Tag Archives: মিয়ামি

মেসির গোলে ড্র

মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি

মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল মিয়ামি

ডেস্ক রিপোর্ট:

ইনজুরি কাটিয়ে আগের ম্যাচেই ইন্টার মিয়ামিতে ফিরেছিলেন লিওনেল মেসি। দুই মাস পর মাঠে নামলেও মেসি খুব একটা ভালো করতে পারেননি। নিউইয়র্ক এফসির বিপক্ষে ওই ম্যাচে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে মিয়ামিও জয় পায়নি। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

আজ রোববার ইনজুরি থেকে ফেরার পর দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মেসি। তবে শার্লট এফসির বিপক্ষে এই ম্যাচেও জয়ের মুখ দেখেনি মিয়ামি। মেসির গোলটি মূলত সমতাসূচক ছিল। যদিও তারা জিততে পারেনি, তবুও মেসির গোলে মিয়ামি হার এড়াতে সক্ষম হয়েছে। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।

এই ড্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল মিয়ামি। এর আগে, ১৭ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় ছিল।

রোববার ঘরের মাঠে ৫৭ মিনিটে গোল হজম করে মিয়ামি। শার্লটের হয়ে গোল করেন কারোল সুইডারস্কি। ১০ মিনিট পর মেসি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক লেজার শটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান। এটি চলতি মৌসুমে মিয়ামির হয়ে মেসির ১৫তম গোল।

৭৫ মিনিটে মিয়ামি একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল। শার্লটের আদিলসন মালান্দা বক্সের ভেতরে ফাউল করে হলুদ কার্ড দেখেন। কিন্তু ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টি বাতিল করেন।

এই ম্যাচে শার্লটের গোলরক্ষক কাহলিনা মেসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। তিনি ৭টি সেভ করেন, যার মধ্যে কয়েকটি শট গোল হওয়ার মতো ছিল। অন্যদিকে, মিয়ামির গোলরক্ষক ড্রেক কেলেন্ডারকে তেমন কোনো বড় ঝুঁকি নিতে হয়নি, তিনি মাত্র ২টি সেভ করেছেন।

শেষ পর্যন্ত দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।

৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিয়ামি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি সিনসিনাটি।

মিয়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচে হার মেসির

মিয়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচে হার মেসির

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। পেরুর বিপক্ষে ম্যাচে করেছিলেন জোড়া গোল। অনেকেই মনে করেছিলেন ইন্টার মায়ামিতে ফিরলে হয়তো তাদের ভাগ্য বদলাতে পারবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী।

আন্তর্জাতিক বিরতি শেষে দলের সঙ্গে যোগ দিয়েও মায়ামির ভাগ্য পরিবর্তন করতে পারলেন না মেসি। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও তার সঙ্গে গোল করতে ব্যর্থ পুরো দল। অথচ আগের ম্যাচেই মেসিকে ছাড়া একই দলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল মায়ামি।

রোববার (২২ অক্টোবর) ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটিতে ১-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন মেসি-আলবারা।

দলের হয়ে একমাত্র গোলটি করেন কারউইন ভার্গাস। এ হারের মধ্য দিয়ে এমএলএসের চলতি মৌসুমের ইতি ঘটল। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে থেকে মৌসুম শেষ করতে হলো মায়ামিকে। অথচ ২০২২ মৌসুমে মায়ামি তাদের মৌসুম শেষ করেছিল টেবিলের ষষ্ঠ স্থানে থেকে।

গত সেপ্টেম্বরের সবশেষ জয়ের মুখ দেখেছিল মায়ামি। এর পর শুধু ড্র আর হার সঙ্গী মেসির দলের। অথচ এদিন পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে মায়ামি। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা।

সমানে সমানে লড়াই হওয়া ম্যাচের ১৩ মিনিটেই ভাগ্য গড়ে দেন কলম্বিয়ান উইঙ্গার কারউইন ভার্গাস। পোল্যান্ডের রাইট উইঙ্গার কামিল জোজুইকের পাস থেকে গোল করেন এই কলম্বিয়ান। চলতি মৌসুমে লিগে ২৯ ম্যাচ খেলে ৪ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার।

মায়ামির হার ঠেকাতে মেসি জোর চেষ্টা চালিয়েছেন, কিন্তু তা খুব একটা কাজে লাগেনি। তিনি ফ্রি-কিক থেকে ‘ট্রেডমার্ক’ গোল পেয়েই যাচ্ছিলেন কিন্তু শার্লটের গোলরক্ষকের হাতে লেগে পোস্টে বাধা পেলে হতাশ হতে হয় দলকে।

এই হারে ৩৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে মেসিদের অবস্থান ১৪ নম্বরে। আশা ছিল মেসিকে ফিরিয়ে হয়ত প্লেঅফ খেলার সুযোগ তৈরি করতে পারবে তারা। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে নিয়েও ভাগ্যের চাকা ঘুরাতে পারল না এমএলএসের দলটি। সব মিলিয়ে লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে লিওনেল মেসির দল।