুই একটি জায়গায় ব্যর্থতা আছে। রিজার্ভ কিছু কম আছে। রাজস্ব আহরণ কম হয়েছে। তবে অনেক কিছু বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশের কথা ছিল, কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করেছে।

বিপিএমসিক্স অনুযায়ী রিজার্ভ হিসাবায়ন করা হচ্ছে। এ ছাড়া মুদ্রার বাজার-নির্ধারিত বিনিময় হার প্রবর্তন করা হয়েছে। সুদহারের নতুন নিয়ম চালু করা হয়েছে। তাদের দেওয়া যেসব শর্ত অর্জন হয়েছে তা জানিয়েছি আর যেগুলো অর্জন হয়নি সেগুলো কেন হয়নি তাও জানানো হয়েছে। শর্ত পূরণ ও ব্যর্থতা নিয়ে আইএমএফের পক্ষ থেকে কী বলা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ বৈঠক শুরু হয়েছে। তারা (আইএমএফ) বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে বসে আলোচনা করবে। প্রথম তথ্য নিচ্ছে তারপর আবার বৈঠক করবে। আগামী ১৯ অক্টোবর শেষ মিটিং। সেখানে তাদের মতামত জানাবে, আমরাও আমাদের বিষয়গুলো জানাব।

আইএমএফ-এর শর্তের মধ্যে অন্যতম ছিল জুনে প্রকৃত রিজার্ভ ২ হাজার ৪৪৬ কোটি ডলার রাখা, সেপ্টেম্বরে তা ২ হাজার ৫৩০ কোটি ডলার এবং ডিসেম্বরে ২ হাজার ৬৮০ কোটি ডলারে রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত জুনে দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ (ব্যাল্যান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) অনুযায়ী জুনে রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট রিজার্ভ আছে ২ হাজার ৭০৫ কোটি ডলার আর বিপিএম ৬ অনুযায়ী আছে ২ হাজার ১১৫ কোটি ডলার।

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’

দিল্লি কি আপনাদেরকে বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

তলে তলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকালের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, দিল্লি আছে, আমরাও আছি, আমরা আছি দিল্লিও আছে? কী বুঝাতে চাইছেন? দিল্লিকে আপনাদের জানিয়েছে যে এভাবে অপকর্ম করতে থাকো? দিল্লি কি বলে দিয়েছে দরকার নাই নির্বাচনের? দিল্লি কি বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও? তাহলে পরিষ্কার করে বলেন?

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এত বেশি পা চাটা হয়ে গেছে যে, তাদের সাধারণ সম্পাদক বলছেন ভয় নাই, ও রে ভয় নাই। তলে তলে আপস হয়ে গেছে। তাহলে স্বীকার করলেন এত দিনে আপস ছিল না। আসলে আপনাদের মতো এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে খুঁজে পাবেন না। এর আগে তাদের পররাষ্টমন্ত্রী বলেছিল, আলোচনা হয়েছে। আসলে কোনো আলোচনা হয়নি। বলেছে বৈঠক হয়েছে। আসলে কোনো বৈঠকও হয়নি। ছবি তোলার জন্য কত লবিং করেছে সেটা আমরা সবাই জানি।

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পেশাজীবী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রং হেডেড পারসন (শেখ হাসিনা) অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তাদের কোনো বৈধতা নেই। তাদের যেমন দেশের মানুষ বিশ্বাস করে না, গণতান্ত্রিক বিশ্বের মানুষও বলে দিয়েছে তোমাদের আমরা আর বিশ্বাস করি না। যেসব দেশ সারাবিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চায়, তারা স্পষ্ট করে বলে দিয়েছে ২০১৪ সালে নির্বাচন হয়নি, ২০১৮ সালেও কোনো নির্বাচন হয়নি। এবারও তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তাদের অধীনের নির্বাচন কখনো বৈধতা দেওয়া হবে না।

লন্ডনে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তার কথা এত করুচিপূর্ণ, যা নিন্দা জানানোর ভাষা নেই। তবে তিনি তার বক্তব্যে কয়েকটি সত্য কথা বলে দিয়েছেন। তা হলো- এদেশে যা কিছু ঘটে তা শেখ হাসিনার ইঙ্গিতে ঘটে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার স্বীকারোক্তিতে তা প্রমাণিত হয়ে গেছে। এতে স্পষ্ট প্রমাণ হয়েছে, এদেশে বিচার বিভাগের কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনার সিদ্ধান্তই হলো সিদ্ধান্ত। এখন শেখ হাসিনা নিজেকে নিজে সম্রাট ঘোষণা দিলে পারেন।

তিনি বলেন, বিএনপি দুই বছর ধরে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। এবার শান্তিপূর্ণ আন্দোলনে কেউ আঘাত করলে বিএনপি প্রত্যাঘাত করবে না এমনটা নয়।

মির্জা ফখরুল বলেন, অতীতের মতো সরকার আবারও একতরফা নির্বাচনের জন্য একটা বাগান সাজিয়েছে। কিন্তু এবার জনগণ ও বিশ্ব সম্প্রদায় এতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জাতি আজ একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি প্রমুখ এতে বক্তৃতা করেন।

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক:

আগেই নাম ফাঁস হওয়া দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানীই এ বছর রসায়নে নোবেল পেয়েছেন। তারা হলেন মউঙ্গি জ বাভেন্দি, লুই ই ব্রুস এবং আলেক্সি আই একিমভ।

কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ তারা এই পুরস্কার পেয়েছেন।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় স্টকহোমে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এই নোবেল বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গিয়েছিল। মূলত রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের ভুলের কারণে নামগুলো আগে ফাঁস হয়। সংস্থাটি সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম আফটোনব্লাডেটের কাছে একটি ইমেইলে জানায় ওই তিনজনকে এ বছর রসায়নে নোবেল দেওয়া হবে।

তাছাড়া ওই ইমেইলে পুরস্কার দেওয়ার কারণও উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘কোয়ান্টাম ডটস, ন্যানোপার্টিকেলস আবিষ্কার এবং উন্নয়নকে পুরস্কৃত করছে ২০২৩ রসায়ন নোবেল পুরস্কার। যেটি এতটাই ছোট যে এগুলোর আকার নিজস্ব বৈশিষ্ট নির্ধারণ করে।’

তবে নাম ফাঁস হওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন রসায়ন নোবেল পুরস্কার কমিটির প্রধান জোহান আকভিস্ট। তিনি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তখন বলেছিলেন, ‘এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।’

কিন্তু ফাঁস হওয়া তথ্যই এখন সঠিক হলো।

প্রবল পানির চাপে খোলা হলো তিস্তা ব্যারাজের ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ শুরু করেছে। চরের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।

তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর ও গোকুণ্ডা এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা পাড়ে রেড এলার্ট শুনে তিস্তা চরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। অনেকে বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে মানুষকে সচেতন করতে বলেছি। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ড্রেস

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ড্রেস

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী’র অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন স্কুল ড্রেস।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ, তাদেরকে সম্পদে পরিনত করতে হবে। আজকে এখানে উপস্থিত শিশুরা অনেক মেধাবী। এই শিশুরা ছবি একে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহন করেছে। তাদের সুপ্ত প্রতিভার গুন রয়েছে। এ বিশেষ প্রকৃতির শিক্ষার্থীদের যারা গাইড দেয় সে সকল শিক্ষকদের ধন্যবাদ। বিদ্যালয়টির জন্য স্থায়ী জমির প্রয়োজন। চাঁদপুর সদরের কাছাকাছি স্থানে কোন জমি থাকলে দেওয়া যেতে পারে। চাঁদপুর সদর ইউএনও ও সদর এসিল্যান্ড একটি উপযুক্ত জায়গা দিতে পারবেন আমি আশা করছি। আপনারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মনে করিয়ে দিবেন জায়গার বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তনয়া পুতুল বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য কাজ করছেন। আজকে যিনি স্কুল ড্রেস দিয়েছেন সাংবাদিক সোহেল রুশদী সাহেবকে অনেক অভিনন্দন ও ধন্যবাদ। যাদের স্কুল ড্রেস নাই, তিনি তাদের ড্রেস দিয়েছেন। সাংবাদিক সোহেল রুশদীকে অনুসরণ করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারে। সরকারে পক্ষ থেকে যদি কোন সুযোগ সুবিধা আসে, তাহলে আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সহায়তা প্রদান করার চেষ্টা করবো।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিচিত্রা সাহার পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। তিনি বক্তব্যে বলেন, তাদের এখন আর প্রতিবন্ধী বলা হয় না, তারা স্পেশাল চাইল্ড। সবাই স্পেশাল চাইল্ড। আজকে যারা আমাদের সামনে বসে আছে সবাই স্পেশাল। এ স্পেশাল শিশুরাও আমাদের দেশের সম্পদ। আমি আশা করছি এ বিদ্যালয়টির নাম পরিবর্তন করে করে স্পেশাল চাইল্ড স্কুল করবে। আজকে যিনি ড্রেস দিচ্ছেন, এটা ওনার একটা মানবিক কাজ ও মহৎ কাজ। আমি উপজেলা প্রশাসন থেকে এ বিদ্যালয়ের জন্য সহযোগিতা করার চেষ্টা করবো। বিদ্যালয়ের জন্য ১৫ শতক ভূমি বরাদ্দের বিষয়ে সর্বোচ্চ চেস্টা করবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আমি এ বিদ্যালয়টির শিক্ষার্থীদের স্কুৃল ড্রেস দিচ্ছি। আমি অনুভব করছি, তাদের ড্রেস লাগবে, তাই এখানেও ড্রেস দিয়েছি। এ বিদ্যালয়টি চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ইসমাইল তপাদার কাঞ্চন সাহেব প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রধান দাবি ছিল জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিদ্যালয়টির জন্য ১৫ শতক ভূমি। আমি এ ব্যাপারে সদর ইউএনও এবং সদর এসিল্যান্ড মহোদয়েরর সু-দৃষ্টি কামনা করছি। উনাদের কাছে যে কোন বিষয় নিয়ে গেলে দ্রুত সমাধানের চেষ্টা করে। বিদ্যালয়টি সংস্কারে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করছে। আমাদের ডিসি মহোদয়ও বিদ্যালয়টিকে সার্বিক সহযোগিতা করছেন।

তিনি বলেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর ররহমান মহোদয় খুবই মানবিক মানুষ। তিনি জনগণের সেবায় কাজ করছে। জনপ্রশাসন এখন জনবান্ধবে তৈরি হয়েছে। এজন্য ওনাদের জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। তারা অনেক মেধাবী, তারা আমাদের কাছে বোঝা নয়, সম্পদ। তারা ছবি আঁকা, খেলাধূলা সব কিছুতেই মেধাবী। আমাদের এখানে প্রচুর সার্পোট দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সুবিধা সম্পন্ন শিশুদের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিকদের নিয়ে কাজ করছেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক সহ শিক্ষকবৃন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সুইচ বাংলাদেশের মহাসচিব অভিভাবক বীর মুক্তযোদ্ধা মজিবুর রহমান, সুইচ বাংলাদেশ চাঁদপুর শাখার সদস্য সাহিদুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সানাউল্ল্যাহ খান, অভিভাবক আয়শা বানু।

অনুষ্ঠানে এ পর্যায়ে মোট ২৫ জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্য অতিথি গণকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক সহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা আরশেদা আক্তার, সিনিয়র সহকারি শিক্ষিকা বীনা মজুমদার, সিনিয়র সহকারি শিক্ষিকা বিচিত্রা সাহা, সহকারি শিক্ষিকা মোঃ মোরশেদ আলম খান, শিক্ষা সহকারি ছায়েরা বেগম, শিক্ষা সহকারি মোঃ শাসছুদ্দিন, শিক্ষা সহকারী নাছির প্রধানিয়া, অভিভাবক বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষাথী ও সাংবাদিকসহ অন্যান্যরা।

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকালে আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, দুই সেলফিতে বাজিমাত হয়ে গেছে। আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে। দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারো সঙ্গে শত্রুতা নেই।

তিনি আরও জানায়, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতির পরোয়া করে না। বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময়েই হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড পাবে। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলার নিষ্পত্তি হয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

ওবায়দুল কাদের দেশের জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই।