All posts by jitu

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতার ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর ইউনিয়নের লালারপোল রাস্তার মাথায় অবস্থিত ট্রাক হোটেল জোনাকী-২-এ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় হোটেলটির দারোয়ান রাজু আহম্মেদ (২০) কে হাতেনাতে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাক হোটেল জোনাকী-২ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিকাপুর ইউনিয়ন সহ সভাপতি আরিফুর রহমান-এর মালিকানাধীন।

মাদক উদ্ধারের ঘটনায় হোটেলটির মালিকানা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘ক’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেল তল্লাশি চালিয়ে দারোয়ান রাজু আহম্মেদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমা বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জোনাকী-২ হোটেলের দারোয়ান রাজু আহম্মেদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলেও মূলত হোটেলের কর্মচারী বা দারোয়ানরাই আটক হচ্ছে। হোটেলের মালিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুর রহমান বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

স্থানীয়রা আরও দাবি করেছেন, আরিফুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে পুরো এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা প্রশ্ন তুলেছেন—একই হোটেলে একাধিকবার অভিযান, ইয়াবা উদ্ধার ও আটক হলেও মালিক কেন বারবার দায়মুক্ত থাকছেন?

এলাকাবাসীর ভাষায়, ছোট কর্মচারী ধরা পড়বে, মামলা হবে কিন্তু প্রভাবশালীরা থেকে যাবে আড়ালে। এভাবে মাদক নির্মূল হবে না। আমরা চাই আইনের চোখে সবাই সমান হোক।

এ ঘটনায় আটককৃত দারোয়ান রাজু আহম্মেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লায় জমা রাখা হয়েছে।

দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ইউএনও ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকার ডেমরায় তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহজাহান মাস্টার জাগো নিউজকে বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়ির জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তার আগে তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

কুমিল্লার কালির বাজার ইউনিয়নে ২ শত শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের কালির বাজার ইউনিয়নে ২ শত শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে কালির বাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদরের সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সি আই পি নুরুল ইসলাম।

কুমিল্লা ট্রমা সেন্টারের মালিক ডা. আব্দুল হকের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ ও আয়কর ফাঁকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও কুমিল্লা ট্রমা সেন্টারের মালিক ডা. মো. আব্দুল হকের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও আয়কর ফাঁকির গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগে বলা হয়, সরকারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনকালে ডা. আব্দুল হক বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন। অভিযোগ অনুযায়ী, তিনি কুমিল্লা শহরে দুটি ট্রমা সেন্টার ও একটি জেনারেল হাসপাতাল নির্মাণ ও পরিচালনা করছেন। এছাড়া কুমিল্লা সদর উপজেলার ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ রোডে তার মালিকানায় সাততলা একটি ভবন রয়েছে। এসব প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শত কোটি টাকার ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডা. আব্দুল হকের অন্যতম ব্যবসায়িক অংশীদার ইউসুফ চৌধুরী বাবুল, যিনি সাবেক সরকারি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ইউসুফ চৌধুরী বাবুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও আয়কর ফাঁকির অভিযোগে বর্তমানে দুদক কুমিল্লা কার্যালয়ে তদন্ত চলছে। অভিযোগকারীদের দাবি, ওই তদন্তে ডা. আব্দুল হকের নামে কোটি কোটি টাকা ব্যয়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের তথ্য উঠে এসেছে। পারিবারিক সম্পর্কের দিক থেকেও ইউসুফ চৌধুরী বাবুল ডা. আব্দুল হকের ভগ্নিপতি।

অভিযোগে আরও বলা হয়, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তারা দুজনই দুর্নীতিলব্ধ অর্থ ব্যবহার করে শেয়ার ও বিভিন্ন খাতে শত শত কোটি টাকার ব্যবসা পরিচালনা করেছেন। একজন সরকারি চিকিৎসকের পক্ষে এ ধরনের বেসরকারি হাসপাতাল ও বৃহৎ ব্যবসার মালিক হওয়া স্বাভাবিক নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আয়কর সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগও রয়েছে। ডা. আব্দুল হকের ঘোষিত আয়ের সঙ্গে তার বিপুল সম্পদের কোনো সামঞ্জস্য নেই বলে অভিযোগকারীদের দাবি। অবৈধ আয় বিভিন্ন কৌশলে বৈধ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ কারণে তার আয়কর নথি ও সম্পদের উৎস যাচাই করে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, ডা. আব্দুল হকের মালিকানাধীন কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালের ভবন নির্মাণ নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। কুমিল্লা সিটি করপোরেশনের শর্ত অমান্য করে নির্মিত ওই ভবনের অবৈধ অংশ অপসারণে একাধিকবার নোটিশ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৬ সালের ৩১ আগস্ট কুমিল্লা ট্রমা সেন্টারের ১৫ তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়। তবে অনুমোদিত নকশা ও শর্ত উপেক্ষা করে ভবন নির্মাণ করা হয়। এ বিষয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর প্রথম নোটিশ এবং ২০১৯ সালে দ্বিতীয় ও তৃতীয় নোটিশ দেওয়া হলেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

সবশেষ গত বছরের ২১ মে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়ার স্বাক্ষরে চূড়ান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়, অনুমোদিত নকশা অনুযায়ী সেটব্যাক ও সীমানা বিধি মানা হয়নি এবং ভবনের আকার-আকৃতিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ অপসারণ না করলে নকশা অনুমোদন বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

তবে সরেজমিনে দেখা গেছে, ট্রমা সেন্টারের দুটি ভবন এখনও আগের মতোই অক্ষত রয়েছে। ভবনের কোনো অংশ অপসারণের চিহ্ন পাওয়া যায়নি। হাসপাতালের সামনে অবৈধভাবে যানবাহন পার্কিং করায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নোটিশ পাওয়ার পর সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ময়লা ফেলার জেরে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার কে হত্যা করে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় ভারতে পালানোর সময় সীমান্ত এলাকা থেকে বিজিবির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামী মো. সাইদুর রহমান (২৪), ২ নং আসামী শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) ও ৪ নং আসামী শাহারিয়ার নাজিম জয় (১৯)। তাদের মধ্যে সাইদুর রহমান ও সিয়াম জগতপুর (নাগরবাড়ি), বুড়িচং উপজেলার বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে।

এ তথ্যের পর তিনি নিজে এবং বুড়িচং থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন। পরে সুলতানপুর ব্যাটালিয়নের সহযোগিতায় ভারতে পালানোর আগ মুহূর্তে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়।

তিনি আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি রয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে ডায়পার ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ফাহিমা আক্তার আঁখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার ২য় দিন বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স সমন্বয়ক মোঃ নুরুল আমিন।

এতে প্রধান মেহমান ছিলেন কোর্স উপদেষ্টা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক মেহেদী মাহমুদ আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফফাত আলী, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গোলজার আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো মোহর আলী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকর সদস্য আনিছুর রহমান প্রমুখ।

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ওয়্যারলেস মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ অন্য যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরি হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইনটারনাল ইনজুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন সেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার:

কনকনে শীতের রাত। কুমিল্লা নগরীর রাস্তাঘাট তখন প্রায় জনশূন্য। কোথাও ফুটপাতের পাশে, কোথাও বাসস্ট্যান্ডের কোণে, আবার কোথাও রেললাইনের ধারে খোলা আকাশের নিচে শুয়ে আছেন অসহায় মানুষগুলো। শীতের তীব্রতায় কাঁপছে শরীর, কিন্তু নেই গায়ে দেওয়ার মতো উষ্ণ কাপড়। এমন রাতেই মানবিকতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সংগঠনের স্বেচ্ছাসেবীরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ছুটে যান। হাতে হাতে কম্বল নিয়ে তারা পৌঁছে যান শীতার্ত, ভাসমান ও ছিন্নমূল মানুষের কাছে। ফুটপাত, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সংলগ্ন এলাকা ও অলিগলিতে একে একে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।

কম্বল পেয়ে অসহায় মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। কেউ কেউ আবেগ ধরে রাখতে পারেননি। তারা বলেন, রাতে শীতে ঘুমানো কষ্টকর হয়ে যায়। এমন সময়ে এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়।

এদিকে, কনকনে শীত। ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডায় কাঁপছে জনপদ। এমন শীতের দিনে সবচেয়ে বেশি কষ্টে থাকে মাদরাসায় অধ্যয়নরত দরিদ্র ও এতিম শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি শীতের সঙ্গে লড়াই করাই যেন তাদের নিত্যদিনের বাস্তবতা। এই বাস্তবতায় মানবিকতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বাংলাদেশ।

সংগঠনের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। একটি কম্বল হাতে পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি আর আনন্দ।

মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া এই কার্যক্রমের মাধ্যমে দুর্বার বাংলাদেশ আবারও প্রমাণ করেছে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

দুর্বার বাংলাদেশ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতা উল্লাহ বলেন, “রাতের শীত যে কতটা কষ্টদায়ক হতে পারে, তা শুধু যে অভিজ্ঞরা জানে তা নয়, যে মানুষরা দিনভর পরিশ্রম করে শেষ রাতে ঘুমোতে বসে, তারাও অনুভব করে। তাই ‘দুর্বার বাংলাদেশ’ সংগঠনের পক্ষে থেকে আমরা আজ এখানে এসেছি, আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। এই কম্বল বিতরণ আমাদের শুধু শীত নিবারণের একটি প্রয়াস নয়, এটি মানবিক সহমর্মিতার একটি প্রতীক। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ যেন স্নেহ, সহানুভূতি এবং একাত্মতার বন্ধনে আবদ্ধ থাকে। আমরা জানি, এই ছোট্ট প্রচেষ্টা তাদের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একটি মানবিক ও উজ্জ্বল আগামী গড়ে তুলতে পারবো।”

দুর্বার বাংলাদেশ সংগঠনের সভাপতি মঈন নাসের খাঁন রাফি বলেন,“শীতের রাতটাই সবচেয়ে কঠিন সময়। বিশেষ করে অসহায় মানুষ আর মাদ্রাসা শিক্ষার্থীরা তখন সবচেয়ে বেশি কষ্টে থাকে। সেই কষ্ট একটু হলেও লাঘব করতেই গভীর রাতে আমরা মাঠে নেমেছি। দুর্বার বাংলাদেশ সবসময় মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থাকতে চায়।”

তিনি আরও বলেন, “একটি কম্বল হয়তো আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু শীতার্ত একজন মানুষের জন্য এটি বেঁচে থাকার শক্তি। অসহায় মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতে যেন পড়াশোনা ও জীবনযাপন ব্যাহত না হয়—এই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। শীতকালজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

দুর্বার বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত বলেন, “এই শীতের রাতে কেউ যেন কষ্টে না থাকে এই ভাবনাই আমাদের সংগঠনের ভলেন্টিয়ার ভাইরা মাঠে নেমেছে অসহায়দের আত্ননাত দেখে। খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কাঁপা শরীর আমাদের নাড়া দিয়েছে। একটি কম্বল হয়তো সামান্য, কিন্তু তাদের কাছে এটাই আজ সবচেয়ে বড় আশ্রয়। মানুষের পাশে থাকাই দুর্বার বাংলাদেশের শক্তি ও অঙ্গীকার।”

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং এ নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মো. দুলাল (৩৮)কে গ্রেফতার করে। সে বুড়িচং পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র।

র‌্যাবের সূএ জানায়, গত ৭ জানুয়ারি সকাল ১১টায় কুমিল্লার বুড়িচং পূর্ণমতি গ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে লিজা আক্তার (২৮)কে হত্যা করা হয়। গ্রফতারত আসামি মো. দুলাল (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা থেকে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মো. দুলাল ভিকটিম লিজা আক্তারের নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জের ধরে আসামি তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে আসামি ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আন্ত: কলেজ এ্যাথলোটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হয়।

বুধবার (১৪ জানুয়ারী) সকালে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) এবং ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ আব্দুল কাদির,সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া ।

উক্ত প্রতিযোগীতায় কুমিল্লা শিক্ষাবোর্ড আওতাধীন ২৫ টি কলেজের ৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আদর্শ ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হলো আমাদের বড় চাওয়া। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখতে হবে। তাহলেই দেশ ও সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।